সড়ক দুর্ঘটনা হ্রাস এবং পেশাদার চালকদের দক্ষতা ও সচেতনতা বাড়ানোর লক্ষ্যে ২০ হাজার চালককে বিশেষ প্রশিক্ষণের আওতায় আনছে

২০ হাজার চালককে বিশেষ প্রশিক্ষণ দেবে বিআরটিসি

নিউজটি প্রতিবেদন করেছেন: স্টাফ রির্পোটার।

আপলোড সময় : ১৩ নভেম্বর ২০২৬, বিকাল ৬:৩৯ সময় , আপডেট সময় : ১৩ নভেম্বর ২০২৬, বিকাল ৬:৩৯ সময়
সড়ক দুর্ঘটনা হ্রাস এবং পেশাদার চালকদের দক্ষতা ও সচেতনতা বাড়ানোর লক্ষ্যে ২০ হাজার চালককে বিশেষ প্রশিক্ষণের আওতায় আনছে বাংলাদেশ সড়ক পরিবহণ করপোরেশন (বিআরটিসি)। বাংলাদেশ সড়ক নিরাপত্তা প্রকল্পের (বিআরএসপি) অধীনে আগামী রোববার (১৫ নভেম্বর) থেকে পাঁচ দিনব্যাপী রিফ্রেশার প্রশিক্ষণ কার্যক্রম শুরু হতে যাচ্ছে। সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসির প্রশিক্ষণ ইনস্টিটিউটে কর্মসূচির প্রথম পর্যায়ের উদ্বোধন করবেন। বিআরটিসি সূত্র জানায়, প্রাথমিক পর্যায়ে দেশের বিভিন্ন এলাকায় সংস্থাটির ২৭টি প্রশিক্ষণ ইনস্টিটিউট ও কেন্দ্রে পেশাদার চালকদের সড়ক নিরাপত্তা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনার সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার সরকারি লক্ষ্যের অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

বিশ্বব্যাংকের অর্থায়নে বাস্তবায়নাধীন বাংলাদেশ সড়ক নিরাপত্তা প্রকল্প (বিআরএসপি) এবং এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে পরিচালিত স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (সিসিপ)—এই দুটি প্রকল্পের আওতায় মোট ৬৮ হাজার নতুন ও পেশাদার চালককে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা রয়েছে। এরই ধারাবাহিকতায় বিআরটিসির বর্তমান কর্মসূচিতে ২০ হাজার চালককে পাঁচ দিনের রিফ্রেশার প্রশিক্ষণ দেওয়া হবে। এদিকে বিআরটিসির বিভিন্ন প্রশিক্ষণ প্রকল্পে নারীদের অংশগ্রহণও বাড়ছে। প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (আইডব্লিউসিএস ও প্রশিক্ষণ) প্রকৌশলী ফাতেমা বেগম জানান, শুরুর দিকে নতুন নারী প্রশিক্ষণার্থীদের আগ্রহ তুলনামূলক কম থাকলেও সময়ের সঙ্গে তাঁদের অংশগ্রহণ বৃদ্ধি পেয়েছে। ইতোমধ্যে দুটি প্রকল্পের মাধ্যমে উল্লেখযোগ্যসংখ্যক নারী হালকা যানবাহন চালানোর প্রশিক্ষণ সম্পন্ন করেছেন।

রিফ্রেশার প্রশিক্ষণের প্রয়োজনীয়তা তুলে ধরে ফাতেমা বেগম বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, ট্রাফিক আইন ও বিধিবিধান সম্পর্কে পেশাদার চালকদের ধারণা বাড়ানো, নিরাপদ ও প্রতিরক্ষামূলকভাবে গাড়ি চালানোর সক্ষমতা তৈরি এবং সড়কে দায়িত্বশীল আচরণ নিশ্চিত করতে এ ধরনের প্রশিক্ষণ অত্যন্ত কার্যকর। তিনি আরও জানান, বিআরএসপি প্রকল্পের আওতায় একেবারে নতুন পেশাদার চালক তৈরির জন্য চার মাসের প্রশিক্ষণ কর্মসূচি চালু রয়েছে। পাশাপাশি আগে থেকেই পেশায় নিয়োজিত চালকদের দক্ষতা ও সচেতনতা বাড়াতে পাঁচ দিনের রিফ্রেশার কোর্স পরিচালনা করা হচ্ছে। ফাতেমা বেগমের ভাষ্য অনুযায়ী, এসব প্রশিক্ষণের মাধ্যমে চালকদের মধ্যে নিরাপদে গাড়ি চালানোর অভ্যাস তৈরি, সম্ভাব্য সড়কঝুঁকি শনাক্ত করার সক্ষমতা বৃদ্ধি এবং দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে যাত্রী ও পথচারীদের নিরাপত্তা রক্ষায় চালকদের ব্যক্তিগত দায়িত্ববোধ আরও বাড়ানোর বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯