স্বামী-স্ত্রী দুজনেরই চাকরি করার বিষয়টি নিজের পছন্দ নয় বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী

প্রতিমন্ত্রী শাহে আলমের মন্তব্যে শবনম ফারিয়ার প্রতিক্রিয়া

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১২ নভেম্বর ২০২৬, বিকাল ৬:৮ সময় , আপডেট সময় : ১২ নভেম্বর ২০২৬, বিকাল ৬:৮ সময়

স্বামী-স্ত্রী দুজনেরই চাকরি করার বিষয়টি নিজের পছন্দ নয় বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তাঁর মতে, বাবা-মা দুজনই কর্মজীবী হলে তাঁদের ব্যস্ততার প্রভাব সন্তানদের ওপর পড়ে। প্রতিমন্ত্রীর এমন বক্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছেন অভিনেত্রী শবনম ফারিয়া। সম্প্রতি নবনিযুক্ত সহকারী প্রকৌশলীদের ওরিয়েন্টেশন ও প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে এ মন্তব্য করেন প্রতিমন্ত্রী। তাঁর বক্তব্যের পর বৃহস্পতিবার (১২ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নিজের অবস্থান তুলে ধরেন শবনম ফারিয়া।


পোস্টে তিনি বাংলাদেশের বর্তমান ও সাবেক প্রধানমন্ত্রীর পরিবারের উদাহরণ টেনে বলেন, বর্তমান প্রধানমন্ত্রীর স্ত্রী একজন চিকিৎসক এবং তাঁদের একমাত্র কন্যা ব্যারিস্টার। অন্যদিকে, সাবেক প্রধানমন্ত্রীর কন্যা অটিজম নিয়ে সরকারি ও বেসরকারি পর্যায়ে বিভিন্ন কাজ করেছেন। প্রধানমন্ত্রীর স্ত্রীকে ছাতা ধরে দেওয়ার একটি দৃশ্যের কথা উল্লেখ করে ফারিয়া বলেন, এমন উদাহরণ দেখে অনেকেই নিজেদের জীবনসঙ্গীর কাছ থেকেও সহযোগিতা ও দায়িত্ব ভাগ করে নেওয়ার প্রত্যাশা করেন। তিনি আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রীর বিরিয়ানি রান্নার একটি ছবি তাঁর ছেলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছিলেন। তখন অনেকেই মন্তব্য করেছিলেন, নারীরা যত বড় দায়িত্বেই থাকুন না কেন, সন্তানদের পছন্দের খাবার তৈরি করার মতো কাজ তাঁদের কাছে বিশেষ গুরুত্ব বহন করে। ফারিয়ার মতে, এসব ঘটনা নারীদের অনুপ্রেরণা জোগায় এবং তাঁদের আত্মবিশ্বাস বাড়ায়।


অভিনেত্রীর ভাষ্য, বাংলাদেশে নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর পাশাপাশি বৈষম্য ও সহিংসতা দূর করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। এমন পরিস্থিতিতে দায়িত্বশীল অবস্থান থেকে বাবা-মা দুজনের চাকরি করা পছন্দ নয়—এ ধরনের বক্তব্য প্রশ্নের জন্ম দেয়। সন্তান লালন-পালনের কারণে অনেক নারী কর্মজীবনের মাঝপথে চাকরি ছেড়ে দিতে বাধ্য হন বলেও উল্লেখ করেন তিনি। সম্প্রতি পড়া একটি প্রতিবেদনের প্রসঙ্গ টেনে ফারিয়া বলেন, করপোরেট খাতে মধ্যপর্যায়ের কর্মজীবনে থাকা অনেক নারী শুধু সন্তান লালন-পালনের কারণে ক্যারিয়ার ছেড়ে দেন।


তাঁর মতে, নারীদের চাকরি ছাড়ার পরামর্শ না দিয়ে কর্মক্ষেত্রে সহায়ক পরিবেশ তৈরি করা প্রয়োজন। সন্তান লালন-পালন বাবা ও মা—দুজনের সমান দায়িত্ব হওয়া উচিত। এ জন্য অফিসগুলোতে মানসম্মত শিশুযত্নকেন্দ্র বা ডে-কেয়ারের ব্যবস্থা করা এবং কর্মজীবী মায়েদের জন্য প্রয়োজনীয় সুযোগ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তিনি। ফারিয়া আরও বলেন, বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতিতে অনেক পরিবারের জন্য একজনের আয়ে সন্তানদের ভালো জীবনযাপন, মানসম্মত শিক্ষা এবং বিনোদনের সুযোগ নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে। তাঁর আশঙ্কা, প্রত্যাশিত জীবনযাত্রার ব্যয় মেটাতে কেউ কেউ ঘুষ, দুর্নীতি বা চুরির মতো অনৈতিক পথে যেতে পারেন। এভাবেই দুর্নীতির চর্চা দীর্ঘদিন ধরে চলতে পারে বলেও মন্তব্য করেন অভিনেত্রী।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯