বগুড়ার কাহালুতে গভীর রাতে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় পরপর তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ করে বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। বিকট শব্দে বিস্ফোরণের পর ব্যাংকের সামনে আগুন ধরে গেলেও তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে নেওয়ায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। শুক্রবার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে কাহালু উপজেলার মালঞ্চায় অবস্থিত গ্রামীণ ব্যাংকের শাখায় এ ঘটনা ঘটে। অজ্ঞাত ব্যক্তিরা ব্যাংকের সাইনবোর্ড ও মূল ফটক লক্ষ্য করে পরপর তিনটি পেট্রোল বোমা ছুড়ে মারে। মুহূর্তের মধ্যেই সেগুলো বিস্ফোরিত হলে ব্যাংকের সামনে আগুন ধরে যায়।
বিস্ফোরণের পরপরই দুর্বৃত্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ সময় ব্যাংকের দায়িত্বে থাকা নাইট গার্ড দ্রুত পানি দিয়ে আগুন নিভিয়ে ফেলেন। ফলে আগুন ব্যাংকের ভেতরে ছড়িয়ে পড়তে পারেনি। এ ঘটনায় ব্যাংকের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনার খবর পেয়ে কাহালু থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ ঘটনাস্থল থেকে বিস্ফোরিত পেট্রোল বোমার কিছু আলামত উদ্ধার করেছে।
কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিকুল ইসলাম জানান, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয় এবং তিনিও ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পরিদর্শন করেছেন। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। তবে কেন গ্রামীণ ব্যাংকের ওই শাখাকে লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করা হলো, তা এখনো স্পষ্ট নয়। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।