মওলানা আবদুল হামিদ খান ভাসানী শুধু একজন রাজনৈতিক নেতা ছিলেন না, বরং উপমহাদেশের রাজনীতি ও মুক্তিসংগ্রামের ইতিহাসে ছিলেন এক অনন্য ব্যক্তিত্ব। শোষণ, বঞ্চনা, বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আজীবন সংগ্রাম করে তিনি জায়গা করে নিয়েছেন সাধারণ মানুষের হৃদয়ে। এমন মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দেওয়া এক বাণীতে রাষ্ট্রপতি এসব কথা বলেন। তিনি জানান, দীর্ঘ রাজনৈতিক জীবনে ভাসানী কৃষক, শ্রমিকসহ খেটে খাওয়া মানুষের অধিকার প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করেছেন। তাঁর আপসহীন সংগ্রামী জীবন এবং সাধারণ মানুষের প্রতি গভীর ভালোবাসার কারণে তিনি ‘মজলুম জননেতা’ হিসেবে পরিচিতি পেয়েছেন। রাষ্ট্রপতি বলেন, ঔপনিবেশিক শাসনবিরোধী আন্দোলন থেকে শুরু করে কৃষক আন্দোলন, ভাষা আন্দোলন, যুক্তফ্রন্টের নির্বাচন, স্বায়ত্তশাসনের দাবি এবং বাংলাদেশের স্বাধীনতাসংগ্রামের প্রতিটি গুরুত্বপূর্ণ পর্যায়ে মওলানা ভাসানীর ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে আছে।
১৯৪৯ সালের ২৩ জুন প্রতিষ্ঠিত তৎকালীন পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন তিনি। পরবর্তী সময়ে ১৯৫৭ সালের ২৫ জুলাই প্রতিষ্ঠা করেন ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপ। ১৯৫৭ সালের ঐতিহাসিক কাগমারী সম্মেলনে ভাসানী প্রথম বাংলাদেশের স্বাধীনতার কথা তুলে ধরেন। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধেও তিনি স্বাধীনতার পক্ষে দৃঢ় অবস্থান নেন এবং প্রবাসী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।
স্বাধীনতার পরও জাতীয় স্বার্থ ও মানুষের অধিকার আদায়ের আন্দোলনে সক্রিয় ছিলেন তিনি। বিশেষ করে ১৯৭৬ সালে গঙ্গার পানির ন্যায্য হিস্যার দাবিতে তাঁর নেতৃত্বে অনুষ্ঠিত ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ দেশের অধিকার আদায়ের সংগ্রামে গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হয়ে রয়েছে। রাষ্ট্রপতি আরও বলেন, ন্যায়বিচার, সাম্য এবং বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় মওলানা ভাসানীর জীবনাদর্শ আজও অনুপ্রেরণার উৎস। তাঁর দেশপ্রেম ও সংগ্রামী চেতনা ভবিষ্যৎ প্রজন্মকে মানুষের অধিকার প্রতিষ্ঠায় সাহস জোগাবে বলে তিনি দৃঢ় বিশ্বাস ব্যক্ত করেন।