খালিস্তানি নেতা গুরপতবন্ত সিং পান্নুনের দায়ের করা মামলায় ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ও দেশটির বৈদেশিক গোয়েন্দা সংস্থা ‘র’-এর সাবেক প্রধান সামন্ত গোয়েলের বিরুদ্ধে ওঠা অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছে ভারত। নয়াদিল্লি এসব অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে উল্লেখ করেছে। শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, ভারত এ ধরনের মামলা ও অভিযোগ মানে না। শুরু থেকেই পান্নুনের আনা অভিযোগ অস্বীকার করে আসছে নয়াদিল্লি।
যুক্তরাষ্ট্রের একটি আদালতে পান্নুনের দায়ের করা দেওয়ানি মামলায় অজিত দোভাল ও সামন্ত গোয়েলকে সমন পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। দিল্লির আদালতের মাধ্যমে তাঁদের কাছে এই সমন পৌঁছে দেওয়ার কথা বলা হয়েছে। যুক্তরাষ্ট্রে বসবাসকারী শিখ বিচ্ছিন্নতাবাদী নেতা গুরপতবন্ত সিং পান্নুন নিষিদ্ধ সংগঠন ‘শিখস ফর জাস্টিস’-এর আইনি পরামর্শক। নিজের বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ তুলে তিনি এই মামলা করেছেন এবং ক্ষতিপূরণ দাবি করেছেন।
পান্নুনের অভিযোগ, ভারতের বৈদেশিক গোয়েন্দা সংস্থা ‘র’-এর সংশ্লিষ্টতায় তাঁকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল। আর এই ষড়যন্ত্রের নেতৃত্বে ছিলেন অজিত দোভাল। সম্প্রতি তিনি আরও দাবি করেন, তাঁর জীবনের ওপর নতুন হুমকির বিষয়ে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই তাঁকে সতর্ক করেছে। তবে পান্নুন ভারতের তদন্তকারী সংস্থাগুলোর কাছে বিভিন্ন সন্ত্রাসবাদ-সংক্রান্ত অভিযোগে অভিযুক্ত এবং দেশটির ওয়ান্টেড তালিকায় রয়েছেন।
এদিকে অজিত দোভাল ও সামন্ত গোয়েলের বিরুদ্ধে করা দেওয়ানি মামলাটির সঙ্গে যুক্তরাষ্ট্রে চলমান আরেকটি ফৌজদারি মামলার পার্থক্য রয়েছে। ফৌজদারি মামলাটি করেছে যুক্তরাষ্ট্র সরকার। এতে ভারতীয় নাগরিক নিখিল গুপ্ত ও সাবেক ‘র’ কর্মকর্তা বিকাশ যাদবের বিরুদ্ধে অর্থের বিনিময়ে লোক নিয়োগ করে পান্নুনকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। ওই মামলায় নিখিল গুপ্তের জন্য ২৪ বছরের কারাদণ্ড চেয়েছে মার্কিন সরকার।
অন্যদিকে, অজিত দোভাল ও সামন্ত গোয়েলের বিরুদ্ধে দেওয়ানি মামলাটি পান্নুনের ব্যক্তিগত উদ্যোগে করা। এতে যুক্তরাষ্ট্র সরকার কোনো পক্ষ নয়। মূলত হত্যার ষড়যন্ত্রের অভিযোগে আর্থিক ক্ষতিপূরণ চেয়েছেন তিনি। অর্থাৎ, একই আদালতে দুটি মামলা চললেও একটির বাদী যুক্তরাষ্ট্র সরকার, অন্যটি পান্নুনের ব্যক্তিগত দেওয়ানি মামলা।
সূত্র: এনডিটিভি ও দ্য হিন্দু।