দীর্ঘ ১১ বছরের বিরতি কাটিয়ে আবারও ফুটবলের মাঠে নামতে যাচ্ছেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদিনহো। আগামী রোববার ইতালির তৃতীয়

মাঠে ফিরছেন রোনালদিনহো, খেলবেন ইতালির তৃতীয় বিভাগের ক্লাবে

নিউজটি প্রতিবেদন করেছেন: স্টাফ রির্পোটার।

আপলোড সময় : ১৪ নভেম্বর ২০২৬, রাত ৮:২১ সময় , আপডেট সময় : ১৪ নভেম্বর ২০২৬, রাত ৮:২১ সময়
দীর্ঘ ১১ বছরের বিরতি কাটিয়ে আবারও ফুটবলের মাঠে নামতে যাচ্ছেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদিনহো। আগামী রোববার ইতালির তৃতীয় বিভাগের ক্লাব রাভেন্নার হয়ে খেলবেন ২০০৫ সালের ব্যালন ডি’অরজয়ী এই তারকা। দীর্ঘদিন পর মাঠে ফেরার সুযোগকে তিনি ‘সত্যিই অসাধারণ’ বলে উল্লেখ করেছেন। বর্তমানে ৪৬ বছর বয়সী রোনালদিনহো সর্বশেষ ২০১৫ সালে ফ্লামিনেন্সের হয়ে খেলেছিলেন। এবার রাভেন্নার জার্সিতে ফোরলির বিপক্ষে স্থানীয় ডার্বিতে শুরুর একাদশে থাকার কথা রয়েছে তাঁর। শুক্রবার স্কাই স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে রোনালদিনহো বলেন, “আমি দারুণ একটি দিন কাটাতে চাই। এই অসাধারণ গল্পের শুরুতে এখানে থাকতে পেরে আমি খুশি।” তিনি আরও বলেন, “রাভেন্নার জন্য ক্লাব সভাপতি বড় কিছু অর্জনের স্বপ্ন দেখছেন। তাঁর সেই স্বপ্নের অংশ হতে পেরে আমি আনন্দিত।”

রাভেন্নার সভাপতি ইগ্নাজিও সিপ্রিয়ানি জানিয়েছেন, ক্লাবটির ইতিহাসে প্রথমবারের মতো ইতালির শীর্ষ ফুটবল প্রতিযোগিতা সিরি ‘আ’-তে জায়গা করে নেওয়াই তাঁর প্রধান লক্ষ্য। দলটির স্টাডিও ব্রুনো বেনেল্লি স্টেডিয়ামে নিয়মিতভাবে পাঁচ হাজার দর্শক খেলা দেখতে পারেন। তবে রোনালদিনহোর প্রত্যাবর্তন ঘিরে সব টিকিট ইতিমধ্যে বিক্রি হয়ে গেছে। দর্শকদের চাহিদা বিবেচনায় অস্থায়ীভাবে আরও ১ হাজার ৮০০ আসনবিশিষ্ট একটি গ্যালারি নির্মাণ করা হয়েছে। এর নাম রাখা হয়েছে ‘আর১০’। 

২০০৮ সালের পর থেকে রাভেন্না সিরি ‘বি’-তেও খেলতে পারেনি। বর্তমানে সিরি ‘সি’-এর নিজ গ্রুপে দ্বিতীয় অবস্থানে রয়েছে দলটি। শীর্ষে থাকা স্পেজিয়ার তুলনায় তারা ছয় পয়েন্ট পিছিয়ে। মাঠে ফেরার অনুভূতি জানিয়ে রোনালদিনহো বলেন, “অনেক বছর পর আবার খেলতে নামা সত্যিই অসাধারণ। জীবনের একটি বিশেষ মুহূর্ত উপভোগ করার জন্যই আমি এখানে এসেছি।” নিজের ফুটবল ক্যারিয়ার প্রসঙ্গে তিনি বলেন, “খেলা ছেড়েছি বেশ কয়েক বছর হলো। স্বপ্নে যা যা জিততে চেয়েছিলাম, সবই অর্জন করেছি। এখন আমার বয়স ৪৬। ফুটবলের অভিজ্ঞতায় প্রায় সবকিছুই আমার হয়েছে। এটি একেবারেই ভিন্ন ধরনের একটি সুযোগ। রাভেন্নায় কাজ করে বন্ধুদের স্বপ্নের অংশ হতে চাই।”

ক্যারিয়ারে ২৯৯টি গোল করার এক দশকেরও বেশি সময় পর এবার ৩০০তম গোলের মাইলফলক ছোঁয়ার সুযোগ তৈরি হয়েছে সাবেক বার্সেলোনা ও প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) তারকার সামনে। তবে তাঁর ক্যারিয়ারে বিতর্কিত অধ্যায়ও রয়েছে। জাল পাসপোর্ট ব্যবহার করে প্যারাগুয়েতে প্রবেশের চেষ্টার অভিযোগে দেশটির কারাগারে সময় কাটাতে হয়েছিল তাঁকে। কারাগারে আয়োজিত একটি ফুটসাল ম্যাচে অংশ নিয়েও তখন আলোচনায় এসেছিলেন এই ব্রাজিলিয়ান। 

রাভেন্নায় রোনালদিনহোর যোগদানকে মূলত প্রচারণামূলক উদ্যোগ হিসেবে বিবেচনা করা হচ্ছে। তবে এই উদ্যোগের মাধ্যমে ক্লাবটির সিরি ‘আ’-তে ওঠার দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়নের পথ আরও এগিয়ে নিতে চান সভাপতি সিপ্রিয়ানি।  তিনি বলেন, “আমাদের দীর্ঘমেয়াদি লক্ষ্য হলো রাভেন্নাকে সিরি ‘আ’-তে উন্নীত করা।”

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯