আগামী ২৩ নভেম্বর পোশাকশ্রমিকদের জন্য নতুন মজুরি কাঠামোর প্রস্তাব মালিকপক্ষের কাছ থেকে পাওয়া যেতে পারে বলে আশা প্রকাশ

২৩ নভেম্বর পোশাকশ্রমিকদের নতুন মজুরির প্রস্তাব দিতে পারে মালিকপক্ষ: মজুরি বোর্ড চেয়ারম্যান

নিউজটি প্রতিবেদন করেছেন: স্টাফ রির্পোটার।

আপলোড সময় : ২১ নভেম্বর ২০২৬, রাত ৮:১২ সময় , আপডেট সময় : ২১ নভেম্বর ২০২৬, রাত ৮:১২ সময়
আগামী ২৩ নভেম্বর পোশাকশ্রমিকদের জন্য নতুন মজুরি কাঠামোর প্রস্তাব মালিকপক্ষের কাছ থেকে পাওয়া যেতে পারে বলে আশা প্রকাশ করেছেন নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী। শনিবার (২১ নভেম্বর) বিকেলে সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলের শ্রম পরিস্থিতি পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। সৈয়দ আজাদ সুবহানী বলেন, আগামী ২৩ নভেম্বর বোর্ডের সভার তারিখ আগেই নির্ধারণ করা হয়েছে। ওই সভায় মালিকপক্ষ তাদের প্রস্তাব উপস্থাপন করবে বলে তিনি প্রত্যাশা করছেন। তবে কাউকে প্রস্তাব দিতে বাধ্য করার সুযোগ নেই। মালিকপক্ষ প্রস্তাব না দিলে প্রচলিত আইন, নির্ধারিত প্রক্রিয়া ও সংশ্লিষ্ট সূচক অনুসরণ করেই মজুরি নির্ধারণের কাজ এগিয়ে নেওয়া হবে। মজুরি বোর্ডের দ্বিতীয় ও তৃতীয় সভা স্থগিত হওয়ার পর শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছিল। তাদের আশঙ্কা ছিল, মালিকপক্ষ হয়তো মজুরির প্রস্তাব দেওয়া থেকে সরে যাচ্ছে কিংবা সহযোগিতা করছে না। এ বিষয়ে চেয়ারম্যান বলেন, বোর্ডের ওপর কোনো পক্ষের চাপ নেই। যথাযথ কারণেই আগের সভাগুলো স্থগিত করতে হয়েছিল। এর আগে চেয়ারম্যানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল আশুলিয়ার পলাশবাড়ী এলাকার একটি পোশাক কারখানা পরিদর্শন করে। এ সময় শ্রমিকদের বিভিন্ন সমস্যা, দাবি, বেতন এবং কর্মপরিবেশ সম্পর্কে খোঁজ নেওয়া হয়।

পরিদর্শন শেষে সৈয়দ আজাদ সুবহানী জানান, নতুন মজুরি নির্ধারণের বিষয়ে শ্রমিক ও মালিক—উভয় পক্ষের সঙ্গে আলোচনা করা হয়েছে। শ্রমিকদের প্রত্যাশিত বেতন, বর্তমান আয় এবং পরিবারের কতজন সদস্য তাঁদের উপার্জনের ওপর নির্ভরশীল, সে সম্পর্কেও তথ্য সংগ্রহ করা হচ্ছে। পাশাপাশি মালিকদের সমস্যা ও সুযোগ-সুবিধার বিষয়গুলোও বিবেচনায় নেওয়া হচ্ছে। তিনি বলেন, দ্বিতীয় ও তৃতীয় সভা স্থগিত হওয়ায় শ্রমিকদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছিল। মালিকপক্ষ প্রস্তাব দিতে অনীহা দেখাচ্ছে কি না, তা নিয়েও তাদের মধ্যে উদ্বেগ ছিল। তবে বোর্ডের ওপর কোনো পক্ষের চাপ নেই এবং আইনসম্মত কারণেই সভা স্থগিত করা হয়েছিল।

এপ্রিল পর্যন্ত সময় থাকলেও দ্রুত মজুরি নির্ধারণের প্রত্যাশা
মজুরি বোর্ড গঠনের সময়সীমা সম্পর্কে চেয়ারম্যান জানান, গত ১ নভেম্বর বোর্ড গঠন করা হয়। এর তিন দিন পর, ৪ নভেম্বর তাঁর সভাপতিত্বে প্রথম সভা অনুষ্ঠিত হয়। শ্রম আইন অনুযায়ী, বোর্ড গঠনের পর ছয় মাসের মধ্যে কার্যক্রম শেষ করার সুযোগ রয়েছে। সে হিসাবে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত সময় পাওয়া যাবে। তবে মালিক ও শ্রমিক—দুই পক্ষই দ্রুত মজুরি নির্ধারণের কাজ শেষ করার বিষয়ে একমত হয়েছেন। তাঁদের প্রত্যাশা, ডিসেম্বর থেকেই নতুন মজুরি কার্যকর করা সম্ভব হবে। মজুরি নির্ধারণ প্রক্রিয়ার জটিলতা তুলে ধরে সৈয়দ আজাদ সুবহানী বলেন, মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধি এবং নিরপেক্ষ সদস্যদের প্রত্যেকেরই আলাদা ও যৌথ ভূমিকা রয়েছে। সবার মতামত বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত নিতে হচ্ছে। বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানও এ বিষয়ে কাজ করে বোর্ডে প্রস্তাব পাঠাচ্ছে। দেশে ৬১টি শ্রমিক ফেডারেশন থাকায় প্রতিটি সংগঠনের পৃথক প্রস্তাব পর্যালোচনা করতে সময় প্রয়োজন। কাজটি কঠিন হলেও বোর্ডের সদস্যরা দিন-রাত পরিশ্রম করছেন।কারখানার কর্মপরিবেশ নিয়ে শ্রমিকদের অসন্তোষের বিষয়ে তিনি বলেন, এখন পর্যন্ত যেসব কারখানা পরিদর্শন করা হয়েছে, সেখানে কোনো শ্রমিক কর্মপরিবেশ নিয়ে অসন্তোষের কথা জানাননি। তবে পরিবারের সদস্যসংখ্যা বেশি হওয়ায় কয়েকজন শ্রমিক আর্থিক সংকটের কথা জানিয়েছেন। শনিবারের পরিদর্শনেও দুজন শ্রমিক পারিবারিক ব্যয়ের চাপের বিষয়টি তুলে ধরেছেন। চেয়ারম্যান আরও জানান, কিছু পরিবারে স্বামী-স্ত্রী দুজনই চাকরি করেন, আবার কোথাও ভাইয়েরা কিংবা সন্তানরাও উপার্জন করেন। একটি প্রতিষ্ঠানে একই পরিবারের তিনজনের সম্মিলিত মাসিক আয় ৭০ থেকে ৭৫ হাজার টাকা। পরিবারের একাধিক সদস্য কর্মক্ষম হয়ে উপার্জন করলে তা ইতিবাচক বলেও মন্তব্য করেন তিনি।

আন্দোলনের অধিকার আছে, তবে বিশৃঙ্খলা নয় 
শ্রমিকদের আন্দোলনের বিষয়ে মজুরি বোর্ডের চেয়ারম্যান বলেন, শ্রমিকেরা দাবি না জানালে কিংবা আন্দোলনে না নামলে তাঁদের সমস্যা ও প্রয়োজন সম্পর্কে মালিকপক্ষ বা বোর্ডের পক্ষে জানা কঠিন। আন্দোলনের অধিকার রাষ্ট্র স্বীকৃত। তবে আন্দোলনের নামে বিশৃঙ্খলা কিংবা অপরাধমূলক কর্মকাণ্ড করার অধিকার কারও নেই। তিনি শ্রমিকদের ধৈর্য ধরার পাশাপাশি তৃতীয় কোনো পক্ষের প্ররোচনায় বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান। সাভার ও আশুলিয়ার কয়েকটি এলাকায় অসন্তোষের কারণ এবং গোয়েন্দা বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যর্থতা রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তাঁর দায়িত্বের পরিধি নিম্নতম মজুরি নির্ধারণের মধ্যে সীমাবদ্ধ। কোনো সংস্থা ব্যর্থ কি না, সে বিষয়ে মন্তব্য করা তাঁর কাজ নয়। পোশাকশিল্পের গুরুত্ব উল্লেখ করে সৈয়দ আজাদ সুবহানী বলেন, দেশের রপ্তানি আয়ে এ খাতের অবদান সবচেয়ে বেশি। তাই কোনোভাবেই এই শিল্প ক্ষতিগ্রস্ত হোক, তা তাঁরা চান না। শ্রমিকদের কল্যাণে ভালো কোনো সিদ্ধান্ত নেওয়া হলে সেই অর্জনের সামান্য অংশীদার হতে চান বলেও জানান তিনি।

সবশেষে শ্রমিকদের উদ্দেশে তিনি বলেন, তৃতীয় কোনো পক্ষের ইন্ধনে যেন কেউ বিভ্রান্ত না হন। বৈধ উপায়ে আন্দোলন করার অধিকার শ্রমিকদের রয়েছে এবং একজন সরকারি কর্মকর্তা হিসেবে তিনি সেই অধিকারকে সম্মান করেন। একই সঙ্গে সবাইকে ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানান।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯