এফডিসি প্রাঙ্গণে চলচ্চিত্র শিল্পী সমিতিকে ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে। পূর্বঘোষিত মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচিতে অংশ না নেওয়াকে কেন্দ্র

জাতীয়তাবাদী সংস্থার মানববন্ধনে অনুপস্থিতি, জয় চৌধুরীকে ‘ফ্যাসিস্ট’ বললেন হেলাল খান

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১৬ নভেম্বর ২০২৬, সকাল ৯:৪২ সময় , আপডেট সময় : ১৬ নভেম্বর ২০২৬, সকাল ৯:৪২ সময়

এফডিসি প্রাঙ্গণে চলচ্চিত্র শিল্পী সমিতিকে ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে। পূর্বঘোষিত মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচিতে অংশ না নেওয়াকে কেন্দ্র করে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ও চিত্রনায়ক জয় চৌধুরী এবং চিত্রনায়ক ও জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার আহ্বায়ক হেলাল খানের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়েছে।


রোববার ১৫ নভেম্বর বিকেলে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে এফডিসির প্রধান ফটকের সামনে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে চলচ্চিত্রসংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তি অংশ নিলেও এফডিসিতে অবস্থান করেও জয় চৌধুরীসহ শিল্পী সমিতির কয়েকজন সদস্য সেখানে উপস্থিত ছিলেন না। বিষয়টি নিয়ে আয়োজকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। মানববন্ধন শেষ হওয়ার পর শিল্পী সমিতির কার্যালয়ের সামনে গিয়ে জয় চৌধুরীসহ কয়েকজনের কাছে কর্মসূচিতে অনুপস্থিত থাকার কারণ জানতে চান হেলাল খান। এ সময় জয় চৌধুরী বিষয়টি ব্যাখ্যা করার চেষ্টা করলেও তাতে সন্তুষ্ট হননি হেলাল খান।


একপর্যায়ে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হলে হেলাল খান জয় চৌধুরীকে উদ্দেশ করে ‘তুই ফ্যাসিস্ট, স্বৈরাচারের দোসর’ বলে মন্তব্য করেন। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এফডিসিকে ফ্যাসিস্টমুক্ত করার কথাও বলতে শোনা যায় তাকে। সেখানে উপস্থিত আরও কয়েকজনের প্রতিও ক্ষোভ প্রকাশ করেন হেলাল খান। তবে ঘটনার বিষয়ে ভিন্ন ব্যাখ্যা দিয়েছেন জয় চৌধুরী। তিনি জানান, পুরো বিষয়টি মূলত ভুল-বোঝাবুঝি থেকে তৈরি হয়েছে। তার দাবি, শিল্পী সমিতির সামনে বসে থাকা কয়েকজন ব্যক্তি চিত্রনায়ক ডি এ তায়েবের ভক্ত ছিলেন। ডি এ তায়েবকে সমর্থন করে কথা বলা এবং মানববন্ধনে যেতে কিছুটা দেরি হওয়ায় হেলাল খান ক্ষুব্ধ হয়ে তাকে ওই মন্তব্য করেছেন।


ঘটনাটি চলচ্চিত্র অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি করেছে। কারণ, চলচ্চিত্রের ১৯টি সংগঠন নিয়ে গঠিত সম্মিলিত প্ল্যাটফর্ম ‘উনিশ সংগঠন’-এর আহ্বায়ক হেলাল খান, সদস্যসচিব শিল্পী সমিতির সভাপতি শিবা শানু এবং মুখপাত্র জয় চৌধুরী। একই সাংগঠনিক প্ল্যাটফর্মের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা ব্যক্তিদের মধ্যে প্রকাশ্যে এমন বিরোধ দেখা দেওয়ায় বিষয়টি নিয়ে চলচ্চিত্রসংশ্লিষ্টদের মধ্যেও উদ্বেগ তৈরি হয়েছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯