রংপুরের তারাগঞ্জে চলন্ত বাস থেকে নিচে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ উঠেছে বাসের কর্মীদের বিরুদ্ধে। রোববার (১৫ নভেম্বর) সকাল আটটার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জ উপজেলার জিগাতলা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ লোকজন মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পুলিশ বাসটির চালক ও সুপারভাইজারকে আটক করেছে। নিহত ব্যক্তিরা হলেন নীলফামারী সদর উপজেলার বসুনিয়াপাড়া এলাকার মুকুল বসুনিয়া (২৮) ও শাকিব বসুনিয়া (২২)।
বাসের আরেক যাত্রী একই এলাকার আতিক বসুনিয়ার অভিযোগ, বাসের কর্মীরা তাঁর কাছে থাকা টাকা নেওয়ার উদ্দেশ্যে তাঁকে জিম্মি করেন। তাঁর গলায় গামছা পেঁচিয়ে আটকে রাখা হয়। এ সময় মুকুল ও শাকিব তাঁকে রক্ষা করতে এগিয়ে গেলে বাসটি চলন্ত অবস্থায় তাঁদের লাথি মেরে নিচে ফেলে দেওয়া হয়। পরে তিনি চিৎকার শুরু করেন। একটি মাইক্রোবাসের চালক ঘটনাটি দেখে চিকলী এলাকায় বাসটির পথরোধ করেন। এরপর স্থানীয় লোকজন এগিয়ে এসে বাসটি আটকান। আতিকের আশঙ্কা, বাসটি আটকানো না হলে তাঁকেও প্রাণে মেরে ফেলা হতো।
নিহত শাকিবের বড় ভাই শাকিল বসুনিয়া জানান, তাঁর ছোট ভাইসহ এলাকার ছয়জন কুমিল্লার ময়নামতি এলাকা থেকে সায়মন এক্সক্লুসিভ পরিবহনের একটি বাসে বাড়ি ফিরছিলেন। তাঁদের চাচা আতিকের কাছে তিন লাখ টাকা ছিল। তারাগঞ্জ পার হওয়ার পর বাস থেকে অন্যদের নামিয়ে দিয়ে আতিককে জিম্মি করা হয়। তাঁকে বাঁচাতে মুকুল ও শাকিব এগিয়ে গেলে বাসের কর্মীরা তাঁদের ধাক্কা ও লাথি মেরে সড়কে ফেলে দেন বলে অভিযোগ করেন তিনি। তারাগঞ্জ ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকাল আটটার দিকে খবর পেয়ে উদ্ধারকারী দল জিগাতলা এলাকায় পৌঁছে সড়কের পাশে দুজনকে পড়ে থাকতে দেখে। তাঁদের একজন ঘটনাস্থলেই মারা যান। অপরজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
উদ্ধারকারী দলের সদস্য ফায়ার ফাইটার বেনজির আহমেদ জানান, ঘটনাস্থলে গিয়ে তাঁরা কোনো সড়ক দুর্ঘটনার আলামত পাননি। স্থানীয় লোকজন তাঁদের জানিয়েছেন, ওই দুই যাত্রীকে চলন্ত বাস থেকে ফেলে দেওয়া হয়েছে। তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোনাব্বর হোসেন বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এ ঘটনায় বাসের চালক ও সুপারভাইজারকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।