রাজধানীর মোহাম্মদপুরে এজেআর কুরিয়ার সার্ভিসের একটি ওয়্যারহাউজে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার (১৫ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে একদল দুর্বৃত্ত ওয়্যারহাউজটিতে হামলা চালিয়ে বিস্ফোরণ ঘটায়। একই দিন প্রতিষ্ঠানটির তিনটি গাড়িতেও হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।
ওয়্যারহাউজে বিস্ফোরণের ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহত কিংবা ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি। কারা এবং কী উদ্দেশ্যে এ হামলা চালিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এর আগে রোববার রাত দেড়টা থেকে পৌনে ২টার মধ্যে মোহাম্মদপুরের বেড়িবাঁধের বোড়ঘাট এলাকায় কুরিয়ার সার্ভিসটির তিনটি গাড়িতে হামলা চালানো হয়। অভিযোগ রয়েছে, ২০ থেকে ২৫ জন দুর্বৃত্ত গাড়িগুলোর পথ আটকে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে তিনটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়।
হামলার শিকার গাড়িগুলো হলো ঢাকা মেট্রো-ন-১১-৭৭৭৭, ঢাকা মেট্রো-ড-১১-৪৮২৯ এবং ঢাকা মেট্রো-ট-১৩-৭৮২৭ নম্বরের যানবাহন।
অভিযোগ অনুযায়ী, হামলার সময় দুর্বৃত্তরা গাড়িচালকদের হুমকি দিয়ে জানায়, তাদের বড় ভাইয়ের সঙ্গে কথা বলে বিষয়টির সমাধান না হওয়া পর্যন্ত ওয়্যারহাউজ থেকে কোনো গাড়ি বের করা যাবে না। অন্যথায় আবারও হামলা চালানো হবে বলেও সতর্ক করে তারা। একই দিনে প্রথমে কুরিয়ার সার্ভিসটির গাড়িতে হামলা ও পরে ওয়্যারহাউজে ককটেল বিস্ফোরণের ঘটনায় প্রতিষ্ঠানটির নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। তবে এসব ঘটনার পেছনে কারা জড়িত এবং হামলার কারণ কী, তা এখনো জানা যায়নি।