আগামী ১৬ নভেম্বরের মধ্যে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় তৈরি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে ভারতের আবহাওয়া অধিদপ্তর (আইএমডি)। সংস্থাটির ধারণা, ১৬ নভেম্বর সন্ধ্যার মধ্যে লঘুচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এরপর শক্তি বাড়িয়ে ১৮ নভেম্বরের মধ্যে এটি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা রয়েছে। খবর ওড়িশা টিভির। সম্ভাব্য ঘূর্ণিঝড়টির গতিপথ নিয়ে ইতোমধ্যে পূর্বাভাস প্রকাশ করেছে আইএমডি। তবে এটি শেষ পর্যন্ত কোন উপকূলের দিকে এগোবে কিংবা কোথায় আঘাত হানতে পারে, সে বিষয়ে এখনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে বর্তমানে একটি সুস্পষ্ট লঘুচাপ অবস্থান করছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে এটি আরও ঘনীভূত হয়ে নিম্নচাপে রূপ নিতে পারে। পরবর্তী সময়ে নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হলে এর নাম হবে ‘আকভান’।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, সম্ভাব্য ঘূর্ণিঝড়টি উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হওয়ার পাশাপাশি ক্রমে শক্তি অর্জন করতে পারে। ১৬ নভেম্বর সন্ধ্যার মধ্যে দক্ষিণ-মধ্য বঙ্গোপসাগরে এটি ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। পরে সাগরে অবস্থান করে শক্তি বাড়িয়ে ১৮ নভেম্বরের মধ্যে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। তবে ঘূর্ণিঝড়টির সম্ভাব্য চূড়ান্ত গতিপথ এবং কোথায় আঘাত হানতে পারে, তা এখনো নিশ্চিত নয়। এটি আরও শক্তিশালী হলে এর গতিপথ ও সম্ভাব্য প্রভাব সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যেতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদেরা।