বলিউডের জনপ্রিয় অভিনেতা সালমান খান পর্দায় বিভিন্ন চরিত্রে অভিনয়ের পাশাপাশি বাস্তব জীবনেও তার সরলতা ও সহকর্মীদের প্রতি আন্তরিকতার জন্য পরিচিত। এবার শুটিংয়ের ফাঁকে সহশিল্পী ও কলাকুশলীদের জন্য নিজের হাতে খাবার তৈরি করে প্রশংসা কুড়িয়েছেন তিনি। ‘মাতৃভূমি’ সিনেমার শুটিং চলাকালে প্রায় ২০ জনের জন্য ভেলপুরি বানিয়ে নিজ হাতে সবার মাঝে পরিবেশন করেন এই অভিনেতা। সম্প্রতি এক সাক্ষাৎকারে সালমানের এমন ব্যতিক্রমী উদ্যোগের কথা জানিয়েছেন সিনেমাটির সহ-অভিনেত্রী হীরা সোহাল। তার মতে, সালমান খানের সঙ্গে কাজ করার সুযোগ পাওয়া ছিল স্বপ্ন পূরণের মতো একটি অভিজ্ঞতা।
হীরা জানান, একদিন সিনেমার শুটিংয়ের পুরো টিম একসঙ্গে খাবার খেতে বসেছিল। ওই সময় সালমান নিজেই প্রায় ২০ জনের জন্য ভেলপুরি তৈরি করেন। খাবার প্রস্তুত করার পর তিনি নিজ হাতে সবার কাছে তা পৌঁছে দেন। এমনকি খাবারের স্বাদ সবার ভালো লাগছে কি না, সেটিও বারবার জানতে চান তিনি। হীরার কাছে বিষয়টি ছিল বেশ বিস্ময়কর। তার ভাষ্য, এত বড় একজন তারকাকে নিজের হাতে এত মানুষের জন্য খাবার তৈরি করতে দেখা সত্যিই ব্যতিক্রমী অভিজ্ঞতা। সালমানের এই সরলতা ও আন্তরিকতা তার মনে বিশেষ জায়গা করে নিয়েছে। শুটিং সেটে শুধু খাবার তৈরি করেই নয়, সহশিল্পী ও কলাকুশলীদের নানা বিষয়েও খোঁজখবর রাখেন সালমান। সবার প্রতি তার যত্নশীল আচরণ এবং কাজের প্রতি পেশাদার মনোভাব থেকে শেখার অনেক কিছু রয়েছে বলে মনে করেন হীরা।
সাক্ষাৎকারে সালমানের আরেকটি উদ্যোগের কথাও প্রকাশ করেছেন অভিনেত্রী। সিনেমাটির শুটিংয়ের সঙ্গে যুক্ত প্রত্যেককে ঘড়ি উপহার দিয়েছেন তিনি। কাপুর ওয়াচ কোম্পানি থেকে কেনা এসব ঘড়ির আনুমানিক মূল্য প্রতিটি ২ লাখ থেকে ৬ লাখ টাকা। অপূর্ব লাখিয়ার পরিচালনায় নির্মিত ‘মাতৃভূমি’ সিনেমায় সালমান খানের সঙ্গে অভিনয় করছেন চিত্রাঙ্গদা সিং। ছবিটিতে যুদ্ধক্ষেত্রের বাইরের সেনাসদস্যদের জীবন এবং তাদের ব্যক্তিগত নানা বাস্তবতা তুলে ধরা হয়েছে। শুটিংয়ের ব্যস্ততার মধ্যেও সহকর্মীদের জন্য নিজের হাতে খাবার তৈরি ও উপহার দেওয়ার মতো উদ্যোগের মধ্য দিয়ে আবারও সালমান খানের মানবিক ও আন্তরিক দিকটি উঠে এসেছে।