বিশ্ববাজারে সোনার দামে টানা পতনের বড় প্রভাব পড়েছে বাংলাদেশের বাজারেও। বছরের শুরুতে ইতিহাসের সর্বোচ্চ দামে সোনা কিনেছিলেন যারা, তাদের জন্য এখন পরিস্থিতি বেশ কঠিন। কারণ মাত্র কয়েক মাসের ব্যবধানে দেশের বাজারে সোনার দাম ভরিতে কমেছে প্রায় ৩৫ শতাংশ। ফলে এখন সেই সোনা বিক্রি করতে গেলে অনেক ক্রেতাকেই বড় অঙ্কের লোকসান গুনতে হচ্ছে। বিশ্ববাজারে গত ২০ নভেম্বর প্রতি আউন্স সোনার দাম নেমে দাঁড়ায় ৩ হাজার ৫১৯ ডলারে। এটি ২০২৫ সালের সেপ্টেম্বরের পর সর্বনিম্ন দাম। অথচ চলতি বছরের জানুয়ারিতে বিশ্ববাজারে প্রতি আউন্স সোনার দাম সর্বোচ্চ উঠেছিল ৫ হাজার ৫৯৫ ডলারে। অর্থাৎ মাত্র ১০ মাসে দাম কমেছে এক-তৃতীয়াংশেরও বেশি।
এর প্রভাব পড়েছে দেশের বাজারেও। চলতি মাসে কয়েক দফায় ২২ ক্যারেট সোনার দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। সব মিলিয়ে ভরিতে দাম কমেছে ৩৪ হাজার ৬৯০ টাকা। এর মধ্যে গত ২০ নভেম্বর এক দিনেই কমানো হয় ১০ হাজার ৯৫৪ টাকা। বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা। অথচ বছরের শুরুতে এক ভরি সোনা কিনতে খরচ হতো প্রায় ৩ লাখ ৩০০ টাকা। অর্থাৎ বছরের শুরু থেকে এখন পর্যন্ত ভরিতে দাম কমেছে ১ লাখ ৫ হাজার ৩৩৭ টাকা।
দেশের বাজারে ২২ ক্যারেট সোনার সর্বোচ্চ দাম উঠেছিল গত ২৯ জানুয়ারি। সেদিন এক ভরির দাম ছিল ২ লাখ ৮৬ হাজার ১ টাকা। পরবর্তী সময়ে সেই দাম নেমে আসে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকায়। শুধু ঘোষিত দরের হিসাবেই কমেছে প্রায় ৩২ শতাংশ। তবে ক্রেতার প্রকৃত খরচের হিসাব করলে পতনের পরিমাণ আরও বেশি। কারণ জানুয়ারিতে ঘোষিত দামের সঙ্গে ৫ শতাংশ ভ্যাট দিতে হতো। পরে ভ্যাটের নিয়ম পরিবর্তন হয়ে ভরিপ্রতি নির্দিষ্ট ২ হাজার ৫০০ টাকা করা হয়। ফলে জানুয়ারিতে এক ভরি সোনা কিনতে প্রকৃত খরচ হয়েছিল প্রায় ৩ লাখ ৩০০ টাকা। বর্তমানে খরচ ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা। অর্থাৎ প্রকৃত হিসাবে দাম কমেছে প্রায় ৩৫ শতাংশ। এর সঙ্গে অলংকার তৈরির মজুরি আলাদা।
এদিকে পুরোনো সোনা বিক্রির ক্ষেত্রেও নতুন নিয়ম করেছে জুয়েলার্স সংগঠন। পুরোনো অলংকার বিক্রি করলে এখন ১৮ শতাংশের পরিবর্তে ১৫ শতাংশ বাদ দেওয়া হবে। আর পুরোনো সোনা দিয়ে নতুন অলংকার কিনলে বাদ যাবে ৯ শতাংশ, আগে যা ছিল ১২ শতাংশ। এই হিসাবে বর্তমান দরে ২২ ক্যারেটের এক ভরি পুরোনো সোনা বিক্রি করলে পাওয়া যাবে প্রায় ১ লাখ ৬৫ হাজার ৭১৯ টাকা। অর্থাৎ জানুয়ারিতে প্রায় ৩ লাখ ৩০০ টাকায় এক ভরি সোনা কেনা ব্যক্তি এখন বিক্রি করলে প্রায় ১ লাখ ৩৪ হাজার ৫৮২ টাকা লোকসানে পড়তে পারেন। অর্থাৎ লোকসান প্রায় ৪৫ শতাংশ। অলংকার তৈরির মজুরি ধরলে ক্ষতির পরিমাণ আরও বাড়বে।
সোনার বাজারে দামের ওঠানামাও এখন বেশ ঘন ঘন হচ্ছে। চলতি বছরের ১৯ সেপ্টেম্বরের মধ্যেই ১১৬ বার দাম পরিবর্তন করেছে জুয়েলার্স সংগঠন। এর মধ্যে ৫৮ বার দাম বেড়েছে এবং ৫৮ বার কমেছে। শুধু নভেম্বরেই ২১ তারিখ পর্যন্ত ১২ বার দাম পরিবর্তন করা হয়েছে। সোনা সাধারণত নিরাপদ সঞ্চয় ও বিনিয়োগ হিসেবে বিবেচিত হলেও সর্বোচ্চ দামে কেনা হলে লোকসান কাটিয়ে উঠতে দীর্ঘ সময় লেগে যেতে পারে। তাই দাম কমছে দেখে তড়িঘড়ি করে বিনিয়োগ করা কিংবা আরও কমার আশঙ্কায় লোকসানে সোনা বিক্রি করে দেওয়া—দুই ক্ষেত্রেই সতর্ক থাকা জরুরি। বিশেষ করে বর্তমান বাজারে সোনার দাম যেভাবে দ্রুত পরিবর্তিত হচ্ছে, সেখানে সিদ্ধান্ত নেওয়ার আগে বাজারের গতিপ্রকৃতি ও নিজের আর্থিক অবস্থাও বিবেচনা করা প্রয়োজন।