দিনের বেলায় ক্রেতা সেজে দোকানে একাধিকবার যাতায়াত, এরপর রাতের অন্ধকারে শাটারের তালা কেটে লুটপাট। বরিশাল নগরীর সদর রোডের

দিনে ক্রেতা সেজে রেকি, রাতে তালা কেটে আইফোনসহ ৬১ লাখ টাকার মালামাল চুরি

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১৭ নভেম্বর ২০২৬, দুপুর ১১:৪০ সময় , আপডেট সময় : ১৭ নভেম্বর ২০২৬, দুপুর ১১:৪০ সময়

দিনের বেলায় ক্রেতা সেজে দোকানে একাধিকবার যাতায়াত, এরপর রাতের অন্ধকারে শাটারের তালা কেটে লুটপাট। বরিশাল নগরীর সদর রোডের ফাতেমা সেন্টারে একটি মোবাইল ফোনের দোকানে পরিকল্পিত চুরির এমন ঘটনা ঘটেছে। দোকানটি থেকে ৩৬টি আইফোনসহ বিভিন্ন ব্র্যান্ডের মোট ৫৫টি মোবাইল ফোন এবং নগদ ৬ লাখ ১০ হাজার টাকা নিয়ে গেছে চোরচক্র। দোকানমালিকের দাবি, চুরি হওয়া মালামালের মোট মূল্য প্রায় ৬১ লাখ ১০ হাজার টাকা।


দোকানমালিক নাঈম জানান, রোববার (১৫ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে প্রতিদিনের মতো দোকান বন্ধ করে বাসায় চলে যান তিনি। পরদিন সোমবার সকাল সাড়ে ৯টার দিকে দোকান খুলতে এসে শাটারের তালা কাটা অবস্থায় দেখতে পান। পরে ভেতরে প্রবেশ করে শোকেসে রাখা বিভিন্ন মডেলের আইফোন, গুগল পিক্সেলসহ মোট ৫৫টি মোবাইল ফোনের কোনোটি খুঁজে পাননি। একই সঙ্গে ক্যাশবাক্সে রাখা ব্যবসার নগদ ৬ লাখ ১০ হাজার টাকাও চুরি হয়েছে। দোকানমালিকের অভিযোগ, চুরির আগে রোববার বিকেল থেকেই কয়েকজন ব্যক্তি ক্রেতা সেজে একাধিকবার দোকানে আসেন। কেউ মোবাইলের ব্যাটারি কিনতে চান, আবার কেউ বিভিন্ন মডেলের ফোন দেখতে চান। এভাবে তারা দোকানের ভেতরের পরিবেশ ও নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করেন।


দোকান ও মার্কেটের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, বিকেলে প্রথমে এক যুবক ব্যাটারি খুঁজতে দোকানে আসেন। পরে তিন যুবক একসঙ্গে ক্রেতা সেজে দোকানে প্রবেশ করেন। রাতের আরেকটি ফুটেজে দেখা যায়, ওই তিনজনই কাঁধে ব্যাগ নিয়ে দোকানের সামনে আসেন। তাদের একজন ব্যাগ থেকে তালা কাটার যন্ত্র বের করে শাটারের তালা কাটেন। এরপর একজনকে দুটি ব্যাগসহ দোকানের ভেতরে ঢুকতে দেখা যায়। বাইরে থাকা অন্য দুজন মোবাইল ফোনে কথা বলার ভান করে পাহারা দেন। চুরি শেষে তারা ঘটনাস্থল ছেড়ে চলে যান। বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম জানান, এ ঘটনায় সোমবার দুপুরে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে। ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একটি দল কাজ করছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯