আসন্ন পবিত্র রমজান মাসে খেজুর, মাল্টা ও আপেলের সরবরাহ স্বাভাবিক রাখা এবং বাজারে দাম সহনীয় পর্যায়ে রাখতে এসব পণ্য আমদানিতে শুল্ক ও কর কমিয়েছে সরকার। খেজুরের কাস্টমস শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। পাশাপাশি মাল্টা ও আপেল আমদানিতে মোট করভার ১২১ দশমিক ৭৮ শতাংশ থেকে নামিয়ে ৬১ শতাংশ নির্ধারণ করা হয়েছে। রোববার (১৫ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত অনুমোদন দেওয়া হয়। অভ্যন্তরীণ সম্পদ বিভাগের পক্ষ থেকে প্রস্তাবটি উত্থাপন করা হয়েছিল। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, আগামী বছরের ১০ মার্চ পর্যন্ত খেজুর আমদানিতে ৫ শতাংশ কাস্টমস শুল্ক কার্যকর থাকবে। আগে এই পণ্যের ওপর শুল্কের হার ছিল ২৫ শতাংশ। অন্যদিকে, আগামী ২৪ জানুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত মাল্টা ও আপেল আমদানিতে কমানো করহার বহাল থাকবে। নির্দিষ্ট শুল্ক শ্রেণির মাল্টা ও আপেলের ক্ষেত্রে মোট করভার ১২১ দশমিক ৭৮ শতাংশ থেকে কমিয়ে ৬১ শতাংশ করা হয়েছে।
এদিকে, মূল্য সংযোজন কর বা ভ্যাট এবং সম্পূরক শুল্ক আইনের সংশোধনী খসড়াতেও নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এর ফলে ভ্যাটের দাখিলপত্র জমা দেওয়ার সময়সীমা ও পদ্ধতিতে পরিবর্তন আসছে। নতুন বিধান অনুযায়ী, প্রতি মাসে বা প্রতিটি কর মেয়াদ শেষে ভ্যাটের দাখিলপত্র জমা দেওয়ার বাধ্যবাধকতার পরিবর্তে প্রতি তিন কর মেয়াদ বা তিন মাস পরবর্তী ১৫ দিনের মধ্যে দাখিলপত্র জমা দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল। তবে এই পরিবর্তনের কারণে মাঠপর্যায়ে রাজস্ব আদায়ে বিভিন্ন প্রতিবন্ধকতা দেখা দেয়। এ পরিস্থিতিতে ২০১২ সালের মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইনের ৬৪ ধারা সংশোধনের প্রয়োজন দেখা দেয়।
সংসদের অধিবেশন চলমান না থাকায় মন্ত্রিসভার অনুমোদনের ভিত্তিতে সংবিধানের ৯৩ অনুচ্ছেদের ১ উপধারার ক্ষমতাবলে রাষ্ট্রপতি গত ১৪ অক্টোবর ২০২৬ তারিখে এ সংক্রান্ত একটি অধ্যাদেশ জারি করেন। এবার সেই অধ্যাদেশকে আইনে রূপান্তরের লক্ষ্যে ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। আইন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগের যাচাই-বাছাই শেষে এটি জাতীয় সংসদের চলতি অধিবেশনে উপস্থাপনের প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে।