সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামী ২৮ ডিসেম্বর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ২৮ ডিসেম্বর নাগরিক স্মরণসভা

নিউজটি প্রতিবেদন করেছেন: স্টাফ রির্পোটার।

আপলোড সময় : ১৩ নভেম্বর ২০২৬, দুপুর ৪:৫৯ সময় , আপডেট সময় : ১৩ নভেম্বর ২০২৬, দুপুর ৪:৫৯ সময়
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামী ২৮ ডিসেম্বর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নাগরিক স্মরণসভার আয়োজন করা হবে। নাগরিক সমাজের উদ্যোগে অনুষ্ঠিতব্য এ স্মরণসভায় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং বেগম খালেদা জিয়ার পরিবারের সদস্যরা উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। এ ছাড়া দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, সাংবাদিক, পেশাজীবী, সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ নানা শ্রেণি-পেশার বিশিষ্টজনদের অংশগ্রহণের কথা রয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) নাগরিক সমাজের পক্ষে জাতীয় অধ্যাপক ড. মাহবুব উল্লাহ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্মরণসভাকে তাৎপর্যপূর্ণ ও স্মরণীয় করে রাখতে বেগম খালেদা জিয়ার জীবন, রাজনৈতিক আদর্শ, কর্মময় পথচলা, ব্যক্তিত্ব, নেতৃত্ব এবং দেশ ও জাতির প্রতি তাঁর অবদান নিয়ে একটি বিশেষ স্মারকগ্রন্থ প্রকাশের পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি তাঁর জীবনের বিভিন্ন অজানা ঘটনা ও অভিজ্ঞতাও এতে তুলে ধরা হবে। এ উদ্দেশ্যে দেশের বিশিষ্ট নাগরিক, রাজনীতিবিদ, সাংবাদিক, লেখক, গবেষক, শিক্ষাবিদ, অর্থনীতিবিদ, পেশাজীবী এবং বেগম খালেদা জিয়ার সঙ্গে সরাসরি কাজ করেছেন এমন ব্যক্তিদের কাছ থেকে মৌলিক ও বিশ্লেষণধর্মী লেখা আহ্বান করা হয়েছে। স্মারকগ্রন্থে লেখার জন্য নির্ধারিত বিষয়গুলোর মধ্যে রয়েছে—বেগম খালেদা জিয়ার জীবন, ব্যক্তিত্ব ও নেতৃত্ব; আপসহীন গণতান্ত্রিক রাজনীতি ও আন্দোলন; পররাষ্ট্রনীতি, জাতীয় সার্বভৌমত্ব ও দেশপ্রেম; নারীশিক্ষা, নারী নেতৃত্ব ও সামাজিক উন্নয়ন; সংসদীয় রাজনীতিতে তাঁর ভূমিকা; অর্থনৈতিক দর্শন; নির্বাচন ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন; সংবাদপত্রের স্বাধীনতা; প্রত্যক্ষ স্মৃতিচারণ ও জীবনের অজানা অধ্যায়; সরকার পরিচালনা ও সুশাসন; জীবনের শেষ সময় এবং তাঁর নান্দনিকতা, ব্যক্তিত্ব ও আত্মমর্যাদা।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিটি লেখা ১২০০ থেকে ১৫০০ শব্দের মধ্যে হতে হবে। লেখাগুলো মৌলিক, তথ্যসমৃদ্ধ ও বিশ্লেষণধর্মী হওয়া আবশ্যক। আগ্রহী লেখকদের আগামী ৩০ নভেম্বরের মধ্যে nagorikshoronshova@gmail.com ঠিকানায় ই-মেইলের মাধ্যমে লেখা পাঠাতে বলা হয়েছে। স্মারকগ্রন্থের সম্পাদকীয় পর্যালোচনা শেষে নির্বাচিত লেখাগুলোই প্রকাশ করা হবে। এদিকে বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন, সংগ্রাম, নেতৃত্ব, সাফল্য এবং দেশের জাতীয় জীবনে তাঁর অবদান নিয়ে একটি তথ্যভিত্তিক প্রামাণ্য ভিডিওচিত্র তৈরির উদ্যোগও গ্রহণ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রামাণ্যচিত্র ও স্মারকগ্রন্থের মাধ্যমে বেগম খালেদা জিয়ার জীবন ও কর্মের বিভিন্ন দিক, রাজনৈতিক উত্তরাধিকার, রাষ্ট্রভাবনা এবং বাংলাদেশের ইতিহাসে তাঁর অবদান তুলে ধরার চেষ্টা করা হবে। আয়োজকদের প্রত্যাশা, এসব উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মের জন্য গুরুত্বপূর্ণ ঐতিহাসিক দলিল হিসেবে বিবেচিত হবে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯