ভারতে ভোটার তালিকা সংশোধনের নামে প্রায় ১৩ কোটি মানুষের নাম বাদ পড়ার অভিযোগ ঘিরে নতুন করে তীব্র বিতর্ক

ভোটার তালিকা সংশোধনের নামে টার্গেট করে মুসলিমদের বাদ দিচ্ছে ভারত: মার্কিন কমিশন

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২১ নভেম্বর ২০২৬, দুপুর ২:১৭ সময় , আপডেট সময় : ২১ নভেম্বর ২০২৬, দুপুর ২:১৭ সময়

ভারতে ভোটার তালিকা সংশোধনের নামে প্রায় ১৩ কোটি মানুষের নাম বাদ পড়ার অভিযোগ ঘিরে নতুন করে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। এর মধ্যে ধর্মীয় সংখ্যালঘু, বিশেষ করে মুসলিম নাগরিকদের তুলনামূলকভাবে বেশি টার্গেট করা হচ্ছে—এমন গুরুতর অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতাবিষয়ক কমিশন।


বৃহস্পতিবার দেওয়া এক বিবৃতিতে কমিশনটি জানায়, ভারতের ইতিহাসে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার এটি সবচেয়ে বড় ঘটনা। কমিশনের চেয়ারম্যান আসিফ মাহমুদের অভিযোগ, ভারত সরকার মুসলিম নাগরিকদের ভোটার তালিকা থেকে বাদ দিয়ে তাদের বিদেশি হিসেবে চিহ্নিত করছে এবং পরে অবৈধভাবে দেশ থেকে বের করে দেওয়ার চেষ্টা করছে।


বিভিন্ন তথ্য-উপাত্ত ও মানবাধিকার সংগঠনের পর্যবেক্ষণ তুলে ধরে কমিশন বলেছে, ভোটার তালিকা সংশোধনের এই প্রক্রিয়ায় ভারতের বৃহত্তম ধর্মীয় সংখ্যালঘু মুসলিমদের নাম তুলনামূলকভাবে বেশি বাদ পড়েছে। মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ, ২০১৪ সালে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসার পর থেকেই মুসলিমরা বৈষম্যমূলক নীতির শিকার হচ্ছেন।


তবে ভারতের নির্বাচন কমিশনের বক্তব্য ভিন্ন। তাদের দাবি, মৃত ব্যক্তি, অন্যত্র চলে যাওয়া ব্যক্তি, একই ব্যক্তির একাধিক নাম এবং ভোট দেওয়ার অযোগ্য ব্যক্তিদের নামই তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে। কারও নাম ভুলবশত বাদ পড়লে আপিলের সুযোগও রয়েছে। তবে সমালোচকদের অভিযোগ, বাস্তবে ভোটার তালিকা সংশোধনের এই প্রক্রিয়া অবৈধ অভিবাসী শনাক্ত করে দেশ থেকে বের করে দেওয়ার পৃথক অভিযানের সঙ্গে যুক্ত হয়ে পড়েছে। যদিও ভোটার তালিকা থেকে কারও নাম বাদ পড়লেই তিনি বিদেশি—এমনটা প্রমাণিত হয় না।


ইউএসসিআইআরএফ-এর সদস্য জিন মিলস এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে ভারতকে ‘বিশেষ উদ্বেগের দেশ’ হিসেবে ঘোষণা করার জন্য মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রতি আহ্বান জানিয়েছেন। এদিকে ভারত সরকার ইউএসসিআইআরএফ-এর অভিযোগ প্রত্যাখ্যান করে কমিশনটিকে পক্ষপাতদুষ্ট বলে আখ্যা দিয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, এ ধরনের মন্তব্য ভারতের অভ্যন্তরীণ বিষয়ে অযাচিত হস্তক্ষেপের শামিল।


ভোটার তালিকা সংশোধনকে কেন্দ্র করে সাম্প্রতিক সপ্তাহগুলোতে ভারতে বিক্ষোভও হয়েছে। বিরোধী দল ও শিক্ষার্থীদের অভিযোগ, বিজেপিকে ভোট দেওয়ার সম্ভাবনা কম—এমন মানুষদেরই বেশি ক্ষতিগ্রস্ত করা হচ্ছে। বিক্ষোভ দমনে সরকারের কঠোর পদক্ষেপ নিয়েও মানবাধিকার বিশেষজ্ঞরা সমালোচনা করেছেন। এদিকে জাতিসংঘের বিশেষজ্ঞ ও বিভিন্ন মানবাধিকার সংগঠন মোদি সরকারের সময়ে সংখ্যালঘুদের ওপর নিপীড়ন বাড়ার অভিযোগ তুলে ঘৃণামূলক বক্তব্য, ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব আইন, মুসলিমদের মালিকানাধীন স্থাপনা ভেঙে ফেলা, কাশ্মীরের স্বায়ত্তশাসন বাতিল এবং ধর্মান্তরবিরোধী আইনের মতো বিষয়গুলো সামনে এনেছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯