স্বর্ণ না কেনার আহ্বানে ভারতের নাগরিকেরা সাড়া দিয়েছেন বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার দাবি, জরুরি প্রয়োজন ছাড়া স্বর্ণ কেনা কমিয়ে দেওয়ায় দেশে এই মূল্যবান ধাতুর চাহিদা কমেছে এবং এর প্রভাব পড়েছে দামের ওপর। এমনকি অনেক নাগরিক তাকে জানিয়েছেন, তার আহ্বানে সাড়া দিয়ে তারা অর্থ সাশ্রয় করতে পেরেছেন।
শনিবার ২১ নভেম্বর লক্ষ্ণৌর গোমতী নগরের ইন্দিরা গান্ধী প্রতিষ্ঠানে আয়োজিত পঞ্চম জাতীয় দক্ষতা সমাবর্তনে বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন মোদি। এ সময় তিনি গত মে মাসে নাগরিকদের স্বর্ণ কেনা কমানোর আহ্বানের বিষয়টি তুলে ধরেন। মোদি বলেন, তিনি দেশবাসীকে এক বছরের জন্য জরুরি প্রয়োজন ছাড়া স্বর্ণ না কেনার অনুরোধ করেছিলেন। তার এই আহ্বানকে ১৯৬৫ সালের তীব্র খাদ্যসংকটের সময় তৎকালীন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর একবেলা খাবার ত্যাগের আহ্বানের সঙ্গে তুলনা করেন তিনি।
ভারতের প্রধানমন্ত্রী দাবি করেন, শাস্ত্রীর আহ্বানে যেভাবে সাধারণ মানুষ সাড়া দিয়েছিলেন, এখনো ভারতীয়দের মধ্যে সেই ধরনের মানসিকতা রয়েছে। তার ভাষ্য অনুযায়ী, একজন সাধারণ মানুষের অনুরোধ হিসেবেই নাগরিকেরা স্বর্ণ কেনা কমিয়েছেন। এতে চাহিদা কমার পাশাপাশি স্বর্ণের দামও কমেছে বলে দাবি করেন তিনি। গুডরিটার্নসের তথ্য অনুযায়ী, গত কয়েক মাসে ভারতে স্বর্ণের দামে উল্লেখযোগ্য পতন হয়েছে। গত ৯ মে দিল্লিতে ২৪ ক্যারেট স্বর্ণের দাম প্রতি গ্রাম ছিল ১৫ হাজার ২৫০ রুপি। বর্তমানে সেই দাম কমে দাঁড়িয়েছে ১২ হাজার ৫২৩ রুপিতে।
তবে স্বর্ণ কেনা কমানোর আহ্বানের পেছনে শুধু বাজারদর নিয়ন্ত্রণ নয়, ভারতের বৈদেশিক মুদ্রার ব্যয় কমানোর বিষয়টিও ছিল। মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় গত মে মাসে ভারতের বৈদেশিক মুদ্রার মজুতের ওপর চাপ তৈরি হয়েছিল। ওই পরিস্থিতিতে মোদি নাগরিকদের স্বর্ণ কেনা থেকে বিরত থাকার আহ্বান জানান। হায়দরাবাদের এক সমাবেশে তিনি বলেছিলেন, স্বর্ণ এমন একটি খাত, যেখানে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ব্যয় হয়। তাই জাতীয় স্বার্থে এক বছরের জন্য স্বর্ণ না কেনার সংকল্প নেওয়া প্রয়োজন।
এর পাশাপাশি জ্বালানি ব্যবহার কমানো, বাড়ি থেকে কাজ করা এবং বিদেশ ভ্রমণ সীমিত রাখারও আহ্বান জানিয়েছিলেন তিনি। পরে গত সেপ্টেম্বরে আবারও জরুরি প্রয়োজন ছাড়া স্বর্ণ না কেনার অনুরোধ জানান ভারতের প্রধানমন্ত্রী। এখন মোদির দাবি, তার সেই আহ্বানে নাগরিকদের সাড়া দেওয়ার ফলে স্বর্ণ কেনার প্রবণতা কমেছে এবং এতে অনেকের অর্থ সাশ্রয় হয়েছে।
সূত্র: এনডিটিভি।