তিন বছরে মূল্যস্ফীতি বেড়েছে ২৬ শতাংশের বেশি। অথচ সেই তুলনায় বাড়েনি তৈরি পোশাকশ্রমিকদের মজুরি। ঢাকায় চার সদস্যের একটি

মজুরির প্রতিশ্রুতি পূরণ হয়নি, শ্রমিক অসন্তোষের দায় সরকারের: সংসদে হাসনাত

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১৮ নভেম্বর ২০২৬, দুপুর ১১:৪১ সময় , আপডেট সময় : ১৮ নভেম্বর ২০২৬, দুপুর ১১:৪১ সময়

তিন বছরে মূল্যস্ফীতি বেড়েছে ২৬ শতাংশের বেশি। অথচ সেই তুলনায় বাড়েনি তৈরি পোশাকশ্রমিকদের মজুরি। ঢাকায় চার সদস্যের একটি পরিবারের মাসিক খাবারের খরচ যেখানে ১২ থেকে ১৬ হাজার টাকা, সেখানে একজন পোশাকশ্রমিকের সর্বনিম্ন মাসিক মজুরি মাত্র ১২ হাজার টাকা। এমন পরিস্থিতিতে শ্রমিকদের আন্দোলনকে যৌক্তিক বলে মন্তব্য করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। মঙ্গলবার ১৭ নভেম্বর জাতীয় সংসদে তৈরি পোশাকশিল্পের শ্রমিক অসন্তোষ, জ্বালানি সংকট ও খাতটির নানা সমস্যা নিয়ে আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।


হাসনাত আবদুল্লাহ বলেন, শ্রমিকদের জাতীয় মজুরি ২০ হাজার টাকা নির্ধারণের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর মজুরি বোর্ডে সেই প্রতিশ্রুতির প্রতিফলন দেখা যাবে বলে আশা করা হয়েছিল। কিন্তু এখনো নির্ধারিত বৈঠকও অনুষ্ঠিত হয়নি বলে অভিযোগ করেন তিনি। তার মতে, শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করার পাশাপাশি শিল্পের টিকে থাকার জন্য মালিকদেরও ব্যবসাবান্ধব পরিবেশ দিতে হবে। কারণ শ্রমিক বাঁচলে শিল্প টিকবে, আর শিল্প টিকলেই দেশের অর্থনীতি সচল থাকবে। কিন্তু সরকারের অব্যবস্থাপনা ও বিভিন্ন বাধার কারণে পরিস্থিতি আরও জটিল হচ্ছে।


পোশাকশিল্পের মালিকদের সরকারি বিভিন্ন দপ্তরে অর্থ দিতে হয় বলেও অভিযোগ করেন এই সংসদ সদস্য। কাঁচামাল আমদানি, শুল্ক, ভ্যাট, বন্ডেড গুদাম, কারখানা পরিদর্শন থেকে শুরু করে পণ্য রপ্তানির অনুমোদন—প্রায় প্রতিটি ধাপেই অর্থ ব্যয়ের চাপ রয়েছে বলে দাবি করেন তিনি। এমনকি ঘুষকে ‘উপহার’ হিসেবে অভিহিত করার সংস্কৃতি তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন হাসনাত। তার অভিযোগ, এসব চাপ এড়াতে অনেক মালিক প্রভাবশালী নেতাদের পরামর্শক হিসেবে নিয়োগ দিয়ে একধরনের সুরক্ষা অর্থ দিতে বাধ্য হচ্ছেন। জ্বালানি সংকট নিয়েও সরকারের ভূমিকার সমালোচনা করেন তিনি। আন্তর্জাতিক পরিস্থিতির কারণে গ্যাস সরবরাহে সমস্যা তৈরি হতে পারে, তবে সেই সংকটকে কাজে লাগিয়ে দুর্নীতি ও অনিয়মের সুযোগ নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন হাসনাত। তৃতীয় ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনে ৬ হাজার ৩০০ কোটি টাকা অতিরিক্ত ব্যয়ের বিষয়েও সংসদে উত্থাপিত প্রশ্নের যথাযথ জবাব পাওয়া যায়নি বলে দাবি করেন তিনি।


এ ছাড়া জাতীয় দিবস ও বিভিন্ন সরকারি অনুষ্ঠান আয়োজনের জন্য ব্যবসাপ্রতিষ্ঠান থেকে অর্থ সংগ্রহের অভিযোগ তুলে তিনি বলেন, এ ধরনের ব্যয় কমানো গেলে ব্যবসায়ীদের ওপর চাপও কমবে। শ্রমিক আন্দোলনে আওয়ামী লীগের সম্পৃক্ততা রয়েছে বলেও অভিযোগ করেন হাসনাত। তার দাবি, আন্দোলনকে ব্যবহার করে দেশের অর্থনীতিতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা হচ্ছে। ভারতের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশের পরিস্থিতি অস্থিতিশীল করার প্রচেষ্টার বিষয়েও প্রশ্ন তোলেন তিনি।


সবশেষে দেশের তৈরি পোশাকশিল্পের ৪৫ বিলিয়ন ডলারের বাজার ধরে রাখার বিষয়ে সতর্ক করেন এই সংসদ সদস্য। তিনি দাবি করেন, নতুন ক্রয়াদেশের মৌসুমে বাংলাদেশের কিছু ক্রয়াদেশ ভারত ও ভিয়েতনামে চলে যাচ্ছে। রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা না গেলে এবং শ্রমিক-মালিক উভয় পক্ষের সমস্যা সমাধান না হলে এর প্রভাব পুরো অর্থনীতিতে পড়তে পারে। তাই শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা, মালিকদের ব্যবসা পরিচালনা সহজ করা এবং দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে সরকার ও বিরোধী দলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান হাসনাত আবদুল্লাহ।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯