রাতের আঁধারে একের পর এক ককটেল বিস্ফোরণ, বাসে আগুন, রেললাইনে অগ্নিসংযোগ, পুলিশের গাড়ি ও স্থাপনায় হামলা, সড়ক অবরোধ

২১ জেলায় নাশকতা ও অগ্নিসংযোগে নিহত ৪, দেশজুড়ে নিরাপত্তা জোরদার

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১৯ নভেম্বর ২০২৬, দুপুর ২:৪৪ সময় , আপডেট সময় : ১৯ নভেম্বর ২০২৬, দুপুর ২:৪৪ সময়

রাতের আঁধারে একের পর এক ককটেল বিস্ফোরণ, বাসে আগুন, রেললাইনে অগ্নিসংযোগ, পুলিশের গাড়ি ও স্থাপনায় হামলা, সড়ক অবরোধ আর ফাঁকা গুলির ঘটনায় দেশের বিভিন্ন এলাকায় বাড়ছে উদ্বেগ। মঙ্গলবার রাত থেকে বুধবার রাত পর্যন্ত অন্তত ২১ জেলায় এমন নাশকতার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় প্রাণ হারিয়েছেন চারজন, যাদের মধ্যে তিনজন বিএনপির নেতা এবং একজন বাসের হেলপার। সবচেয়ে মর্মান্তিক ঘটনা ঘটেছে পিরোজপুরের ভান্ডারিয়ায়। বুধবার ভোরে বাসস্ট্যান্ডে বাহক পরিবহন ও লিসা পরিবহনের দুটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুন নিয়ন্ত্রণে আনার পর বাহক পরিবহনের বাসের ভেতর থেকে ২৫ বছর বয়সী হেলপার সিয়ামের দগ্ধ মরদেহ উদ্ধার করা হয়। তিনি বাসের ভেতর ঘুমিয়ে ছিলেন।


এর আগে ফরিদপুরের ভাঙ্গায় মঙ্গলবার রাতে হামলায় উপজেলা কৃষক দলের সহসাংগঠনিক সম্পাদক রাজু মোল্লা নিহত হন। একই ঘটনায় বিএনপির কার্যালয়ে হামলা ও ভাঙচুর এবং তিনটি মোটরসাইকেলে আগুন দেওয়ার ঘটনা ঘটে। আর বুধবার সন্ধ্যায় নড়াইলের কালিয়ায় সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির মিছিলে হামলার ঘটনায় কৃষক দলের উপজেলা সাধারণ সম্পাদক শাহিন এবং জাসাসের উপজেলা সাধারণ সম্পাদক সোহেল মোল্লা নিহত হন।


এদিকে গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের অস্ত্র নিয়ে মোটরসাইকেল মহড়ার অভিযোগ উঠেছে। একই সময়ে বিএনপি সংসদ সদস্য ডা. কে এম বাবরের মালিকানাধীন আরব জেনারেল হাসপাতালেও হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তখন হাসপাতালে প্রসূতি, সদ্য সিজার হওয়া রোগী ও নবজাতকসহ অনেক রোগী ভর্তি ছিলেন। দেশের আরও বিভিন্ন এলাকায় বাস ও ব্যবসাপ্রতিষ্ঠানে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। কুমিল্লায় সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের বাড়ি ও কার্যালয়ে আবারও অগ্নিসংযোগ করা হয়েছে। নারায়ণগঞ্জে স্টাফ বাস ও দুটি বাসে আগুন দেওয়া হয়েছে। রংপুরে মাত্র ১০ ঘণ্টার ব্যবধানে দুটি বাসে আগুন দেওয়া হয়।


রাজশাহী, হবিগঞ্জ, যশোর, টাঙ্গাইলসহ বিভিন্ন এলাকায় গ্রামীণ ব্যাংকের কার্যালয়েও আগুন ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। চট্টগ্রামে ট্রাফিক পুলিশ বক্স এবং বিএনপি নেতার বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। খুলনায় ককটেল নিক্ষেপের পাশাপাশি বাস কাউন্টারে হামলা ও লুটপাটের ঘটনাও ঘটেছে। শুধু সড়ক নয়, রেলপথও নাশকতার লক্ষ্য হয়েছে। নেত্রকোনার বারহাট্টা ও ঠাকুরাকোনা স্টেশনের মাঝের পাটলি এলাকায় রেললাইনে আগুন দেওয়া হয়। একই রাতে অতিথপুর রেলস্টেশনেও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।


এসব ঘটনার পর নিরাপত্তার কারণে খুলনা থেকে পদ্মা সেতু হয়ে চলাচলকারী বিভিন্ন রুটের বাস বন্ধ রাখা হয়েছে। গোপালগঞ্জ হয়ে বরিশালেও বাস চলাচল বন্ধ রয়েছে। এতে বিভিন্ন গন্তব্যের যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। এদিকে ১৯ নভেম্বর আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনী বাড়তি সতর্ক অবস্থানে রয়েছে। গোয়েন্দা সংস্থাগুলোর দাবি, যানবাহন, সরকারি স্থাপনা, রাজনৈতিক কার্যালয় ও নেতাকর্মীদের বাড়িঘরে হামলা-ভাঙচুরের পরিকল্পনার তথ্য রয়েছে। সম্ভাব্য নাশকতা ঠেকাতে রাজধানীসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা, সড়ক, পরিবহনকেন্দ্র ও ঝুঁকিপূর্ণ এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯