আইফোন ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য, পাসওয়ার্ড এমনকি ক্রিপ্টোকারেন্সির গোপন তথ্যও চুরির ঝুঁকিতে পড়তে পারে। অ্যাপলের আইফোন পরিচালন ব্যবস্থার একাধিক সংস্করণে গুরুতর নিরাপত্তাত্রুটি শনাক্তের দাবি করেছে ক্রিপ্টোকারেন্সি বিনিময় প্রতিষ্ঠান বাইন্যান্স। প্রতিষ্ঠানটির আশঙ্কা, এই দুর্বলতাকে কাজে লাগিয়ে আইফোনে থাকা ক্ষতিকর অ্যাপ অন্য অ্যাপের ব্যক্তিগত ফাইল ও তথ্য হাতিয়ে নিতে পারে। এ কারণে অ্যাপলের নির্ধারিত অ্যাপ স্টোরের বাইরে থেকে ইনস্টল করা অ্যাপ মুছে ফেলার পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি।
বাইন্যান্সের দাবি, আইওএস ২৬ ও আইওএস ২৭-এর কয়েকটি সংস্করণে ‘ওয়ার্স-কোয়েরি’ নামের একটি নিরাপত্তাত্রুটি পাওয়া গেছে। এর মাধ্যমে ক্ষতিকর অ্যাপ একই আইফোনে থাকা অন্য অ্যাপের ব্যক্তিগত ফাইলে প্রবেশের সুযোগ পেতে পারে। সাধারণত আইফোনে প্রতিটি অ্যাপের তথ্য ও ফাইল আলাদাভাবে সংরক্ষিত থাকে। ফলে একটি অ্যাপ অন্য অ্যাপের ব্যক্তিগত তথ্য ব্যবহার করতে পারে না। এই নিরাপত্তাব্যবস্থাকে বলা হয় স্যান্ডবক্সিং। কিন্তু নতুন শনাক্ত হওয়া দুর্বলতার কারণে এই সুরক্ষাব্যবস্থা এড়িয়ে অন্য অ্যাপের ফাইলে প্রবেশ করা সম্ভব হতে পারে।
বিশেষ করে যেসব ব্যবহারকারী অ্যাপলের নির্ধারিত অ্যাপ স্টোরের বাইরে থেকে অ্যাপ ইনস্টল করেন, তাদের ঝুঁকি বেশি বলে আশঙ্কা করা হচ্ছে। কারণ, এসব অ্যাপ অ্যাপলের নির্ধারিত নিরাপত্তা যাচাইপ্রক্রিয়ার মধ্য দিয়ে যায় না। সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হলো, এই দুর্বলতা কাজে লাগিয়ে হ্যাকাররা ক্রিপ্টোকারেন্সি ওয়ালেটের গোপন পুনরুদ্ধার সংকেত এবং ব্যক্তিগত চাবি চুরি করতে পারে। এসব তথ্য হাতে পেলে ব্যবহারকারীর ডিজিটাল সম্পদের নিয়ন্ত্রণ নেওয়া সম্ভব। পাশাপাশি পাসওয়ার্ড ও ব্যক্তিগত নথিও ঝুঁকিতে পড়তে পারে।
বাইন্যান্সের তথ্য অনুযায়ী, আইওএস ২৬.৭.১, আইওএস ২৭.০.১ এবং আইওএস ২৭.২ সংস্করণে এই ত্রুটি শনাক্ত হয়েছে। তবে গিটহাবে প্রকাশিত এক স্বাধীন সফটওয়্যার গবেষকের বিশ্লেষণে দাবি করা হয়েছে, আইওএস ২৬-এর আরও কয়েকটি সংস্করণেও একই দুর্বলতা থাকতে পারে। তার মতে, আইওএস ২৬.০ থেকে ২৬.৭.২ পর্যন্ত সংস্করণগুলো এ ঝুঁকির আওতায় পড়তে পারে।
তবে এখন পর্যন্ত এই নিরাপত্তাত্রুটি ব্যবহার করে কোনো সাইবার হামলা কিংবা ক্রিপ্টোকারেন্সি চুরির ঘটনা নিশ্চিত হয়নি। বাইন্যান্সের এক মুখপাত্র জানিয়েছেন, এই দুর্বলতা কাজে লাগিয়ে কারও ক্রিপ্টোকারেন্সি ওয়ালেটে প্রবেশ বা অর্থ চুরির কোনো প্রমাণ তাদের কাছে নেই। এদিকে গত সোমবার আইফোন ব্যবহারকারীদের জন্য নতুন নিরাপত্তা হালনাগাদ প্রকাশ করেছে অ্যাপল। আইওএস ২৬.৭.৩ ও আইওএস ২৭.২.১ সংস্করণসহ পুরোনো মডেলের আইফোনের জন্যও হালনাগাদ দেওয়া হয়েছে। এতে একাধিক নিরাপত্তাত্রুটি সংশোধনের কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।
তবে বাইন্যান্সের শনাক্ত করা ‘ওয়ার্স-কোয়েরি’ নামের নির্দিষ্ট দুর্বলতাটি এই হালনাগাদে পুরোপুরি সংশোধন হয়েছে কি না, সে বিষয়ে অ্যাপল স্পষ্ট করে কিছু জানায়নি। তাই আইফোন ব্যবহারকারীদের জন্য সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। বিশেষ করে অপরিচিত উৎস থেকে অ্যাপ ইনস্টল করা এবং ব্যক্তিগত তথ্য সংরক্ষণের ক্ষেত্রে বাড়তি সতর্কতা জরুরি।