পাকিস্তানের সামরিক সক্ষমতা বাড়াতে চীনের ক্রমবর্ধমান সহযোগিতা ভারতের নিরাপত্তার ক্ষেত্রে নতুন চ্যালেঞ্জ তৈরি করছে বলে মনে করছে যুক্তরাষ্ট্রের

চীন-পাকিস্তান সামরিক সম্পর্ক ভারতের জন্য নতুন চ্যালেঞ্জ: যুক্তরাষ্ট্রের উদ্বেগ

নিউজটি প্রতিবেদন করেছেন: স্টাফ রির্পোটার।

আপলোড সময় : ২১ নভেম্বর ২০২৬, রাত ৮:৪৮ সময় , আপডেট সময় : ২১ নভেম্বর ২০২৬, রাত ৮:৪৮ সময়
পাকিস্তানের সামরিক সক্ষমতা বাড়াতে চীনের ক্রমবর্ধমান সহযোগিতা ভারতের নিরাপত্তার ক্ষেত্রে নতুন চ্যালেঞ্জ তৈরি করছে বলে মনে করছে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের একটি কমিশন। সম্ভাব্য দুই দিক থেকে আসা নিরাপত্তা হুমকি মোকাবিলায় ভারত মহাসাগরীয় অঞ্চলে ভারত ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করার সুপারিশ করেছে সংস্থাটি। ‘ইউএস-চায়না ইকোনমিক অ্যান্ড সিকিউরিটি রিভিউ কমিশন’ (ইউএসসিসি) প্রকাশিত এক প্রতিবেদনে এসব উদ্বেগ তুলে ধরা হয়েছে। প্রতিবেদনের ‘চায়নাস আদার ফ্রন্ট: ইন্ডিয়া অ্যান্ড দ্য ফিউচার অব ইউএস স্ট্র্যাটেজি ইন দ্য ইন্দো-প্যাসিফিক’ শীর্ষক অধ্যায়ে বলা হয়েছে, পাকিস্তানের প্রতি চীনের সামরিক সহায়তা বাড়তে থাকায় ভারতকে একই সঙ্গে দুই দিকের নিরাপত্তা ঝুঁকি মোকাবিলার প্রস্তুতি নিতে হতে পারে।

প্রতিবেদনে ২০২৫ সালের মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যকার সংঘাতের বিষয়টি উল্লেখ করা হয়েছে। ওই সময় জম্মু-কাশ্মীরের পহেলগামে পাকিস্তান-সমর্থিত সন্ত্রাসীদের হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত ‘অপারেশন সিঁদুর’ শুরু করে। কমিশনের মতে, ওই সংঘাত থেকে স্পষ্ট হয়েছে যে সরাসরি যুদ্ধে অংশ না নিয়েও সংকটের মুহূর্তে পাকিস্তানকে সামরিক সহায়তা দিতে পারে চীন। ভবিষ্যতে পাকিস্তানের সঙ্গে সংঘাতের পরিস্থিতিতে এই সম্ভাবনা ভারতের সামরিক কৌশল ও পরিকল্পনাকে আরও জটিল করে তুলতে পারে। কমিশনের প্রতিবেদনে ভারতকে বিশ্বের সর্বাধিক জনসংখ্যার দেশ, বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র, পারমাণবিক অস্ত্রধারী দেশ এবং অন্যতম শক্তিশালী সামরিক শক্তি হিসেবে বর্ণনা করা হয়েছে। সংস্থাটির মূল্যায়নে বলা হয়েছে, পশ্চিম প্রশান্ত মহাসাগর যুক্তরাষ্ট্র ও চীনের প্রতিযোগিতার অন্যতম প্রধান ক্ষেত্র হলেও স্থল ও সমুদ্র—উভয় ক্ষেত্রেই বেইজিংয়ের জন্য কৌশলগত প্রতিবন্ধকতা তৈরি করছে ভারত। 

চীনের সঙ্গে ভারতের বিরোধকে শুধু যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের পরিণতি হিসেবে দেখছে না কমিশন। প্রতিবেদনে বলা হয়েছে, এ প্রতিদ্বন্দ্বিতার পেছনে ভারতের নিজস্ব কৌশলগত স্বার্থ এবং স্বাধীনভাবে সিদ্ধান্ত গ্রহণের নীতি বা কৌশলগত স্বায়ত্তশাসনের প্রতিশ্রুতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এদিকে, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের প্রভাব মোকাবিলা এবং ভারত-যুক্তরাষ্ট্রের সামরিক সমন্বয় বাড়াতে মার্কিন কংগ্রেসের কাছে একটি সুপারিশ পেশ করেছে কমিশন। সুপারিশে বলা হয়েছে, মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ও জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যানকে তাঁদের ভারতীয় সমকক্ষদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে ভারত মহাসাগরজুড়ে সমুদ্রতল ও সামুদ্রিক কার্যক্রম পর্যবেক্ষণ এবং এ-সংক্রান্ত তথ্য সংগ্রহের সক্ষমতা বাড়ানোর নির্দেশ দেওয়া উচিত। 

সূত্র: উইয়ন নিউজ

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯