সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য ড. মুহাম্মদ ওসমান ফারুক। শারীরিক অসুস্থতা ও চিকিৎসাজনিত কারণে মঙ্গলবার (১৭ নভেম্বর) তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে। সংসদ সচিবালয়ের একটি সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, পদত্যাগপত্রে শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করেছেন ওসমান ফারুক। তিনি বেশ কিছুদিন ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। গত ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনেও ভোট দিতে পারেননি তিনি। সে সময়ও যুক্তরাষ্ট্রে ছিলেন এই সংসদ সদস্য।
তবে বিএনপির উচ্চপর্যায়ের একটি সূত্রের দাবি, মন্ত্রিত্ব না পাওয়ায় ওসমান ফারুকের মধ্যে অসন্তোষ ছিল। এ কারণেও তিনি পদত্যাগ করে থাকতে পারেন বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। যদিও এ বিষয়ে তার পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। ড. মুহাম্মদ ওসমান ফারুক বিএনপির ভাইস চেয়ারম্যান এবং সাবেক শিক্ষামন্ত্রী। ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নে ধানের শীষ প্রতীকে কিশোরগঞ্জ-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।
১৯৪০ সালের ১৮ জুলাই কিশোরগঞ্জে জন্মগ্রহণ করেন ওসমান ফারুক। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষে যুক্তরাষ্ট্রের টেক্সাস বিশ্ববিদ্যালয় ও কর্নেল বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করেন। এর আগে ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি। বিএনপি সরকারের সময় শিক্ষামন্ত্রীর দায়িত্বও পালন করেন ড. মুহাম্মদ ওসমান ফারুক।