নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। থানায় হামলা, পুলিশের গাড়িতে আগুন এবং সংসদ সদস্যের বাড়িসহ একাধিক বাড়িতে অগ্নিসংযোগের পর বুধবার সকাল থেকে পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা জুড়ে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে টুঙ্গিপাড়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের কয়েকজন নেতাকর্মীকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের পর তাদের ছাড়িয়ে নেওয়ার চেষ্টা চালান দলটির নেতাকর্মী ও সমর্থকেরা। একপর্যায়ে মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হলে অল্প সময়ের মধ্যেই পাটগাতী বাসস্ট্যান্ড এলাকায় কয়েক হাজার মানুষ জড়ো হন। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে টুঙ্গিপাড়া থানায় হামলা চালায়।
হামলাকারীরা থানায় ব্যাপক ভাঙচুর চালানোর পাশাপাশি পুলিশের ছয়টি গাড়ি ও বেশ কয়েকটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। এ সময় থানায় আটক থাকা গ্রেফতারকৃত ব্যক্তিদের ছিনিয়ে নেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পুলিশ সদস্যরা থানা ছেড়ে নিরাপদ স্থানে চলে যান। খবর পেয়ে জেলা শহর থেকে অতিরিক্ত পুলিশ, বিজিবি ও আনসারের কয়েকটি দল টুঙ্গিপাড়ার দিকে রওনা হয়। পথে নিলফা বাজার এলাকায় তাদের ওপর হামলা চালানো হয়। সেখানে বিক্ষুব্ধরা বিজিবির একটি সাঁজোয়া যান ও একটি জিপসহ মোট চারটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়।
এরপর রাত ৯টার দিকে বিক্ষুব্ধরা গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতে হামলা চালিয়ে আগুন দেয়। একই সময়ে তার আত্মীয়স্বজনের আরও আটটি বাড়িতেও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত ৫০ জন পুলিশ সদস্য ও সাংবাদিক আহত হয়েছেন বলে জানা গেছে। হামলা, অগ্নিসংযোগ ও ভাঙচুরের পর বুধবার সকাল থেকে টুঙ্গিপাড়ায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।