বাংলাদেশে ডায়াবেটিসে আক্রান্ত মানুষের সংখ্যা ১ কোটি ৩৯ লাখ। উদ্বেগের বিষয় হলো, আক্রান্তদের প্রায় অর্ধেকই জানেন না যে

অনিয়ন্ত্রিত ডায়াবেটিসে বাড়ে বহু রোগের ঝুঁকি

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১৪ নভেম্বর ২০২৬, সকাল ৯:৪৮ সময় , আপডেট সময় : ১৪ নভেম্বর ২০২৬, সকাল ৯:৪৮ সময়

বাংলাদেশে ডায়াবেটিসে আক্রান্ত মানুষের সংখ্যা ১ কোটি ৩৯ লাখ। উদ্বেগের বিষয় হলো, আক্রান্তদের প্রায় অর্ধেকই জানেন না যে তারা এই রোগে ভুগছেন। অথচ বিশেষজ্ঞদের মতে, সচেতনতা বৃদ্ধি এবং জীবনযাপনে পরিবর্তন আনতে পারলে ডায়াবেটিসের প্রায় ৭০ শতাংশ ঝুঁকি প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা সম্ভব।


ডায়াবেটিস শুধু রক্তে শর্করার মাত্রা বাড়িয়ে দেয় না, দীর্ঘদিন অনিয়ন্ত্রিত থাকলে শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গপ্রত্যঙ্গেও মারাত্মক ক্ষতি করতে পারে। এর ফলে হৃদ্‌রোগ, কিডনি জটিলতা, দৃষ্টিশক্তি হারানো, স্ট্রোক এবং স্নায়ুরোগের ঝুঁকি বাড়ে। বিশেষজ্ঞদের দেওয়া তথ্য অনুযায়ী, ডায়াবেটিস আক্রান্তদের ৬০ থেকে ৭০ শতাংশ হৃদ্‌রোগের ঝুঁকিতে থাকেন। প্রায় ৩৪ শতাংশের দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কা রয়েছে। একই হারে কিডনি রোগের ঝুঁকিও দেখা যায়। এ ছাড়া ৩০ থেকে ৩৬ শতাংশ রোগী স্নায়ুর জটিলতায় ভুগতে পারেন। আজ ১৪ নভেম্বর বাংলাদেশসহ বিশ্বজুড়ে পালিত হচ্ছে বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২৬। এ বছরের প্রতিপাদ্য ‘ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই’। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন।


রাষ্ট্রপতি তাঁর বাণীতে বলেছেন, ডায়াবেটিস দীর্ঘমেয়াদি রোগ হলেও নিয়মিত নিয়ন্ত্রণে রাখলে স্বাভাবিক ও কর্মক্ষম জীবনযাপন সম্ভব। অন্যদিকে প্রধানমন্ত্রী বলেছেন, সচেতনতা এবং প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে এ রোগের ঝুঁকি ও জটিলতা অনেকটাই কমানো যায়। বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি জাতীয় অধ্যাপক এ কে আজাদ খান জানিয়েছেন, ডায়াবেটিস দুই ধরনের—টাইপ-১ ও টাইপ-২। টাইপ-১ রোগীদের সারা জীবন ইনসুলিন নিতে হয়। তাই এসব রোগীর জন্য ইনসুলিনের সহজলভ্যতা নিশ্চিত করা জরুরি। তিনি আরও বলেন, ফাস্টফুডে আসক্তি, ঘরে তৈরি খাবার কম খাওয়া এবং শারীরিক পরিশ্রমের অভাব ডায়াবেটিসের ঝুঁকি বাড়াচ্ছে।


বিশেষজ্ঞরা নিয়মিত শরীরচর্চা, স্বাস্থ্যকর খাবার গ্রহণ, ওজন নিয়ন্ত্রণ এবং বছরে অন্তত দুইবার ডায়াবেটিস পরীক্ষা করার পরামর্শ দিয়েছেন। দ্রুত রোগ শনাক্ত করে চিকিৎসা শুরু করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এদিকে ২০৩০ সালের মধ্যে ডায়াবেটিস নিয়ন্ত্রণে পাঁচটি লক্ষ্য নির্ধারণ করেছে আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশন। এর মধ্যে রয়েছে ৮০ শতাংশ রোগীকে শনাক্ত করা, ৮০ শতাংশের রক্তে শর্করা ও রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা, ৬০ শতাংশ উপযুক্ত রোগীকে স্ট্যাটিন দেওয়া এবং টাইপ-১ ডায়াবেটিসে আক্রান্ত শতভাগ রোগীর কাছে ইনসুলিন ও প্রয়োজনীয় সুবিধা পৌঁছে দেওয়া।


বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে বাংলাদেশে সচেতনতামূলক প্রচারের পাশাপাশি বিনা মূল্যে ডায়াবেটিস পরীক্ষার আয়োজন করা হয়েছে। বারডেমের বিভিন্ন কর্মসূচির পাশাপাশি বিআইএইচএস ও এনএইচএন-এর আওতাধীন কেন্দ্রগুলোতে সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত বিনা মূল্যে ডায়াবেটিস শনাক্তের সুযোগ রাখা হয়েছে। এ ছাড়া বারডেমে স্বেচ্ছায় রক্তদান এবং ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে কম খরচে হৃদ্‌রোগের চিকিৎসাসেবা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষজ্ঞদের বার্তা স্পষ্ট—ডায়াবেটিসকে অবহেলা নয়, সময়মতো পরীক্ষা, সচেতনতা ও জীবনযাপনে পরিবর্তনের মাধ্যমেই এই রোগের ভয়াবহ জটিলতা অনেকাংশে এড়ানো সম্ভব।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯