সরকারি হাসপাতালে আকস্মিক পরিদর্শনে প্রায় ৪০ শতাংশ চিকিৎসককে কর্মস্থলে পাওয়া যায়নি। অন্যদিকে, রোগীদের বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা করানোর

ডায়াগনস্টিক পরীক্ষায় বছরে ১৮৬১ কোটি টাকা কমিশন পান চিকিৎসকরা

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১৬ নভেম্বর ২০২৬, দুপুর ৩:৪৫ সময় , আপডেট সময় : ১৬ নভেম্বর ২০২৬, দুপুর ৩:৪৫ সময়

সরকারি হাসপাতালে আকস্মিক পরিদর্শনে প্রায় ৪০ শতাংশ চিকিৎসককে কর্মস্থলে পাওয়া যায়নি। অন্যদিকে, রোগীদের বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা করানোর জন্য পাঠিয়ে পরীক্ষার ফির ২০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত কমিশন নেওয়ার অভিযোগ উঠেছে। বড় ডায়াগনস্টিক সেন্টারগুলোতে এ ধরনের কমিশন লেনদেনের পরিমাণ বছরে প্রায় ১ হাজার ৮৬১ কোটি টাকা হতে পারে বলে উঠে এসেছে এক গবেষণায়। বাংলাদেশ হেলথ ওয়াচের ২০২৫-২৬ সালের দ্বিবার্ষিক প্রতিবেদনে স্বাস্থ্য খাতের দুর্নীতি, অনিয়ম ও অব্যবস্থাপনার এমন চিত্র তুলে ধরা হয়েছে। গতকাল ঢাকার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ১৯১ পৃষ্ঠার প্রতিবেদনটি প্রকাশ করা হয়।


প্রতিবেদনে কেন্দ্রীয় ঔষধাগারের কেনাকাটায় ৪৫৯ কোটি টাকার ক্ষতি এবং ২৮৩ কোটি টাকার চিকিৎসা সরঞ্জাম অব্যবহৃত পড়ে থাকার তথ্য দেওয়া হয়েছে। কিছু সরঞ্জাম বাজারদরের তুলনায় ১৮ গুণ পর্যন্ত বেশি দামে কেনার বিষয়টিও উঠে এসেছে। প্রতিবেদনটির সম্পাদক বাংলাদেশ হেলথ ওয়াচের আহ্বায়ক ডা. আহমেদ মুশতাক রাজা চৌধুরী এবং আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের ইমেরিটাস বিজ্ঞানী ডা. শামস এল আরেফিন। ১৭ জন গবেষকের লেখা ১১টি অধ্যায় নিয়ে তৈরি হয়েছে প্রতিবেদনটি। এতে সহায়তা করেছে সুইডেন দূতাবাস ও সুইডিশ আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা সংস্থা।


প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে ডা. শামস এল আরেফিন বলেন, দুর্বল সুশাসন, জবাবদিহির অভাব, স্বার্থের সংঘাত নিয়ন্ত্রণে ব্যর্থতা এবং তদারকির সমন্বয়হীনতা স্বাস্থ্য খাতে দুর্নীতির সুযোগ তৈরি করছে। অনিয়মকে স্বাভাবিক হিসেবে মেনে নেওয়ার প্রাতিষ্ঠানিক সংস্কৃতিও পরিস্থিতিকে আরও জটিল করছে। স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত বলেন, শুধু কোনো ব্যক্তিকে শাস্তি দিয়ে স্বাস্থ্য খাতের দুর্নীতি দূর করা সম্ভব নয়। এ জন্য পুরো ব্যবস্থায় কাঠামোগত সংস্কার প্রয়োজন। আর্থিক অনিয়ম ও দরপত্র কারসাজির পাশাপাশি বিশেষ গোষ্ঠীর স্বার্থে নীতি ও কৌশল প্রভাবিত করাকেও দুর্নীতির অংশ বলে উল্লেখ করেন তিনি।


সরকারি হাসপাতালে রোগীদের ভোগান্তির নানা ঘটনাও উঠে এসেছে প্রতিবেদনে। দালালের দৌরাত্ম্য, শয্যা বরাদ্দ ও ছাড়পত্রের বিনিময়ে অবৈধ অর্থ আদায় এবং রোগীদের বেসরকারি ক্লিনিকে পাঠানোর অভিযোগ রয়েছে। একটি ঘটনায় অস্ত্রোপচারের তারিখ ঠিক করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে এক ওয়ার্ডবয় বৃদ্ধ রোগীর কাছ থেকে পাঁচ হাজার টাকা নেন। অথচ ওই ওয়ার্ডে অস্ত্রোপচারের কোনো ব্যবস্থাই ছিল না। পরে শাস্তিমূলক ব্যবস্থা না নিয়ে ওই কর্মচারীকে অন্যত্র বদলি করা হয়। চিকিৎসকদের অনুপস্থিতির চিত্রও উদ্বেগজনক। আকস্মিক পরিদর্শনে প্রায় ৪০ শতাংশ চিকিৎসককে কর্মস্থলে পাওয়া যায়নি। প্রত্যন্ত অঞ্চলের কিছু স্বাস্থ্যকেন্দ্রে পরবর্তী এক গবেষণায় অনুপস্থিতির হার ৭০ শতাংশের বেশি পাওয়া গেছে। দায়িত্ব পালন না করেও বেতন-ভাতা নেওয়া ভুতুড়ে চিকিৎসকদের বিষয়টিও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।


এ ছাড়া স্বাস্থ্য খাতের ১ লাখ ৮০ হাজারের বেশি কর্মীর নিয়োগ, বদলি ও পদোন্নতিতে রাজনৈতিক প্রভাব এবং কাগজনির্ভর ব্যবস্থাপনার দুর্বলতা চিহ্নিত করা হয়েছে। ২০২১ সালে ২ হাজার ৮৩৯ জন স্বাস্থ্যকর্মীর নিয়োগ বাতিলের ঘটনাও প্রতিবেদনে তুলে ধরা হয়েছে। নিয়ন্ত্রক সংস্থাগুলোর স্বাধীনতা নিয়েও প্রশ্ন উঠেছে। বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের প্রায় ৯০ জন সদস্যের মধ্যে ৭০ জনই সরকারের সঙ্গে সংশ্লিষ্ট বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পর্যালোচনা করা ছয়টি নিয়ন্ত্রক সংস্থার কোনোটিতেই রোগী বা সাধারণ মানুষের কার্যকর প্রতিনিধিত্ব নেই।


চিকিৎসায় অবহেলার অভিযোগ নিষ্পত্তিতেও দীর্ঘসূত্রতা দেখা গেছে। ২০১০ সাল থেকে ২০২৫ সালের মে পর্যন্ত বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলে ১৭২টি অভিযোগ জমা পড়ে। এর মধ্যে ৭৯টি এখনো নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে এবং ২৯টি ঘটনায় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। চিকিৎসাশিক্ষার ক্ষেত্রেও মান নিয়ন্ত্রণের ঘাটতি চিহ্নিত করেছে গবেষণাটি। ২০১০ সালে দেশে মেডিকেল কলেজ ছিল ৬২টি, যা ২০২২-২৩ সালে বেড়ে ১১৮টিতে দাঁড়ায়। তবে শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা বাড়লেও মান নিয়ন্ত্রণ ও তদারকিতে একই মাত্রায় উন্নতি হয়নি।


এসব অনিয়ম বন্ধে রোগীদের অন্য প্রতিষ্ঠানে পাঠানোর বিনিময়ে চিকিৎসকদের কমিশন নেওয়া আইনত নিষিদ্ধ করা, ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম উৎপাদনকারী প্রতিষ্ঠানের সঙ্গে চিকিৎসকদের আর্থিক সম্পর্ক প্রকাশ বাধ্যতামূলক করা এবং চিকিৎসায় অবহেলার অভিযোগ নিষ্পত্তির জন্য আইনি কাঠামো তৈরির সুপারিশ করেছে বাংলাদেশ হেলথ ওয়াচ। পাশাপাশি ডিজিটাল মানবসম্পদ তথ্যব্যবস্থা চালু, প্রত্যন্ত অঞ্চলে কর্মরত স্বাস্থ্যকর্মীদের প্রণোদনা, সরকারি কেনাকাটার তথ্য প্রকাশ এবং চিকিৎসা সরঞ্জাম কেনা থেকে ব্যবহার পর্যন্ত পূর্ণাঙ্গ ব্যবস্থাপনা নিশ্চিত করার কথা বলা হয়েছে। অনিয়মের তথ্য প্রকাশকারীদের সুরক্ষা এবং নিয়ন্ত্রক সংস্থাগুলোতে রোগী ও সাধারণ মানুষের প্রতিনিধিত্ব নিশ্চিত করার সুপারিশও রয়েছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯