সশস্ত্র বাহিনীর প্রতি দেশের মানুষের আস্থা কেন আরও দৃঢ় হয়েছে? স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা

সশস্ত্র বাহিনী দেশ ও জনগণের আস্থার প্রতীকে পরিণত হয়েছে: জামায়াত আমির

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২১ নভেম্বর ২০২৬, দুপুর ১১:২৪ সময় , আপডেট সময় : ২১ নভেম্বর ২০২৬, দুপুর ১১:২৪ সময়

সশস্ত্র বাহিনীর প্রতি দেশের মানুষের আস্থা কেন আরও দৃঢ় হয়েছে? স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে সেনা, নৌ ও বিমানবাহিনী। এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।


সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে শুক্রবার দেওয়া এক বিবৃতিতে তিনি সেনা, নৌ ও বিমানবাহিনীর সব সদস্যকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান। একই সঙ্গে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর বীর শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। বিবৃতিতে শফিকুর রহমান বলেন, ১৯৭১ সালের ২১ নভেম্বর মহান মুক্তিযুদ্ধে সেনা, নৌ ও বিমানবাহিনীর সদস্যরা পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সম্মিলিতভাবে প্রতিরোধ ও পাল্টা আক্রমণ শুরু করেন। মুক্তিবাহিনী, বিভিন্ন আধাসামরিক বাহিনীর সদস্য এবং দেশপ্রেমিক জনগণও সেই অভিযানে অংশ নেন। এর ধারাবাহিকতায় ১৬ ডিসেম্বর অর্জিত হয় চূড়ান্ত বিজয়। তাই বাংলাদেশের মুক্তিসংগ্রাম ও বিজয়ের ইতিহাসে ২১ নভেম্বর একটি গৌরবোজ্জ্বল দিন।


তিনি আরও বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, নিরাপত্তা ও শান্তি রক্ষায় সশস্ত্র বাহিনীর আত্মত্যাগ, নিষ্ঠা এবং দায়িত্বশীল ভূমিকা জাতির ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমেও আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করছে সশস্ত্র বাহিনী। বিরোধীদলীয় নেতার মতে, দেশের ভৌগোলিক অখণ্ডতা রক্ষার পাশাপাশি বন্যা, ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের মতো প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে বেসামরিক প্রশাসনকে সহযোগিতা করে সশস্ত্র বাহিনী জনগণের আস্থার প্রতীকে পরিণত হয়েছে।


তিনি আশা প্রকাশ করেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তা রক্ষায় সশস্ত্র বাহিনী দেশপ্রেমিক জনগণের সঙ্গে ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালন করে যাবে। ন্যায়, সত্য ও মানবিক মূল্যবোধের ভিত্তিতে একটি পেশাদার, দক্ষ, শক্তিশালী এবং জনআস্থাভাজন সশস্ত্র বাহিনী গড়ে তোলার প্রত্যাশাও ব্যক্ত করেন জামায়াত আমির। দেশ ও জনগণের সেবায় সশস্ত্র বাহিনীর সদস্যদের আরও শক্তি, প্রজ্ঞা ও সাফল্য কামনা করে তিনি দোয়া করেন।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯