টেকনাফের পাহাড়ি গোপন আস্তানা থেকে বঙ্গোপসাগরের গভীর জলরাশি—মানবপাচারকারীদের ভয়ংকর নেটওয়ার্ক বিস্তৃত হচ্ছে পুরো উপকূলজুড়ে। কখনো চাকরির প্রলোভন, কখনো বিদেশে উন্নত জীবনের স্বপ্ন দেখিয়ে, আবার কখনো অপহরণ করে মানুষকে জিম্মি করছে চক্রগুলো। পরে মুক্তিপণ আদায় কিংবা সাগরপথে মালয়েশিয়া ও থাইল্যান্ডে পাচারের চেষ্টা চলছে। এই চক্রের শিকার হচ্ছেন দেশের বিভিন্ন জেলার মানুষ এবং মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গারা।
গত ৫ নভেম্বর টেকনাফের রঙ্গীখালী এলাকার গহিন পাহাড়ে মানবপাচারকারীদের আস্তানায় যৌথ বাহিনীর অভিযানে গোলাগুলিতে এক সেনাসদস্য নিহত হন। ওই অভিযানে নারী ও শিশুসহ জিম্মি অবস্থায় থাকা ৫৭ জনকে উদ্ধার করা হয়। আটক করা হয় পাচার চক্রের পাঁচ সদস্যকে। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকও ছিলেন।
ভুক্তভোগীদের কয়েকজন জানিয়েছেন, চাকরির প্রলোভন দেখিয়ে তাদের কক্সবাজারে আনা হয়েছিল। পরে পাহাড়ের গোপন আস্তানায় আটকে রেখে নির্যাতন করা হয়। মালয়েশিয়া যাওয়ার জন্য জনপ্রতি সাড়ে তিন লাখ টাকা, আর বাড়ি ফিরতে চাইলে চার লাখ টাকা পর্যন্ত দাবি করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে। মানবপাচার প্রতিরোধে অভিযান চললেও কৌশল বদলে তৎপরতা চালিয়ে যাচ্ছে চক্রগুলো। পাহাড় থেকে মানুষ সংগ্রহ, গোপন আস্তানায় আটকে রাখা, পাহারা দেওয়া এবং পরে উপকূলে পৌঁছে দেওয়ার জন্য একাধিক ধাপে কাজ করছে তারা।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্য অনুযায়ী, ২০১৬ থেকে ২০২৫ সাল পর্যন্ত কক্সবাজার উপকূল দিয়ে মালয়েশিয়া যাওয়ার চেষ্টাকালে ৩ হাজার ৫৩৪ জনকে উদ্ধার করা হয়েছে। তাদের অধিকাংশই রোহিঙ্গা। আর ২০১২ সাল থেকে ২০২৫ সালের আগস্ট পর্যন্ত কক্সবাজার জেলায় মানবপাচারের অভিযোগে মামলা হয়েছে ৪৬২টি। গত দুই বছরে কোস্ট গার্ডের বিভিন্ন অভিযানেও উদ্ধার হয়েছেন সহস্রাধিক মানুষ। ২০২৫ সালের ১৯ সেপ্টেম্বর টেকনাফের বাহারছড়ায় যৌথ অভিযানে উদ্ধার করা হয় ৬৬ জনকে। তাদের মধ্যে ছিলেন ২৩ নারী, ২২ পুরুষ ও ২১ শিশু। মালয়েশিয়ায় পাঠানোর উদ্দেশ্যে তাদের পাহাড়ের গোপন আস্তানায় আটকে রাখা হয়েছিল।
কোস্ট গার্ড জানিয়েছে, পাচারকারীদের ঠেকাতে এখন শুধু সমুদ্রে ট্রলার আটকানো হচ্ছে না; উপকূলীয় এলাকা ও পাহাড়ের গোপন আস্তানাগুলোতেও নজরদারি বাড়ানো হয়েছে। জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক দপ্তরের ২০২৪ সালের গবেষণা অনুযায়ী, টেকনাফ ও চট্টগ্রামের আনোয়ারা থেকে সমুদ্রপথে মানুষকে মিয়ানমারের পশ্চিমাঞ্চলে নেওয়া হয়। সেখান থেকে থাইল্যান্ড হয়ে মালয়েশিয়ায় পাঠানো হয়। এই বিপজ্জনক যাত্রায় সময় লাগে পাঁচ থেকে দশ দিন পর্যন্ত।
তবে পাচারের শিকার মানুষের জন্য সবচেয়ে ভয়াবহ বিপদ অপেক্ষা করে সাগরে। ধারণক্ষমতার বেশি মানুষ তোলা হয় ট্রলারে। থাকে না পর্যাপ্ত খাবার, বিশুদ্ধ পানি কিংবা চিকিৎসার ব্যবস্থা। ইঞ্জিন বিকল, বৈরী আবহাওয়া ও ট্রলারডুবিতে প্রাণহানির ঝুঁকি থাকে প্রতিনিয়ত। জাতিসংঘের মানবাধিকারবিষয়ক বিশেষজ্ঞদের গত ২৯ জুলাই প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, ২০২৫ সালে ছয় হাজার পাঁচশর বেশি রোহিঙ্গা বিপজ্জনক সমুদ্রযাত্রায় অংশ নেন। তাদের মধ্যে আনুমানিক ৯০০ জনের মৃত্যু হয়েছে। অর্থাৎ প্রতি সাতজন যাত্রীর একজনের মৃত্যু অথবা নিখোঁজ হওয়ার তথ্য পাওয়া গেছে।