সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনা, নৌ ও বিমানবাহিনীর প্রধানরা। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। সাক্ষাৎকালে তিন বাহিনীর প্রধানরা নিজ নিজ বাহিনীর চলমান কার্যক্রম ও বিভিন্ন বিষয় সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতি বাহিনীর সব সদস্য এবং তাঁদের পরিবারের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
তিন বাহিনীর প্রধানদের সঙ্গে আলোচনাকালে রাষ্ট্রপতি বলেন, সশস্ত্র বাহিনী দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জাতীয় মর্যাদার অন্যতম প্রতীক। রাষ্ট্রের অখণ্ডতা ও স্বাধীনতা রক্ষার পাশাপাশি রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা এবং গণতন্ত্রের ধারাবাহিকতা সমুন্নত রাখতে বাহিনীটি দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ও গৌরবময় দায়িত্ব পালন করছে। তিনি আরও বলেন, দেশের যেকোনো দুর্যোগ ও সংকটের সময়ে সশস্ত্র বাহিনী সবসময় জনগণের পাশে দাঁড়িয়েছে। গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি তিন বাহিনীর আস্থা ও শ্রদ্ধা রাষ্ট্রের অন্যতম শক্তির উৎস। রাষ্ট্রপতি সশস্ত্র বাহিনীকে আরও আধুনিক, শক্তিশালী এবং সময়োপযোগী করে গড়ে তোলার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। এ লক্ষ্য অর্জনে সরকারকে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।
সশস্ত্র বাহিনীর সদস্যরা নিজেদের পেশাগত দক্ষতা ও সক্ষমতা আরও বাড়িয়ে ভবিষ্যতেও দেশের উন্নয়ন, অগ্রগতি ও রাষ্ট্র গঠনে উল্লেখযোগ্য ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করেন রাষ্ট্রপতি। এ সময় বঙ্গভবনের সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন।