রাশিয়ার কুরস্ক অঞ্চলের কিছু অংশ পুনরুদ্ধারের অভিযানে অংশ নেওয়া উত্তর কোরীয় সেনাদের প্রশংসা করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

উত্তর কোরিয়ার প্রশংসা করলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১৭ নভেম্বর ২০২৬, বিকাল ৫:১৭ সময় , আপডেট সময় : ১৭ নভেম্বর ২০২৬, বিকাল ৫:১৭ সময়

রাশিয়ার কুরস্ক অঞ্চলের কিছু অংশ পুনরুদ্ধারের অভিযানে অংশ নেওয়া উত্তর কোরীয় সেনাদের প্রশংসা করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, রুশ সেনাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করা কোরীয় যোদ্ধাদের বীরত্ব মস্কো কখনো ভুলবে না। সোমবার (১৬ নভেম্বর) ক্রেমলিনে উত্তর কোরিয়ার ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সম্পাদক জো ইয়ং-ওনকে স্বাগত জানানোর সময় এসব কথা বলেন পুতিন।


বৈঠকের শুরুতে পুতিন জানান, ইউক্রেনের দখলে থাকা পশ্চিম রাশিয়ার কুরস্ক অঞ্চলের নিয়ন্ত্রণ ফিরিয়ে নেওয়ার অভিযানে রুশ বাহিনীর পাশাপাশি উত্তর কোরিয়ার সেনারাও অংশ নিয়েছিলেন। যৌথ সামরিক অভিযানে তাদের অবদানের স্মরণে চলতি বছরের শেষ নাগাদ কুরস্কে একটি স্মৃতিস্তম্ভ উন্মোচনের পরিকল্পনাও রয়েছে মস্কোর। এ ছাড়া কুরস্কের অবকাঠামো পুনর্গঠন এবং সেখানে স্বাভাবিক জীবনযাত্রা ফিরিয়ে আনতে উত্তর কোরিয়ার প্রকৌশল ও নির্মাণ ইউনিটগুলোর ভূমিকার প্রশংসা করেন রুশ প্রেসিডেন্ট।


জবাবে জো ইয়ং-ওন বলেন, তার এই সফর রুশ প্রেসিডেন্ট পুতিনের প্রতি উত্তর কোরিয়ার দল ও সরকারের দৃঢ় সমর্থনের প্রতিফলন। তিনি বহুমেরু বিশ্বব্যবস্থা প্রতিষ্ঠার প্রচেষ্টায় মস্কোর পাশে থাকার কথা জানান। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর বিরুদ্ধে নব্য-উপনিবেশবাদ এবং নব্য-নাৎসিবাদ পুনরুজ্জীবিত করার চেষ্টার অভিযোগ তুলে এসব উদ্যোগ মোকাবিলায় রাশিয়ার প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেন। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, উত্তর কোরিয়া থেকে রাশিয়ার কাছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহ বাড়ছে। তার ভাষ্য, এই সরবরাহ প্রতি মাসে কয়েক ডজনে পৌঁছেছে।


জেলেনস্কি আরও বলেন, জার্মানি, ফ্রান্স, যুক্তরাজ্য ও ইতালিসহ ইউরোপের কয়েকটি দেশের কাছে কার্যকর হামলা চালানোর সক্ষমতাসম্পন্ন ক্ষেপণাস্ত্র রয়েছে। রাশিয়ায় অবস্থান করা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণব্যবস্থা ধ্বংসের বিষয়টি আবারও আলোচনায় আনার আহ্বান জানান তিনি। উল্লেখ্য, ইউনাইটেড রাশিয়া পার্টির চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভের আমন্ত্রণে একটি দলীয় ও সরকারি প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়ে ১৪ নভেম্বর মস্কোয় পৌঁছান জো ইয়ং-ওন। ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়াকে সমর্থন দিতে উত্তর কোরীয় সেনা মোতায়েনের পর দুই দেশের সামরিক ও কূটনৈতিক সম্পর্ক আরও ঘনিষ্ঠ হওয়ার প্রেক্ষাপটেই অনুষ্ঠিত হচ্ছে এই সফর।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯