শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে চলমান অনুসন্ধান শেষ হওয়ার আগেই সামনে এসেছে আরও বড় পরিসরের মামলার সম্ভাবনা। বিভিন্ন অভিযোগ আলাদাভাবে বিবেচনা করলে নতুন করে আরও ৩৭টি মামলা হতে পারে বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন। একই সঙ্গে শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল এবং বোনের মেয়ে ব্রিটিশ সংসদ সদস্য টিউলিপ সিদ্দিককে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করতে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আবেদন করা হয়েছে।
মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ে আয়োজিত নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান কমিশনের সচিব মো. সাইদুর রহমান খান। তিনি জানান, শেখ হাসিনা, তার বোন শেখ রেহানাসহ পরিবারের সদস্যদের বিরুদ্ধে এখন পর্যন্ত ২৪টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। এর মধ্যে ১৭টি মামলা তদন্তাধীন এবং সাতটির অভিযোগপত্র আদালতে জমা দেওয়া হয়েছে। এছাড়া পূর্বাচলে প্লট বরাদ্দের অভিযোগে করা ছয়টি মামলার রায়ও ইতোমধ্যে হয়েছে।
দুর্নীতি দমন কমিশনের কাছে শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে মোট ১৯টি অভিযোগ ছিল। এর মধ্যে সাতটি অভিযোগ মামলার মাধ্যমে নিষ্পত্তি হয়েছে। বাকি ১২টি অভিযোগ এখনো নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। নতুন মামলার সম্ভাবনা নিয়ে কমিশনের সচিব বলেন, চলমান অভিযোগগুলোর বিভিন্ন ঘটনা আলাদাভাবে হিসাব করলে আরও ৩৭টি মামলা করা সম্ভব। তবে তদন্তে অভিযোগ প্রমাণিত হলে মামলার সংখ্যা কম-বেশি হতে পারে। সংখ্যার চেয়ে তথ্য-প্রমাণের ভিত্তিতে আদালতে বিচার নিশ্চিত করাই কমিশনের মূল লক্ষ্য বলে জানান তিনি।
উদাহরণ হিসেবে তিনি বলেন, দেশের ৬৪ জেলায় নির্মিত মুজিব ম্যুরাল নিয়ে চাইলে আলাদাভাবে ৬৪টি মামলা করা সম্ভব ছিল। তবে অভিযোগের ধরন ও তদন্তের ফলাফল বিবেচনা করেই মামলার সংখ্যা নির্ধারণ করা হবে। এদিকে অনুসন্ধান ও তদন্তের অংশ হিসেবে দেশে-বিদেশে শেখ হাসিনা পরিবারের ১ হাজার ৬২ কোটি টাকার বেশি স্থাবর-অস্থাবর সম্পদ জব্দ করা হয়েছে বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন। পাশাপাশি যুক্তরাষ্ট্রে সজীব ওয়াজেদ জয়ের নামে নতুন সম্পদের সন্ধান পাওয়ার কথাও জানানো হয়েছে। এসব সম্পদের বিস্তারিত তথ্য জানতে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠিয়েছে কমিশন।
গণঅভ্যুত্থানের পর শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে রাষ্ট্রীয় অর্থ আত্মসাৎ, ক্ষমতার অপব্যবহার ও বিদেশে অর্থ পাচারের অভিযোগে অনুসন্ধান শুরু হয়। এর মধ্যে অবৈধভাবে প্লট গ্রহণ, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প থেকে অর্থ আত্মসাৎ ও বিদেশে পাচার, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদ্যাপন ঘিরে রাষ্ট্রের আর্থিক ক্ষতি এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। এছাড়া সিআরআই ও সূচনা ফাউন্ডেশনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে অনিয়ম ও দুর্নীতির অভিযোগও অনুসন্ধানের আওতায় রয়েছে। এসব মামলার আসামিদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতেই ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আবেদন করা হয়েছে বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন।