একবার নয়, বারবার দেখা মিলছে বাঘের—এমন খবর ছড়িয়ে পড়ায় আবারও আতঙ্কে দিন কাটাচ্ছেন লালমনিরহাটের হাতীবান্ধার সীমান্ত এলাকার মানুষ। বাঘের সন্ধানে লাঠিসোঁটা হাতে বাঁশঝাড় ঘিরে তল্লাশিও চালিয়েছেন স্থানীয়রা। তবে দীর্ঘ সময় খোঁজাখুঁজি করেও সেখানে বাঘের কোনো সন্ধান মেলেনি।
রোববার ২২ নভেম্বর বিকেলে হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের আমঝোল গ্রামের সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। এলাকাটি আন্তর্জাতিক সীমান্ত পিলার ৯০৫-এর কাছাকাছি। স্থানীয় বাসিন্দারা জানান, কয়েক দিন ধরে একটি বাঁশঝাড় থেকে চিতাবাঘ বের হওয়ার খবর ছড়িয়ে পড়েছে। এরই মধ্যে আবারও বাঘ দেখা যাওয়ার কথা শুনে আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসী। খবর পেয়ে অনেকে লাঠিসোঁটা নিয়ে ঘটনাস্থলে ছুটে যান এবং একটি বাঁশঝাড় ঘিরে তল্লাশি শুরু করেন।
স্থানীয় বাসিন্দা মাসুদ রানা জানান, গত কয়েক দিন ধরে কয়েকজনের কাছ থেকে বাঁশঝাড়ের ভেতর থেকে বাঘ বের হওয়ার খবর পাওয়া যাচ্ছে। এ কারণে আশপাশের মানুষের মধ্যে ভয় তৈরি হয়েছে। আরেক বাসিন্দা জসিম উদ্দিন জানান, সীমান্তের কাছে একটি বাঁশবাগানে বাঘটি আশ্রয় নিয়েছে বলে তারা শুনেছেন। রোববার আবারও বাঘ বের হওয়ার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা লাঠিসোঁটা নিয়ে সেটিকে ধাওয়া করেন। একপর্যায়ে বাঘটি পালিয়ে যায় বলে স্থানীয়দের দাবি। এরপর আর সেটিকে দেখা যায়নি।
গোতামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোব্বেরুল হক মনা জানান, বাঘ বের হওয়ার চিৎকার শুনে স্থানীয় লোকজন লাঠিসোঁটা নিয়ে আমঝোল সীমান্তের একটি বাঁশঝাড় ঘিরে ফেলেন। সেখানে বেশ কিছু সময় তল্লাশি চালানো হলেও বাঘের কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে সবাই বাড়ি ফিরে যান।তবে বাঘের দেখা না মেলায় আতঙ্কও কাটছে না স্থানীয়দের। প্রায় এক মাস ধরে এই এলাকার মানুষ চিতাবাঘের ভয়ে উদ্বেগের মধ্যে রয়েছেন। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, সামনে দিয়ে শিয়াল গেলেও অনেকেই সেটিকে বাঘ ভেবে আতঙ্কিত হয়ে পড়ছেন।
এর আগে গত ২৫ অক্টোবর বিকেলে সীমান্ত এলাকার পাশে বাঁধা একটি ছাগল আনতে গিয়ে চিতাবাঘের মুখোমুখি হন শরীফা বেগম। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, তিনি দেখতে পান একটি চিতাবাঘ ছাগলটির ওপর আক্রমণ করেছে। ছাগলটি বাঁচাতে এগিয়ে গেলে বাঘটি তাঁর ওপরও হামলা চালায়। এ সময় নজরুল ইসলাম ও আফছার আলী এগিয়ে এলে তাদের ওপরও আক্রমণ করে বাঘটি। পরে সেটি পাশের একটি ধানক্ষেতে লুকিয়ে পড়ে। ওই ঘটনায় তিনজন আহত হন এবং পরে হাসপাতালে চিকিৎসা নেন।
ঘটনার পর ২৬ অক্টোবর চিতাবাঘটির সন্ধানে বন বিভাগের উচ্চপর্যায়ের বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে যায়। ২৬ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত কয়েক দিন ধরে এলাকায় অনুসন্ধান চালানো হলেও বাঘটির কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে অভিযান শেষ করে ঢাকায় ফিরে যায় বিশেষজ্ঞ দলটি। এখন আবারও বাঘ বের হওয়ার খবর ছড়িয়ে পড়ায় নতুন করে আতঙ্ক তৈরি হয়েছে হাতীবান্ধার সীমান্ত এলাকায়। তবে সর্বশেষ তল্লাশিত বাঁশঝাড়ে বাঘের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি।