পর্যটন মৌসুম শুরু হওয়ার পর এক দিনে সর্বাধিক পর্যটকের আগমন ঘটেছে প্রবালদ্বীপ সেন্ট মার্টিনে। শুক্রবার (১৩ নভেম্বর) কক্সবাজার থেকে চারটি জাহাজে করে মোট ১ হাজার ৭৫৪ জন পর্যটক দ্বীপটিতে ভ্রমণে যান। গত ৫ নভেম্বর পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হওয়ার পর থেকে এক দিনে এত বেশি পর্যটক দ্বীপটিতে যাননি। এর আগে প্রতিদিন গড়ে প্রায় ১ হাজার ২০০ জন পর্যটক সেন্ট মার্টিন ভ্রমণ করতেন। জাহাজমালিকদের সংগঠন সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (স্কোয়াব) সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর জানান, চারটি জাহাজের মোট আসনসংখ্যা তিন হাজারের বেশি হলেও শুক্রবার সেগুলোতে ভ্রমণ করেছেন ১ হাজার ৭৫৪ জন। তাঁদের অর্ধেকের বেশি দ্বীপে রাত কাটাবেন। অন্যরা কয়েক ঘণ্টা ঘুরে একই জাহাজে কক্সবাজারে ফিরে যাবেন।
কক্সবাজার শহরের বাঁকখালী নদীর নুনিয়াছড়া বিআইডব্লিউটিএ জেটিঘাট থেকে সেন্ট মার্টিনগামী জাহাজ ছেড়ে যায়। শুক্রবার সকালে ঘাটে গিয়ে দেখা যায়, দ্বীপে যাওয়ার জন্য পর্যটকদের বেশ ভিড়। সেখানে পর্যটক পরিবহনের জন্য প্রস্তুত ছিল এমভি বার আউলিয়া, এমভি কর্ণফুলী এক্সপ্রেস, এমভি টেকনাফ ও এমভি মালঞ্চ। ঘাটে ঢাকার বাসাবো এলাকার ব্যবসায়ী আজমত উল্লাহর সঙ্গে কথা হয়। স্ত্রী ও স্কুলপড়ুয়া মেয়েকে নিয়ে তিনি সেন্ট মার্টিনের উদ্দেশে রওনা হন। তিনি জানান, জীবনে প্রথমবারের মতো দ্বীপটি দেখতে যাচ্ছেন। কয়েক ঘণ্টা ঘোরাঘুরি করে আবার কক্সবাজারে ফিরে আসার পরিকল্পনা রয়েছে তাঁর। এত দিন ছবিতে দ্বীপটি দেখলেও এবার সরাসরি দেখার সুযোগ পাচ্ছেন। স্কোয়াবের তথ্য অনুযায়ী, সকাল সাতটার দিকে টিকিট যাচাই করে পর্যটকদের জাহাজে ওঠানো হয়। পরে জাহাজগুলো সেন্ট মার্টিনের উদ্দেশে যাত্রা শুরু করে। বঙ্গোপসাগর পেরিয়ে বেলা একটা থেকে দেড়টার মধ্যে সেগুলো দ্বীপে পৌঁছায়।
চারটি জাহাজের মধ্যে ৬০০ জন ধারণক্ষমতার এমভি মালঞ্চে ভ্রমণ করেন ২৪২ জন। এমভি বার আউলিয়ায় যান ৫৯৩ জন, এমভি কর্ণফুলী এক্সপ্রেসে ৫০৩ জন এবং এমভি টেকনাফে ৪১৯ জন পর্যটক। শেষের তিনটি জাহাজের প্রতিটির ধারণক্ষমতা ৭৩২ থেকে ৮৫০ জনের মধ্যে। এমভি মালঞ্চের ব্যবস্থাপক আবদুস সাত্তার প্রথম আলোকে বলেন, বর্তমানে বঙ্গোপসাগর বেশ শান্ত রয়েছে। ফলে জাহাজটির সেন্ট মার্টিন যাত্রায় কোনো ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়নি। সেন্ট মার্টিন দ্বীপ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজুর রহমান জানান, বেলা দেড়টার দিকে চারটি জাহাজ দ্বীপের জেটিঘাটে পৌঁছায়। পর্যটকেরা নেমে বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখেন। তাঁদের একটি অংশ বিকেল সাড়ে চারটার দিকে জাহাজে করে কক্সবাজারে ফিরে যান। বর্তমানে দ্বীপে প্রায় দেড় হাজার পর্যটক অবস্থান করছেন। তাঁদের থাকার জন্য সেখানে ২৩০টির বেশি হোটেল, রিসোর্ট ও কটেজ রয়েছে, যেগুলোর সম্মিলিত ধারণক্ষমতা প্রায় ছয় হাজার।
পরিবেশ অধিদপ্তর কক্সবাজারের উপপরিচালক খন্দকার মাহমুদ পাশা বলেন, ১ নভেম্বর থেকে ১৫ মার্চ পর্যন্ত সেন্ট মার্টিন পর্যটকদের জন্য উন্মুক্ত থাকবে। এ সময় প্রতিদিন সর্বোচ্চ সাড়ে তিন হাজার পর্যটক দ্বীপে ভ্রমণ ও রাতযাপন করতে পারবেন। পর্যটকদের জাহাজে ওঠানামা থেকে শুরু করে দ্বীপে অবস্থান ও চলাচল—সবকিছুই নজরদারির আওতায় রাখা হচ্ছে। দ্বীপের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় সরকার ১২ দফা বিধিনিষেধ জারি করেছে। কক্সবাজারের জেলা প্রশাসক মো. আ. মান্নান জানান, সেন্ট মার্টিনের জীববৈচিত্র্য সংরক্ষণে সরকারের নির্দেশনাগুলো বাস্তবায়নে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। পর্যটকদের চলাচল নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। বিশেষ করে ছেঁড়াদিয়ায় যাতে কেউ প্রবেশ করতে না পারেন, সে জন্য প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হচ্ছে।
উল্লেখ্য, ১৯৯৯ সালে সেন্ট মার্টিনের জীববৈচিত্র্য, সামুদ্রিক প্রবাল এবং কচ্ছপের প্রজননক্ষেত্র রক্ষার উদ্দেশ্যে পুরো দ্বীপকে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) ঘোষণা করা হয়। পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ অনুযায়ী এ এলাকায় পরিবেশের ক্ষতি হয়—এমন কার্যক্রম নিষিদ্ধ। এ ছাড়া ২০২৩ সালের জানুয়ারিতে সেন্ট মার্টিনসংলগ্ন বঙ্গোপসাগরের ১ হাজার ৭৪৩ বর্গকিলোমিটার এলাকাকে সামুদ্রিক সংরক্ষিত অঞ্চল হিসেবে ঘোষণা করে পরিবেশ মন্ত্রণালয়। আইন অনুযায়ী, দ্বীপে প্রবাল-পাথর সংগ্রহ, কেয়াবন ধ্বংস, গাছ ও ফল কাটা এবং পরিবেশদূষণকারী বর্জ্য ফেলা নিষিদ্ধ। এসব বিধিনিষেধ লঙ্ঘন করলে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড অথবা ১০ লাখ টাকা পর্যন্ত জরিমানার বিধান রয়েছে।