চলন্ত মালবাহী ট্রেন থামিয়ে কোটি কোটি টাকার পণ্য লুট! যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এমন এক সংঘবদ্ধ চক্রের সন্ধান পেয়েছে

মালবাহী ট্রেন থেকে নাইকির শতকোটি টাকার জুতা চুরি

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৩ নভেম্বর ২০২৬, দুপুর ২:৫২ সময় , আপডেট সময় : ২৩ নভেম্বর ২০২৬, দুপুর ২:৫২ সময়

চলন্ত মালবাহী ট্রেন থামিয়ে কোটি কোটি টাকার পণ্য লুট! যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এমন এক সংঘবদ্ধ চক্রের সন্ধান পেয়েছে পুলিশ, যারা দুই বছরের বেশি সময় ধরে একের পর এক মালবাহী ট্রেনে চুরি চালিয়েছে। চুরি হওয়া পণ্যের মোট মূল্য প্রায় ২ কোটি ৩০ লাখ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৭৫ কোটি টাকা। এ ঘটনায় এখন পর্যন্ত ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।


চুরি হওয়া ও উদ্ধার করা পণ্যের মধ্যে রয়েছে শত কোটি টাকার নাইকির জুতা, পাওয়ার টুলসসহ বিভিন্ন দামি ব্র্যান্ডের সামগ্রী। তদন্তকারীদের তথ্য অনুযায়ী, চুরি করা এসব পণ্য পরে চোরাবাজারে বিক্রি করা হতো। লস অ্যাঞ্জেলেস পুলিশ বিভাগের প্রধান জিম ম্যাকডোনেল ঘটনাটিকে রেলওয়ের ইতিহাসে সবচেয়ে বড় চুরি হিসেবে বর্ণনা করেছেন। মার্কিন বিচার বিভাগের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ফেব্রুয়ারি থেকে ২০২৬ সালের আগস্ট পর্যন্ত বিভিন্ন রুটে চলাচলকারী অন্তত ৩৬টি মালবাহী ট্রেনে চুরি চালিয়েছে এই চক্র।


চক্রটির চুরির পদ্ধতিও ছিল বেশ পরিকল্পিত। প্রধান অভিযুক্ত নাথান অ্যাঞ্জেলের নেতৃত্বে সদস্যরা চলন্ত ট্রেনের নির্দিষ্ট স্থানে গাড়ি ও ভ্যান নিয়ে অপেক্ষা করত। ট্রেন থামানোর জন্য তারা এর এয়ার হোস কেটে দিত। এতে ট্রেনের জরুরি ব্রেক সক্রিয় হয়ে সেটি হঠাৎ থেমে যেত। ট্রেন থামার পর দ্রুত কনটেইনারের তালা কেটে ভেতরে ঢুকত চক্রের সদস্যরা। এরপর দামি পণ্য ট্রাকে তুলে নিয়ে পালিয়ে যেত। চুরি করা মালামাল নিজেদের বাড়ি কিংবা গোপন আস্তানায় জমা রাখার পর সুযোগ বুঝে বিক্রি করত তারা।


তদন্তে আরও জানা গেছে, চক্রটি বিশেষভাবে নাইকির জুতা বহনকারী উচ্চমূল্যের ট্রেনগুলোকে লক্ষ্য করত। চুরি করা পণ্যের ছবি সম্ভাব্য ক্রেতাদের কাছে পাঠিয়ে বিক্রির ব্যবস্থা করা হতো। আদালতের নথি অনুযায়ী, চক্রের দুই সদস্য ফ্রেডি মারকুইনা ও কার্লোস লুইস ফার্নান্দো মার্তিনেজ ২০২৫ সালের মে থেকে অক্টোবরের মধ্যে লস অ্যাঞ্জেলেসভিত্তিক একটি জুতা ও পোশাক পুনর্বিক্রয় প্রতিষ্ঠানের কাছে ১০ লাখ ৮০ হাজার ডলারের বেশি মূল্যের নাইকি জুতা বিক্রি করেন।


তবে চক্রটির জন্য বড় বিপদ হয়ে দাঁড়ায় তাদের নিজেদেরই ধারণ করা ভিডিও। চুরির বিভিন্ন ধাপ, এমনকি চলন্ত ট্রেনের কনটেইনার কাটার দৃশ্যও তারা ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করত। এসব ভিডিও ও প্রযুক্তিগত তথ্যের সূত্র ধরে তদন্তকারীরা শেষ পর্যন্ত চক্রটির সদস্যদের শনাক্ত করেন। মার্কিন অ্যাটর্নি বিল এসাইলি জানিয়েছেন, ট্রেন থেকে পণ্য চুরি এবং জেনেশুনে চুরি করা পণ্য কেনা—দুই ধরনের অপরাধের বিরুদ্ধেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯