১১ দলীয় ঐক্যের মনোনীত সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার দৌলতপুরের বাড়িতে আগুন দেওয়ার ঘটনায় সংসদ সদস্যদের নিরাপত্তা নিয়ে

‘এমপির বাড়িতে আগুন লাগানোর পরও কি আইনশৃঙ্খলার অবনতি বলা যাবে না?’

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১২ নভেম্বর ২০২৬, বিকাল ৬:৭ সময় , আপডেট সময় : ১২ নভেম্বর ২০২৬, বিকাল ৬:৭ সময়

১১ দলীয় ঐক্যের মনোনীত সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার দৌলতপুরের বাড়িতে আগুন দেওয়ার ঘটনায় সংসদ সদস্যদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম। একই সঙ্গে সংসদ সদস্যের বাড়িতে আগুন দেওয়ার পরও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে কি না, সেই প্রশ্ন তুলেছেন তিনি। বৃহস্পতিবার (১২ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের শুরুতে প্রশ্নোত্তর পর্ব শুরুর আগে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে এসব কথা বলেন নাহিদ ইসলাম। সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।


নাহিদ ইসলাম জানান, নুসরাত তাবাসসুমের বাড়িতে চারটি পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন দেওয়া হয়েছে। এতে বাড়ির গবাদিপশু মারা গেছে। ঘটনার পর রাত থেকেই তাঁরা বিভিন্নজনের সঙ্গে যোগাযোগ করছেন। তবে সংশ্লিষ্ট থানার ওসি দাবি করেছেন, ঘটনাস্থলে পেট্রোল বোমার কোনো আলামত পাওয়া যায়নি। নাহিদ বলেন, তিনি নিজে পুলিশ সুপারের সঙ্গে কথা বলেছেন। কিন্তু দুপুর পর্যন্ত ঘটনাস্থলে কোনো ফরেনসিক দল যায়নি। ফরেনসিক তদন্ত না করেই কীভাবে ওসি বলতে পারেন যে সেখানে বোমা নিক্ষেপ করা হয়নি—এ নিয়ে প্রশ্ন তোলেন তিনি।


এ ছাড়া গত পরশু মৌলভীবাজারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসিব আল ইসলামের ওপর হামলার ঘটনাও তুলে ধরেন নাহিদ ইসলাম। তিনি বলেন, ঘটনার ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি। একই সঙ্গে সারা দেশে পেট্রোল বোমা ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরেও ককটেল বিস্ফোরণ হচ্ছে বলে উল্লেখ করেন তিনি। নাহিদ ইসলাম প্রশ্ন করেন, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ হলেই সেটিকে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বলা যাবে না। তাহলে সংসদ সদস্যদের বাড়িতে আগুন দেওয়ার পরও কি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে বলা যাবে না?


তিনি আরও বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী বুধবার (১১ নভেম্বর) আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির পক্ষে বিভিন্ন তথ্য-উপাত্ত তুলে ধরেছেন। কিন্তু সংসদ সদস্যসহ জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্বদানকারী এবং ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের নেতাকর্মীদের জীবনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। সরকার যদি তাঁদের নিরাপত্তা দিতে না পারে, তাহলে বিষয়টি স্পষ্ট করে জানিয়ে দেওয়া উচিত। নাহিদ ইসলাম বলেন, তাঁদের মানবাধিকার যদি না থাকে এবং শত্রুপক্ষের মানবাধিকার নিয়ে সরকারের বেশি উদ্বেগ থাকে, তাহলে তাঁদের নিজেদের পথ নিজেদেরই দেখতে হবে। ফ্যাসিবাদী শক্তির হামলায় তাঁদের পরিবারের সদস্যরা আক্রান্ত হলে অন্যদের পরিবারও আক্রান্ত হতে পারে বলেও সতর্ক করেন তিনি।


জবাবে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেন, একজন সংসদ সদস্যের বাড়িতে আক্রমণ অত্যন্ত গুরুতর ঘটনা। এ বিষয়ে তিনি ট্রেজারি বেঞ্চ ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। ঘটনাটিকে অত্যন্ত গুরুতর উল্লেখ করে তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী এ বিষয়ে প্রয়োজনীয় প্রতিকারমূলক ব্যবস্থা নেবেন বলে তাঁর দৃঢ় বিশ্বাস। পরে স্পিকার নাহিদ ইসলামের বক্তব্যকে পয়েন্ট অব অর্ডার হিসেবে গ্রহণ করে সংসদের দিনের কার্যসূচিতে ফিরে যাওয়ার কথা জানান।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯