সংরক্ষিত নারী আসনের পরিবর্তে সরাসরি ভোটের মাধ্যমে ১০০টি আসনে নারীদের নির্বাচিত হওয়ার সুযোগ দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে বরিশাল সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের শতবর্ষপূর্তি উদ্যাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে স্পিকার বলেন, নারীদের প্রকৃত রাজনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে হলে তাঁদের সরাসরি নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিতে হবে। নারীরা কোনোভাবেই পিছিয়ে নেই উল্লেখ করে তিনি জাতীয় সংসদে ১০০টি আসনে নারীদের সরাসরি ভোটে নির্বাচিত হওয়ার ব্যবস্থা করার আহ্বান জানান।
নারীশিক্ষার অগ্রযাত্রায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদানের কথাও স্মরণ করেন হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেন, খালেদা জিয়া মেয়েদের এসএসসি পর্যন্ত বিনা বেতনে পড়াশোনার সুযোগ করে দিয়েছিলেন। এর ধারাবাহিকতায় মেয়েদের স্নাতক বা বিএ পর্যন্ত বিনা বেতনে পড়াশোনার সুযোগ দেওয়ার উদ্যোগ নেওয়ার বিষয়ে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কথা বলবেন বলেও জানান তিনি। বরিশাল সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে স্পিকার বলেন, মহান মুক্তিযুদ্ধের প্রথম সচিবালয় ছিল এই বিদ্যালয়। বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে প্রতিষ্ঠানটির গুরুত্বপূর্ণ অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, মানুষের শিকড়ের টান অপ্রতিরোধ্য। এই বিদ্যালয় থেকে অনেক কৃতী শিক্ষার্থী বের হয়েছেন এবং প্রতিষ্ঠানটি তাঁদের অনেক কিছু দিয়েছে। এখন প্রাক্তন শিক্ষার্থীদেরও বিদ্যালয়ের জন্য কিছু করার পালা। অর্থাভাবে যেসব শিক্ষার্থী পড়াশোনা চালিয়ে যেতে পারছে না, তাঁদের পাশে দাঁড়ানোর জন্য প্রাক্তন শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান স্পিকার। পাশাপাশি নিজের স্কুলজীবনের স্মৃতিচারণা করে বরিশাল জিলা স্কুলের সাবেক এই শিক্ষার্থী বলেন, স্কুলজীবনের স্মৃতি কেউ ভুলতে পারে না।