সাবেক সংসদ সদস্য মো. আজিজুল ইসলামকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারের পর তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) বিকেলে রাজধানীর লালমাটিয়ার একটি বাসা থেকে যশোর-৬ আসনের সাবেক এই সংসদ সদস্যকে আটক করা হয়। তার বিরুদ্ধে যশোরে একাধিক মামলা রয়েছে। ডিবির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) জিয়াউদ্দিন আহম্মেদ গণমাধ্যমকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৬ (কেশবপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন আজিজুল ইসলাম। ওই নির্বাচনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারকে পরাজিত করে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। আজিজুল ইসলাম এর আগে নিষিদ্ধ ছাত্রলীগের কেশবপুর উপজেলা শাখার যুগ্ম আহ্বায়কের দায়িত্বে ছিলেন। পরবর্তী সময়ে তিনি জেলা পরিষদের সদস্য হিসেবেও নির্বাচিত হন।