সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) ‘সভ্যতা বিষয়ক সংলাপ ফোরাম’-এ অংশ নিতে ভারত সফর করছেন পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের পরিবেশবিষয়ক মন্ত্রী

তিন বছর পর পাকিস্তানের মন্ত্রীর ভারত সফর

নিউজটি প্রতিবেদন করেছেন: স্টাফ রির্পোটার।

আপলোড সময় : ২০ নভেম্বর ২০২৬, বিকাল ৬:৩১ সময় , আপডেট সময় : ২০ নভেম্বর ২০২৬, বিকাল ৬:৩১ সময়
সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) ‘সভ্যতা বিষয়ক সংলাপ ফোরাম’-এ অংশ নিতে ভারত সফর করছেন পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের পরিবেশবিষয়ক মন্ত্রী ড. মুসাদ্দিক মালিক। শুক্রবার (২০ নভেম্বর) তিনি ভারতের রাজধানী নয়াদিল্লিতে পৌঁছান। নয়াদিল্লিতে অবস্থিত পাকিস্তান হাইকমিশন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তাঁর দিল্লি পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করেছে। সেখানে জানানো হয়, এসসিও আয়োজিত এই সাংস্কৃতিক সংলাপে পাকিস্তানের প্রতিনিধিত্ব করছেন ড. মুসাদ্দিক মালিক। এর আগে ২০২৩ সালে পাকিস্তানের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি এসসিওর সম্মেলনে যোগ দিতে ভারত সফর করেছিলেন। তাঁর সফরের পর এটিই পাকিস্তানের কোনো উচ্চপর্যায়ের মন্ত্রীর ভারত সফর।

শুক্রবার ২০ নভেম্বর শুরু হওয়া এসসিওর ‘সভ্যতা বিষয়ক সংলাপ ফোরাম’ চলবে আগামী ২২ নভেম্বর পর্যন্ত। ২০২৬-২৭ মেয়াদে এসসিওর ‘কাউন্সিল অব হেডস অব স্টেট’ (সিএইচএস)-এর সভাপতির দায়িত্বে রয়েছে পাকিস্তান। এসসিওর সদস্য দেশগুলোর মধ্যে রয়েছে চীন, ভারত, রাশিয়া, ইরান, পাকিস্তান, বেলারুশ এবং মধ্য এশিয়ার কিরগিজস্তান, উজবেকিস্তান ও কাজাখস্তান। এসব দেশের অধিকাংশেরই রয়েছে সুপ্রাচীন সভ্যতা ও সমৃদ্ধ ঐতিহাসিক ঐতিহ্য। ভারতের কেন্দ্রীয় সরকারের সংস্কৃতি ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে এই সম্মেলন। গত বছর তিয়ানজিনে এসসিওর শীর্ষ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ‘সভ্যতা বিষয়ক সংলাপ ফোরাম’ গঠনের প্রস্তাব দেন। পরে এসসিও কাউন্সিল সেই প্রস্তাব অনুমোদন করে।

ভারত সরকারের বক্তব্য অনুযায়ী, এই ফোরামের উদ্দেশ্য হলো অঞ্চলের সমৃদ্ধ ও পরস্পর সম্পর্কযুক্ত সভ্যতার ঐতিহ্য তুলে ধরা, জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানো এবং বিভিন্ন সংস্কৃতির মধ্যে সংলাপ ও সহযোগিতাকে উৎসাহিত করা। ভারত সরকারের একটি সূত্র জানিয়েছে, সম্মেলনে যোগ দেওয়ার জন্য পাকিস্তানের জাতীয় ঐতিহ্য ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আওরঙ্গজেব খান খিচিকেও আমন্ত্রণ জানানো হয়েছিল। পাশাপাশি চীন, রাশিয়া, ইরান, বেলারুশ ও মধ্য এশিয়ার দেশসহ এসসিওর ১০টি সদস্য রাষ্ট্রের সংস্কৃতিমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে। এ ছাড়া ১৫টি সংলাপ অংশীদার দেশ ও পর্যবেক্ষক রাষ্ট্রের প্রতিনিধিদেরও আমন্ত্রণ জানানো হয়েছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্বোধন করা সম্মেলনটি দিল্লির ঐতিহাসিক ‘পুরানা কিলা’ বা পুরোনো দুর্গে অনুষ্ঠিত হচ্ছে। ষোড়শ শতাব্দীতে সম্রাট হুমায়ুন দুর্গটি নির্মাণ করেছিলেন। কর্মকর্তাদের ভাষ্য, দুর্গটিতে বিভিন্ন সময়ে পরিচালিত প্রত্নতাত্ত্বিক খননে ভারতের প্রায় তিন হাজার বছরের ইতিহাসের নানা নিদর্শন পাওয়া গেছে। এসব নিদর্শনের মধ্যে প্রাক-মৌর্য, মৌর্য, শুঙ্গ, কুষাণ, গুপ্ত ও গুপ্ত-পরবর্তী যুগের পাশাপাশি মধ্যযুগের রাজপুত, সুলতানি ও মুঘল আমলের ইতিহাসও উঠে এসেছে।

সূত্র: ইত্তেফাক

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯