কিশোরগঞ্জের কটিয়াদীতে জামায়াতের সহযোগী সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামানের ছেলের ওপর হামলার ঘটনায় দায়ের করা

আখতারুজ্জামানের ছেলের ওপর হামলার মামলায় বিএনপি-জামায়াত পাল্টাপাল্টি অবস্থানে উত্তপ্ত কটিয়াদী রাজনীতি

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১৪ নভেম্বর ২০২৬, দুপুর ১২:৩০ সময় , আপডেট সময় : ১৪ নভেম্বর ২০২৬, দুপুর ১২:৩০ সময়

কিশোরগঞ্জের কটিয়াদীতে জামায়াতের সহযোগী সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামানের ছেলের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলা ঘিরে বিএনপি ও জামায়াতের নেতাদের মধ্যে তীব্র রাজনৈতিক বিরোধ তৈরি হয়েছে। মামলায় স্থানীয় বিএনপি নেতাকর্মীদের আসামি করায় ক্ষোভ প্রকাশ করেছেন দলটির শীর্ষ নেতারা। অন্যদিকে, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক মদদ দিয়ে হয়রানিমূলক মামলা করানোর অভিযোগ তুলেছেন আখতারুজ্জামান।


গত ৪ নভেম্বর সন্ধ্যায় কটিয়াদীর গচিহাটা কলেজ মাঠে মাদক সেবনের সন্দেহে গালমন্দ করার জেরে আখতারুজ্জামানের বড় ছেলে শাহরিয়ার জামানকে মারধর ও ছুরিকাঘাত করা হয়। ৫০ বছর বয়সী শাহরিয়ার বাংলাদেশ খেলাফত মজলিসের রাজনীতির সঙ্গে যুক্ত। এ ঘটনায় তাঁর চাচা মিজানুর রহমান বাদী হয়ে ১২ জনের বিরুদ্ধে অভিযোগ করেন। পরে ৬ নভেম্বর অভিযোগটি থানায় মামলা হিসেবে নথিভুক্ত হয়।


ঘটনার পর ৬ নভেম্বর জামায়াতের এক সংবর্ধনা অনুষ্ঠানে আখতারুজ্জামান হামলাকারীদের ক্ষমা করে দেওয়ার ঘোষণা দেন। তবে পরবর্তী সময়ে মামলায় বিএনপি নেতাকর্মীদের নাম আসায় পরিস্থিতি নতুন মোড় নেয়। এ মামলার ১২ নম্বর আসামি লিমন মিয়াকে ইতোমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলায় বিএনপি নেতাকর্মীদের আসামি করার প্রতিবাদ জানিয়েছেন কটিয়াদী উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন খান ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম। সম্প্রতি পৃথক ফেসবুক লাইভে এসে তাঁরা এ নিয়ে কঠোর প্রতিক্রিয়া জানান।


তোফাজ্জল হোসেনের দাবি, তুচ্ছ একটি ঘটনাকে আখতারুজ্জামান জাতীয় পর্যায়ে নিয়ে গিয়ে কাদা-ছোড়াছুড়ি করছেন। বিএনপির বিরুদ্ধে মিথ্যাচার করা হলে এর পরিণতি ভালো হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। তাঁর দাবি, ঘটনার সঙ্গে বিএনপির কোনো সম্পৃক্ততা নেই এবং অযথা দলটির নেতাকর্মীদের মামলায় জড়ানো হয়েছে। একই অভিযোগ করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম। তাঁর দাবি, টেলিফোনে যোগাযোগের আগেই আখতারুজ্জামান বিএনপিকে ঘায়েল করে বক্তব্য দিয়েছেন। মামলায় সহশ্রাম-ধুলদিয়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি ফারুক মিয়া ও জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আরমান ভূঁইয়াসহ অন্তত ছয়জন বিএনপি নেতাকে রাজনৈতিক উদ্দেশ্যে আসামি করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।


অন্যদিকে, কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলামের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন আখতারুজ্জামান। গত সোমবার ফেসবুক লাইভে তিনি দাবি করেন, ওসি স্থানীয় বিএনপির একটি অংশকে ব্যবহার করে নিজেদের স্বার্থে তাঁর বিরুদ্ধে হয়রানিমূলক মামলা করাচ্ছেন। এ ছাড়া এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকা এবং সরাসরি টাকা সংগ্রহের অভিযোগও তোলেন তিনি। তবে নিজের বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন ওসি রফিকুল ইসলাম। তাঁর ভাষ্য, মাদকের বিরুদ্ধে তাঁর কঠোর অবস্থানের বিষয়টি এলাকাবাসী জানেন এবং এসব অভিযোগের কোনো ভিত্তি নেই।


এদিকে, কটিয়াদী উপজেলা জামায়াতে ইসলামীর আমির মোজাম্মেল হক জোয়ারদার বলেন, ঘটনার কয়েক দিন পর বিএনপি নেতাদের বক্তব্য দেওয়ার পেছনে রহস্য রয়েছে। তাঁর দাবি, আখতারুজ্জামান জামায়াতে যোগ দেওয়ার পর এলাকায় তাঁর রাজনৈতিক ও সামাজিক অবস্থান শক্তিশালী হয়েছে, যা প্রতিপক্ষের একটি অংশ মেনে নিতে পারছে না। হামলার ঘটনায় ক্ষমা করে দেওয়ার ঘোষণা এলেও মামলার আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি বিএনপি ও জামায়াত নেতাদের পাল্টাপাল্টি অভিযোগে কিশোরগঞ্জের কটিয়াদীতে রাজনৈতিক উত্তেজনা আরও বেড়েছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯