২০২৪ সালের জুলাইয়ে গণ-অভ্যুত্থানের পর বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অন্তর্বর্তী সরকারের আমলে তাঁর

বাংলাদেশে ফিরতে শেখ হাসিনাকে নিয়ে ভারতের অবস্থান কী

নিউজটি প্রতিবেদন করেছেন: স্টাফ রির্পোটার।

আপলোড সময় : ১৩ নভেম্বর ২০২৬, দুপুর ৪:৩০ সময় , আপডেট সময় : ১৩ নভেম্বর ২০২৬, দুপুর ৪:৩০ সময়
২০২৪ সালের জুলাইয়ে গণ-অভ্যুত্থানের পর বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অন্তর্বর্তী সরকারের আমলে তাঁর কূটনৈতিক পাসপোর্ট বাতিল করা হয়। একই সঙ্গে স্থগিত করা হয় জাতীয় পরিচয়পত্রের নম্বর। সম্প্রতি লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠান ‘ম্যাট্রিক্স চেম্বার্স’ দিল্লিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে পাঠানো এক চিঠিতে জানিয়েছে, বাংলাদেশের নাগরিক হিসেবে এবং আন্তর্জাতিক মানবাধিকার সনদের আলোকে শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র পাওয়ার অধিকার রয়েছে। এদিকে, শেখ হাসিনার পাসপোর্টের আবেদন ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার ভারতে অবস্থান এখন দেশটির সরকারের জন্য ক্রমেই অস্বস্তির কারণ হয়ে উঠছে। বিষয়টি শুধু ভারত-বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্কের মধ্যেই সীমাবদ্ধ নেই; আন্তর্জাতিক পরিসরেও ভারতকে প্রশ্নের মুখে পড়তে হচ্ছে। গণহত্যার অভিযোগে অভিযুক্ত ও দণ্ডিত একজন সাবেক সরকারপ্রধানকে দীর্ঘদিন আশ্রয় দেওয়ার বিষয়টি নিয়ে সমালোচনা শুনতে হচ্ছে দিল্লিকে। ভারতের জন্য সবচেয়ে সুবিধাজনক সমাধান হতে পারত শেখ হাসিনার তৃতীয় কোনো দেশে চলে যাওয়া। তবে অতীতে কয়েকটি দেশের সঙ্গে এ বিষয়ে আলোচনা করেও নানা জটিলতায় সেই উদ্যোগ সফল হয়নি। এ অবস্থায় দিল্লির নীতিনির্ধারকদের ধারণা, শেখ হাসিনার বাংলাদেশে ফিরে গিয়ে বিচারের মুখোমুখি হওয়াই এখন সবচেয়ে বাস্তবসম্মত পথ। একই সঙ্গে বাংলাদেশের রাজনীতিতে ভারতের দীর্ঘদিনের মিত্র আওয়ামী লীগকে আবার সক্রিয় করার ক্ষেত্রেও শেখ হাসিনার দেশে ফেরা গুরুত্বপূর্ণ বলে মনে করছেন তাঁরা।

বিবিসিকে দিল্লির সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, শেখ হাসিনার প্রত্যাবর্তনের বিষয়ে ভারতের প্রধানত দুটি শর্ত রয়েছে। 

প্রথম শর্ত অনুযায়ী, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নেওয়ার দায়িত্ব বাংলাদেশের সেনাবাহিনীকেই নিতে হবে। কারণ, তিনি বাংলাদেশ সেনাবাহিনীর সামরিক উড়োজাহাজে করে ভারতে পৌঁছেছিলেন। তাঁকে ফিরিয়ে আনার জন্য বাংলাদেশ চাইলে সামরিক বিমান পাঠাতে পারে, অথবা স্থলসীমান্তের কোনো নির্দিষ্ট স্থানে গিয়ে তাঁকে গ্রহণ করতে পারে। এ প্রক্রিয়া সম্পন্ন করতে ভারতের পক্ষ থেকে প্রয়োজনীয় লজিস্টিক সহায়তা দেওয়ার প্রস্তুতিও রয়েছে।

দ্বিতীয় শর্ত হলো, বাংলাদেশকে নিশ্চিত করতে হবে যে শেখ হাসিনা মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ পাবেন এবং জুলাই গণহত্যার অভিযোগে তাঁর বিচার নতুন করে শুরু করার ব্যবস্থা থাকবে।

তবে বাংলাদেশের বিচারব্যবস্থায় বিদেশি রাষ্ট্রের হস্তক্ষেপ হিসেবে যেন বিষয়টি বিবেচিত না হয়, সে ব্যাপারে ভারত সতর্ক অবস্থান নিতে চায়। এ কারণেই প্রকাশ্যে এ বিষয়ে মন্তব্য করা থেকে বিরত থাকছে দিল্লি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তার ভাষ্য, শেখ হাসিনাকে জেনেশুনে মৃত্যুদণ্ডের মুখে ঠেলে দেওয়ার মতো কোনো পদক্ষেপ ভারত নিতে চায় না। বরং তিনি যেন নতুন করে ন্যায়সংগত বিচার পাওয়ার সুযোগ পান, সেটিই নিশ্চিত করতে আগ্রহী দেশটি। ওই কর্মকর্তা আরও জানান, বিচারপ্রক্রিয়াটি আন্তর্জাতিক মহল ও বৈশ্বিক সংবাদমাধ্যমের পর্যবেক্ষণের মধ্যেও রাখতে চাইবে ভারত। এই দুটি শর্তের ভিত্তিতে শেখ হাসিনার দেশে ফেরার পথ তৈরি করতে কয়েক মাস ধরে বাংলাদেশের সঙ্গে নীরবে আলোচনা চালিয়ে যাচ্ছে দিল্লি।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯