আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিলের ক্ষমতা পাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। সম্প্রতি সংশোধিত ইউনিয়ন পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালার ৩২ নম্বর বিধির উপবিধি (১) ও (২)-এ এ সংক্রান্ত বিধান যুক্ত করা হয়েছে। সংশোধিত বিধিমালার ৩২ নম্বর বিধির উপবিধি (১) অনুযায়ী, অন্য বিধানে ভিন্ন কিছু উল্লেখ থাকলেও কোনো উৎস থেকে পাওয়া নথি, রেকর্ড বা লিখিত প্রতিবেদনের ভিত্তিতে কমিশনের কাছে যদি মনে হয় যে চেয়ারম্যান বা সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতাকারী কোনো প্রার্থী কিংবা তাঁর নির্বাচনি এজেন্ট আচরণবিধির কোনো নিয়ম ভঙ্গ করেছেন অথবা তা করার চেষ্টা করেছেন, তাহলে কমিশন তাৎক্ষণিকভাবে বিষয়টি তদন্তের নির্দেশ দিতে পারবে।
অন্যদিকে, উপবিধি (২)-এ বলা হয়েছে, তদন্ত প্রতিবেদন পাওয়ার পর কমিশন যদি নিশ্চিত হয় যে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী, তাঁর নির্বাচনি এজেন্ট কিংবা তাঁদের নির্দেশনা বা প্রত্যক্ষ-পরোক্ষ সম্মতিতে অন্য কোনো ব্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠান আচরণবিধি লঙ্ঘন করেছেন বা লঙ্ঘনের চেষ্টা করেছেন, তাহলে লিখিত আদেশের মাধ্যমে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল করতে পারবে নির্বাচন কমিশন।