কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে তেল সরবরাহ আবার স্বাভাবিক হতে শুরু করায় বিশ্ববাজারে কমেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। মঙ্গলবার (১৭ নভেম্বর) আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ও যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের দাম ৩ শতাংশের বেশি কমেছে।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বাজারের সর্বশেষ তথ্য অনুযায়ী, ব্রেন্ট ক্রুডের দাম ৩ দশমিক ৬ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯২ দশমিক ৪৪ ডলারে নেমে এসেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআই তেলের দাম কমেছে ৩ দশমিক ২ শতাংশ। এতে প্রতি ব্যারেল তেলের মূল্য দাঁড়িয়েছে ৮৫ দশমিক ৭২ ডলারে।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালি দিয়ে তেল সরবরাহ স্বাভাবিক হওয়ার ইঙ্গিত পাওয়ায় বাজারে সরবরাহ নিয়ে উদ্বেগ কিছুটা কমেছে। এর প্রভাব পড়েছে আন্তর্জাতিক বাজারে তেলের দামে। এদিকে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা শুক্রবার জানিয়েছে, চলতি বছরের চতুর্থ প্রান্তিকে বিশ্ববাজারে তেলের সরবরাহ চাহিদার তুলনায় বেশি হতে পারে। ফলে বছরের শেষ তিন মাসে আন্তর্জাতিক তেলের বাজার আবারও উদ্বৃত্ত অবস্থায় ফিরে আসবে বলে পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।
সূত্র: আল জাজিরা।