দক্ষিণ লেবাননে একের পর এক বিস্ফোরণ—কেন হঠাৎ এই সামরিক তৎপরতা, আর এর পেছনে কী বার্তা দিচ্ছে ইসরায়েল? নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে লেবাননের সীমান্তবর্তী এলাকায়। সোমবার দক্ষিণ লেবাননের কান্তারা এলাকার উপকণ্ঠে বিস্ফোরক ব্যবহার করে একটি স্থাপনা ধ্বংস করেছে ইসরায়েলি বাহিনী। এর আগের দিন জাওতার আল-শারকিয়াহ এলাকায়ও বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে কাফার তিবনিতে আরও একটি বিস্ফোরণ ঘটানো হয়। এসব বিস্ফোরণের শব্দ দক্ষিণ লেবাননের বিস্তীর্ণ এলাকা থেকে শোনা গেছে।
এদিকে ইসরায়েলি দখলদারিত্বের প্রতিবাদে বিক্ষোভও হয়েছে। গত মার্চ থেকে লিতানি নদী পর্যন্ত বিস্তৃত এলাকায় ইসরায়েলি উপস্থিতি নিয়ে লেবানন সরকারের নীরবতার প্রতিবাদে নাবাতিয়েহ আল-ফাওকা ও জাওতারের বাসিন্দারা পৃথক কর্মসূচি পালন করেছেন। এর মধ্যেই দখলকৃত দক্ষিণাঞ্চলীয় সীমান্তবর্তী গ্রামের বাসিন্দাদের প্রতি সংহতি জানিয়েছেন লেবাননের পার্লামেন্ট স্পিকার নাবিহ বেরি। ২২ নভেম্বর দেশটির স্বাধীনতা দিবস উপলক্ষে কোনো শুভেচ্ছা গ্রহণ করবেন না বলে ঘোষণা দেন তিনি।
এক বিবৃতিতে বেরি এবারের স্বাধীনতাকে অসম্পূর্ণ ও অপূর্ণ বলে উল্লেখ করেন। তার বক্তব্য, লেবাননের ভূখণ্ড পুরোপুরি মুক্ত হওয়ার পাশাপাশি সরকার ও জনগণের অবস্থান আবারও ঐক্যবদ্ধ হলেই দেশটির স্বাধীনতা পূর্ণতা পাবে। দক্ষিণ লেবাননে একের পর এক বিস্ফোরণ, স্থানীয়দের বিক্ষোভ এবং রাজনৈতিক নেতাদের এমন বক্তব্য—সব মিলিয়ে অঞ্চলটিতে নতুন করে উত্তেজনা বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
সূত্র: মিডল ইস্ট আই