সংযুক্ত আরব আমিরাতের কোনো আদালত বাংলাদেশি নাগরিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করলেই তা বাংলাদেশের মাটিতে স্বয়ংক্রিয়ভাবে কার্যকর করা

বিদেশি আদালতের গ্রেফতারি পরোয়ানা স্বয়ংক্রিয়ভাবে কার্যকরের সুযোগ নেই

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১৪ নভেম্বর ২০২৬, সকাল ৯:৫০ সময় , আপডেট সময় : ১৪ নভেম্বর ২০২৬, সকাল ৯:৫০ সময়

সংযুক্ত আরব আমিরাতের কোনো আদালত বাংলাদেশি নাগরিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করলেই তা বাংলাদেশের মাটিতে স্বয়ংক্রিয়ভাবে কার্যকর করা যাবে না। এ ধরনের পরোয়ানা কার্যকর করতে হলে দেশের প্রচলিত আইন ও নির্ধারিত আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হবে। বিশেষ করে প্রত্যর্পণ বা হস্তান্তরের ক্ষেত্রে যথাযথ সরকারি ও কূটনৈতিক চ্যানেলে আনুষ্ঠানিক অনুরোধ আসা প্রয়োজন বলে অভিমত দিয়েছেন হাইকোর্ট।


দুবাইভিত্তিক প্রতিষ্ঠান জেরাব এলএলসির করা এক রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি মো. তৌফিক ইনাম ও বিচারপতি মাহমুদ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ পর্যবেক্ষণ দেন। সম্প্রতি এ-সংক্রান্ত আদেশ সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। মামলার বিবরণ অনুযায়ী, সংযুক্ত আরব আমিরাতে অর্থ আত্মসাতের অভিযোগে বাংলাদেশি নাগরিক মোহাম্মদ আল ফয়জুল আলমের বিরুদ্ধে মামলা করে দেশটির আইন অনুযায়ী গঠিত প্রতিষ্ঠান জেরাব এলএলসি। ২০২২ সালে দুবাইয়ের একটি আদালত তাঁকে এক বছরের কারাদণ্ড এবং ২৭ লাখ ৭৩ হাজার ৯৬৪ দিরহাম জরিমানা করেন। বাংলাদেশি মুদ্রায় এই জরিমানার পরিমাণ প্রায় ৯ কোটি ৪৩ লাখ টাকা। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করা হয়।


বিচারপ্রক্রিয়া চলাকালে ফয়জুল পলাতক ছিলেন। পরে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের মাধ্যমে জেরাব এলএলসি জানতে পারে, একজন ব্যবসায়ীকে অপহরণের অভিযোগে তিনি বাংলাদেশে গ্রেফতার হয়েছেন। এরপর ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে তাঁকে সংযুক্ত আরব আমিরাতে প্রত্যর্পণ বা হস্তান্তরের উদ্যোগ নিতে বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করে প্রতিষ্ঠানটি। তবে আবেদনটি যথাযথ সরকারি ও কূটনৈতিক চ্যানেলে না আসায় এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়নি। পরে হাইকোর্টে রিট করে প্রতিষ্ঠানটি। শুনানিতে রিটকারী প্রতিষ্ঠানের আইনজীবী মো. সানোয়ার হোসেন বলেন, সংযুক্ত আরব আমিরাতে অর্থ আত্মসাতের মামলায় দণ্ডিত ফয়জুলকে দেশটিতে ফেরত পাঠানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে উচ্চ আদালতের নির্দেশনা প্রয়োজন।


অন্যদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জানান, সংযুক্ত আরব আমিরাত সরকারের কাছ থেকে ফয়জুলকে প্রত্যর্পণ বা হস্তান্তরের বিষয়ে কোনো আনুষ্ঠানিক অনুরোধ পায়নি বাংলাদেশ সরকার। তাই একটি বেসরকারি প্রতিষ্ঠানের আবেদনের ভিত্তিতে বিদেশি গ্রেফতারি পরোয়ানা কার্যকর করার মতো আইনি পদক্ষেপ নেওয়ার সুযোগ নেই। উভয় পক্ষের বক্তব্য বিবেচনা করে হাইকোর্ট জানায়, বিদেশি আদালতের জারি করা গ্রেফতারি পরোয়ানা বাংলাদেশের ভূখণ্ডে নিজ ক্ষমতাবলে কার্যকর হয় না। এ ধরনের পরোয়ানা কার্যকরের জন্য বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ওপর স্বয়ংক্রিয়ভাবে কোনো বাধ্যবাধকতাও তৈরি হয় না। গ্রেফতার, প্রত্যর্পণ কিংবা অন্য কোনো দেশে হস্তান্তরের ক্ষেত্রে অবশ্যই দেশের প্রচলিত আইন ও নির্ধারিত পদ্ধতি অনুসরণ করতে হবে।


আদালত আরও জানায়, সংযুক্ত আরব আমিরাত সরকারের পক্ষ থেকে যথাযথ কূটনৈতিক চ্যানেলে কোনো আনুষ্ঠানিক অনুরোধের প্রমাণ পাওয়া যায়নি। এ ছাড়া বেসরকারি প্রতিষ্ঠানের সরাসরি আবেদনের ভিত্তিতে বিদেশি পরোয়ানা কার্যকর করতে কর্তৃপক্ষ আইনগতভাবে বাধ্য—এমন কোনো বিধানও রিটকারী প্রতিষ্ঠান দেখাতে পারেনি। এ কারণে বিদেশি গ্রেফতারি পরোয়ানা কার্যকরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তার বিরুদ্ধে সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী নির্দেশ দেওয়ার সুযোগ নেই বলে অভিমত দিয়েছেন হাইকোর্ট।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯