দেশের বিভিন্ন স্থানে গ্রামীণ ব্যাংকের প্রায় ১০০টি শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ করে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। এসব হামলা অবিলম্বে বন্ধ করা এবং ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।সোমবার (২৩ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান। বিবৃতিতে ড. মুহাম্মদ ইউনূস বলেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশে পরিকল্পিতভাবে অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনা ঘটছে। স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এসব ঘটনার সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্দেহভাজন নেতাকর্মীদের সংশ্লিষ্টতা রয়েছে। চট্টগ্রামে তাঁর নিজের বাড়িও হামলার লক্ষ্য হয়েছে বলে উল্লেখ করেন তিনি। তাঁর ভাষ্য, ওই বাড়ি থেকেই তাঁর কর্মজীবনের যাত্রা শুরু হয়েছিল, যা পরবর্তী সময়ে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠার দিকে এগিয়ে যায়। বর্তমানে তাঁর দুই ছোট ভাই তাঁদের পরিবারসহ সেখানে বসবাস করছেন। বিবৃতিতে তিনি গ্রামীণ ব্যাংকের ওপর ধারাবাহিক ও পরিকল্পিত হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। তাঁর মতে, গ্রামীণ ব্যাংক দরিদ্র মানুষের, বিশেষ করে নারীদের মালিকানাধীন একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত আর্থিক প্রতিষ্ঠান। ২০ বছর আগে নোবেল কমিটি প্রতিষ্ঠানটিকে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত করে। চলতি বছর ব্যাংকটির প্রতিষ্ঠার ৫০ বছর এবং নোবেল শান্তি পুরস্কার অর্জনের দুই দশক পূর্তি উদযাপন করা হচ্ছে।
ইউনূস বলেন, গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্রঋণ কার্যক্রম ও পদ্ধতি বিশ্বের বিভিন্ন দেশে অনুসরণ করা হয়েছে। দারিদ্র্য দূরীকরণে এ মডেল আন্তর্জাতিকভাবে প্রশংসিত। এর মাধ্যমে নারীরা দারিদ্র্য ও বঞ্চনা কাটিয়ে সম্মানজনক জীবন গড়ার সুযোগ পাচ্ছেন। পাশাপাশি অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ এবং সন্তানদের শিক্ষিত করে তোলার সক্ষমতাও অর্জন করছেন। তিনি জানান, বর্তমানে গ্রামীণ ব্যাংকের মোট ১ কোটি ১০ লাখ ঋণগ্রহীতার মধ্যে ৯৭ শতাংশই নারী। ব্যাংকটির ঋণ আদায়ের হার ৯৫ শতাংশের বেশি। এসব দরিদ্র নারীই প্রতিষ্ঠানটির মালিক। ফলে ব্যাংকের ওপর হামলা মূলত তাঁদের নিরাপত্তা, স্বাধীনতা এবং সন্তানদের ভবিষ্যৎকে হুমকির মুখে ফেলার শামিল। বিবৃতিতে বলা হয়, নভেম্বরের শুরু থেকে প্রায় প্রতিদিনই গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ করে হামলা চালানো হচ্ছে। এসব ঘটনার সময় ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার কথাও উল্লেখ করেন তিনি। শুধু নভেম্বর মাসেই দেশের প্রায় ১০০টি শাখায় একই ধরনের হামলা হয়েছে বলে বিবৃতিতে দাবি করা হয়। ইউনূসের ধারণা, হামলার ধরন দেখে মনে হচ্ছে, প্রতিদিন এ ধরনের ঘটনা ঘটানোর জন্য অপরাধীরা কোনো উচ্চপর্যায়ের নির্দেশনা পাচ্ছে। দরিদ্র প্রতিবেশীদের মূল্যবান সম্পদ ধ্বংস করার কাজে কিছু মানুষকে ব্যবহার করা হচ্ছে—এ দৃশ্য বিশ্ববাসী বিস্ময়ের সঙ্গে দেখছে বলেও মন্তব্য করেন তিনি। তাঁর ভাষ্য অনুযায়ী, এসব সম্পদের মালিক সেই নারীরা, যাঁরা নিজেদের ব্যবসা পরিচালনার জন্য গ্রামীণ ব্যাংক থেকে ঋণ নিয়েছেন এবং ব্যাংকের মুনাফার অংশ থেকেও লভ্যাংশ পেয়ে থাকেন।
তিনি আরও জানান, কয়েকটি ঘটনায় ব্যাংকের কর্মকর্তা ও ঋণগ্রহীতারা প্রাণঘাতী হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন। এসব সহিংসতা গ্রামাঞ্চলের লাখ লাখ নারীর মধ্যে আতঙ্ক তৈরি করেছে। তাঁদের কাছে গ্রামীণ ব্যাংক পরিবারের খরচ চালানো, সন্তানদের পড়াশোনা এবং দৈনন্দিন প্রয়োজন মেটানোর গুরুত্বপূর্ণ অবলম্বন। বিবৃতিতে বলা হয়, সহিংসতার ঘটনা শুধু গ্রামীণ ব্যাংকেই সীমাবদ্ধ থাকেনি। একই ধারাবাহিকতায় জুলাই গণ-অভ্যুত্থানে সামনের সারিতে নেতৃত্ব দেওয়া সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতেও আগুন দেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়। এ ছাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) তিন সংসদ সদস্যের বাড়ি এবং তিনটি থানায় অগ্নিসংযোগের ঘটনাও তুলে ধরেন তিনি। হামলাকারীরা মিথ্যা তথ্য ছড়িয়ে এসব কর্মকাণ্ডের পক্ষে যুক্তি দাঁড় করানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেন ইউনূস। তাঁর বক্তব্য, গ্রামীণ ব্যাংকের মালিকানা ও পরিচালনার দায়িত্ব তাঁর হাতে রয়েছে—এমন দাবি করা হলেও বাস্তবে ব্যাংকটির ৯০ শতাংশ শেয়ারের মালিক ঋণগ্রহীতারা এবং বাকি ১০ শতাংশের মালিক সরকার। তিনি জানান, ২০১১ সালে আওয়ামী লীগ সরকার তাঁকে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে সরিয়ে দেয়। এরপর থেকে ব্যাংকটির পরিচালনা কিংবা ব্যবস্থাপনার সঙ্গে তাঁর কোনো সম্পর্ক নেই। এমনকি প্রতিষ্ঠানটির কোনো শেয়ারের মালিকও তিনি নন এবং অতীতেও ছিলেন না।
বিবৃতিতে আরও জানানো হয়, গ্রামীণ ব্যাংক তাদের ১ কোটি ১০ লাখ মালিক, কর্মকর্তা-কর্মচারী এবং গুরুত্বপূর্ণ নথিপত্রের সুরক্ষা নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আনুষ্ঠানিকভাবে আরও জোরদার নিরাপত্তা চেয়েছে। এর উদ্দেশ্য হলো, দরিদ্র নারীদের জন্য ব্যাংকটির কার্যক্রম যেন কোনো বাধা ছাড়াই চালু রাখা যায়। ড. ইউনূস বলেন, দেশের প্রচলিত আইন অনুযায়ী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর পদক্ষেপ ও নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। যেসব এলাকায় হামলার ঘটনা ঘটেছে, সেখানে দ্রুত ব্যবস্থা নেওয়ায় তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। একই সঙ্গে প্রতিটি অপরাধীকে দ্রুত বিচারের মুখোমুখি করার আহ্বান জানান। তিনি বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত গ্রামীণ ব্যাংকের বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, যারা সর্বোচ্চ পর্যায় থেকে এসব হামলার পরিকল্পনা ও বাস্তবায়ন করছে, তাদের সঠিক পথে ফিরিয়ে আনতে সবাইকে ভূমিকা রাখতে হবে। বিবৃতির শেষাংশে ইউনূস বলেন, গ্রামীণ ব্যাংকের শাখায় হামলা কেবল একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রতিষ্ঠানের ওপর আঘাত নয়; বরং দারিদ্র্যমুক্ত বিশ্ব গঠন এবং কোটি মানুষের জীবনকে মর্যাদাপূর্ণ করার বৈশ্বিক উদ্যোগের ওপরও সরাসরি আঘাত। এ কারণে যারা এই উদ্যোগের গুরুত্ব উপলব্ধি করেন, তাঁদের সবাইকে অপরাধীদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি। বিবৃতিতে তিনি বলেন, দরিদ্র নারীদের এই ব্যাংককে রক্ষা করা সবার দায়িত্ব।