বিমানবন্দরে সাধারণ তল্লাশির আড়ালে কীভাবে কোটি টাকার স্বর্ণ পাচারের চেষ্টা চলছিল? হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ৭ কেজি ৫০০ গ্রাম স্বর্ণের পেস্ট উদ্ধার করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১১ কোটি ৬৭ লাখ টাকা।
শনিবার ২১ নভেম্বর সকাল সাড়ে ১০টার দিকে বিমানবন্দরের আগমনী ২ নম্বর ক্যানোপির বহির্গমন এলাকায় অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তিন ব্যক্তি পালানোর চেষ্টা করলে এয়ারপোর্ট আর্মড পুলিশের সদস্যরা তাদের আটক করেন। পরে আটক ব্যক্তিদের মধ্যে মুন্সীগঞ্জের ইয়াছিন আরাফাত সৌরভের দেহ তল্লাশি করে কোমরে কমলা রঙের কাপড়ে মোড়ানো ১৫টি ডিম্বাকৃতির বস্তু পাওয়া যায়। পরবর্তী সময়ে স্বর্ণকারের পরীক্ষা ও রাসায়নিক বিশ্লেষণে সেগুলো স্বর্ণের পেস্ট বলে শনাক্ত হয়। উদ্ধার করা স্বর্ণের বিশুদ্ধতা ২৪ ক্যারেট। মোট ওজন প্রায় ৬৪৩ ভরি।
আটক অপর দুজন হলেন নোয়াখালীর জাকিরুল ইসলাম জুয়েল এবং কুমিল্লার শাওন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানতে পেরেছে, ইয়াছিন আরাফাত নিয়মিত সৌদি আরবে যাতায়াত করতেন। সেখান থেকে অভিনব কৌশলে স্বর্ণ এনে অপর দুই আটক ব্যক্তি এবং দেশে থাকা অজ্ঞাতনামা সহযোগীদের মাধ্যমে চোরাচালান করা হতো বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ চক্র দীর্ঘদিন ধরে বিমানবন্দরকেন্দ্রিক স্বর্ণ চোরাচালানে জড়িত বলে জানিয়েছে পুলিশ।
এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার অতিরিক্ত উপমহাপরিদর্শক মো. বশির আহমেদ জানান, কয়েক দিন ধরেই পেস্ট আকারে স্বর্ণ পাচারের চেষ্টার বিষয়ে গোয়েন্দা তথ্য পাওয়া যাচ্ছিল। সেই তথ্যের ভিত্তিতে নজরদারি বাড়িয়ে অভিযান চালানো হয়। এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। চক্রের সঙ্গে আরও কারা জড়িত, তা শনাক্ত করতে তদন্ত ও গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।