২০২৭ শিক্ষাবর্ষে ঢাকা মহানগরীর ৪৬টি সরকারি মাধ্যমিক বিদ্যালয় এবং তিনটি ফিডার শাখায় শিক্ষার্থী ভর্তি কার্যক্রমে ভিন্ন পদ্ধতি অনুসরণ করা হবে। প্রথম শ্রেণিতে লটারির মাধ্যমে শিক্ষার্থী বাছাই করা হবে। অন্যদিকে, দ্বিতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তি হতে হলে শিক্ষার্থীদের লিখিত পরীক্ষায় অংশ নিতে হবে। এ জন্য বিদ্যালয়গুলোকে তিনটি গ্রুপে বিভক্ত করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর জানিয়েছে, প্রথম শ্রেণিতে ভর্তির জন্য আগামী ১৫ ডিসেম্বর লটারি অনুষ্ঠিত হবে। আর গ্রুপভিত্তিক ভর্তি পরীক্ষার সময়সূচি নির্ধারণ করা হয়েছে—‘এ’ গ্রুপের বিদ্যালয়গুলোর পরীক্ষা ১৭ ডিসেম্বর, ‘বি’ গ্রুপের ১৮ ডিসেম্বর এবং ‘সি’ গ্রুপের পরীক্ষা ১৯ ডিসেম্বর। ভর্তি পরীক্ষার নম্বর বণ্টনও শ্রেণিভেদে আলাদা রাখা হয়েছে। দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের ৫০ নম্বরের পরীক্ষায় অংশ নিতে হবে। এর মধ্যে বাংলায় ১৫, ইংরেজিতে ১৫ এবং গণিতে ২০ নম্বর থাকবে। অন্যদিকে, ষষ্ঠ থেকে নবম শ্রেণির ভর্তি পরীক্ষা হবে মোট ১০০ নম্বরে। এ ক্ষেত্রে বাংলায় ৩০, ইংরেজিতে ৩০ এবং গণিতে ৪০ নম্বর নির্ধারণ করা হয়েছে। সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে প্রচলিত ভর্তি নীতিমালা অনুসরণ করে কোটা নির্ধারণ করা হবে।