অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার (২০ নভেম্বর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা হন তিনি। সফরসূচি অনুযায়ী, অস্ট্রেলিয়ায় তিন দিন এবং মালয়েশিয়ায় দুই দিন অবস্থান করবেন জামায়াত আমির। অস্ট্রেলিয়া সফরে দেশটির সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তাঁর। পাশাপাশি সেখানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত বিভিন্ন কর্মসূচিতেও অংশ নেবেন তিনি। এরপর মালয়েশিয়া সফরকালে দেশটির সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন ডা. শফিকুর রহমান। সেখানেও প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর।
সফর শেষে আগামী ২৬ নভেম্বর তাঁর দেশে ফেরার কথা রয়েছে। ঢাকা ছাড়ার সময় বিমানবন্দরে জামায়াত আমিরকে বিদায় জানান দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। এ সময় সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম, এহসানুল মাহবুব জুবায়েরসহ দলের শীর্ষ পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।