‘আপনার কি ডায়াবেটিস আছে?’‘নিশ্চিত নই, চিকিৎসক। কখনো পরীক্ষায় ডায়াবেটিস ধরা পড়েনি।’ ‘সর্বশেষ কখন রক্তে গ্লুকোজের মাত্রা পরীক্ষা করেছেন?’চিকিৎসকের

ডায়াবেটিস নিয়ন্ত্রণে স্বাস্থ্য-সাক্ষরতা বাড়ানো জরুরি

নিউজটি প্রতিবেদন করেছেন: স্টাফ রির্পোটার।

আপলোড সময় : ২৩ নভেম্বর ২০২৬, বিকাল ৭:১০ সময় , আপডেট সময় : ২৩ নভেম্বর ২০২৬, বিকাল ৭:১০ সময়
‘আপনার কি ডায়াবেটিস আছে?’
‘নিশ্চিত নই, চিকিৎসক। কখনো পরীক্ষায় ডায়াবেটিস ধরা পড়েনি।’ ‘সর্বশেষ কখন রক্তে গ্লুকোজের মাত্রা পরীক্ষা করেছেন?’

চিকিৎসকের চেম্বারে এ ধরনের প্রশ্নোত্তর এখন খুবই পরিচিত দৃশ্য। কোনো প্রাপ্তবয়স্ক ব্যক্তির স্বাস্থ্যগত অবস্থা মূল্যায়নের সময় ডায়াবেটিস আছে কি না, তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়। এর যথেষ্ট কারণও রয়েছে। রোগীর উপসর্গ বিশ্লেষণ, সম্ভাব্য জটিলতার ঝুঁকি নির্ধারণ, ওষুধ নির্বাচন কিংবা চিকিৎসার পরিকল্পনা—প্রতিটি ক্ষেত্রেই ডায়াবেটিসের উপস্থিতি গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। ডায়াবেটিস দীর্ঘস্থায়ী একটি অসংক্রামক বিপাকীয় রোগ। যথাযথভাবে নিয়ন্ত্রণ করা না গেলে দীর্ঘ মেয়াদে এটি শরীরে গুরুতর জটিলতা তৈরি করতে পারে। উদ্বেগের বিষয়, অনেক সময় কোনো স্পষ্ট লক্ষণ ছাড়াই রোগটি শরীরে বিস্তার লাভ করে। ফলে অনেকেই না জেনেই ডায়াবেটিস নিয়ে জীবনযাপন করছেন।

বাংলাদেশ জনমিতি ও স্বাস্থ্য জরিপ ২০২২-এর তথ্য ব্যবহার করে ২০২৫ সালে প্রকাশিত এক গবেষণায় ডায়াবেটিস শনাক্তকরণ ও চিকিৎসার ক্ষেত্রে উল্লেখযোগ্য দুর্বলতার চিত্র উঠে এসেছে। অন্যদিকে, আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশনের ২০২৫ সালের ডায়াবেটিস অ্যাটলাস অনুযায়ী, ২০২৪ সালে বাংলাদেশে ২০ থেকে ৭৯ বছর বয়সী প্রায় ১ কোটি ৩৯ লাখ মানুষ ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন। তাঁদের মধ্যে প্রায় ৩৯ দশমিক ১ শতাংশই জানতেন না যে তাঁরা এই রোগে ভুগছেন। তবে শুধু রোগ শনাক্ত করলেই দায়িত্ব শেষ হয় না। প্রয়োজন নিয়মিত চিকিৎসা, কার্যকর রোগ নিয়ন্ত্রণ এবং দীর্ঘমেয়াদি সহায়তা নিশ্চিত করা। এখানে মূলত দুটি বড় বিষয় সামনে আসে। প্রথমত, যারা নিজেদের রোগ সম্পর্কে অবগত নন, তাঁদের শনাক্ত করা। দ্বিতীয়ত, যাঁদের ডায়াবেটিস শনাক্ত হয়েছে, তাঁদের রোগটি নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনীয় সহায়তা দেওয়া।

বর্তমান তথ্যপ্রযুক্তির সময়ে সমস্যাটি আরও জটিল হয়ে উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে স্বাস্থ্যসংক্রান্ত তথ্য পাওয়া আগের তুলনায় অনেক সহজ হয়েছে। কিন্তু এসব তথ্যের সবই নির্ভরযোগ্য নয়। অতিরঞ্জিত দাবি, অসম্পূর্ণ চিকিৎসা পরামর্শ এবং কৃত্রিম বুদ্ধিমত্তার দেওয়া ভুল তথ্য অনেক সময় মানুষকে বিভ্রান্ত করছে। এ অবস্থায় স্বাস্থ্য-সাক্ষরতার প্রয়োজনীয়তা আরও স্পষ্ট হয়ে উঠেছে। স্বাস্থ্য বিষয়ে তথ্য পাওয়া যেমন জরুরি, তেমনি সঠিক তথ্য খুঁজে বের করা, তার অর্থ বোঝা, নির্ভরযোগ্যতা যাচাই করা এবং প্রয়োজন অনুযায়ী কাজে লাগানোর দক্ষতাও থাকতে হবে। একজন ডায়াবেটিস রোগীর ক্ষেত্রে স্বাস্থ্য-সাক্ষরতার অর্থ হলো রক্তে গ্লুকোজ পরীক্ষার ফলাফল বুঝতে পারা, চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধের ধরন বা মাত্রা পরিবর্তন করা কেন ঝুঁকিপূর্ণ তা জানা, খাবারদাবার নিয়ে বাস্তবসম্মত সিদ্ধান্ত নেওয়া এবং কোন পরিস্থিতিতে চিকিৎসকের শরণাপন্ন হওয়া প্রয়োজন, তা উপলব্ধি করা। এ ছাড়া চিকিৎসকের কোনো পরামর্শ বুঝতে অসুবিধা হলে প্রশ্ন করা এবং নিজের শারীরিক সমস্যার কথা স্পষ্টভাবে জানানোও স্বাস্থ্য-সাক্ষরতার গুরুত্বপূর্ণ অংশ।

তবে স্বাস্থ্য-সাক্ষরতা বাড়ানোর দায়িত্ব শুধু রোগীর ওপর ছেড়ে দেওয়া যায় না। চিকিৎসাব্যবস্থারও এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। চিকিৎসাবিজ্ঞানের কঠিন শব্দ, রোগী দেখার জন্য পর্যাপ্ত সময়ের অভাব এবং অস্পষ্ট নির্দেশনার কারণে অনেক রোগী নিজের করণীয় সম্পর্কে পরিষ্কার ধারণা পান না। এ ছাড়া চিকিৎসার খরচ, প্রয়োজনীয় পরীক্ষা করানোর সীমিত সুযোগ এবং দৈনন্দিন জীবনের নানা প্রতিবন্ধকতাও চিকিৎসকের পরামর্শ অনুসরণে বাধা হয়ে দাঁড়ায়। তাই স্বাস্থ্য-সাক্ষরতা উন্নয়নে রোগী ও স্বাস্থ্যসেবা প্রদানকারী—উভয় পক্ষের মধ্যে কার্যকর যোগাযোগ প্রয়োজন। মানুষকে স্বাস্থ্যসংক্রান্ত তথ্য ব্যবহারের সক্ষমতা অর্জন করতে হবে, পাশাপাশি স্বাস্থ্যব্যবস্থাকেও এমনভাবে তথ্য ও পরামর্শ দিতে হবে, যাতে রোগীরা সহজে বুঝতে পারেন এবং বাস্তব জীবনে তা অনুসরণ করতে পারেন। ২০২৬ সালে কুষ্টিয়ায় হাসপাতালভিত্তিক ৪৬৫ জন প্রাপ্তবয়স্ক ডায়াবেটিস রোগীর ওপর পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, তাঁদের ৭২ দশমিক ৭ শতাংশের স্বাস্থ্য-সাক্ষরতার মাত্রা অপর্যাপ্ত। আরও ১৬ দশমিক ৩ শতাংশের ক্ষেত্রে তা ত্রুটিপূর্ণ ছিল। যদিও এই গবেষণার ফলাফল দিয়ে সারা দেশের পরিস্থিতি পুরোপুরি বোঝা সম্ভব নয়, তবু এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে এনেছে—রোগীরা স্বাস্থ্যসংক্রান্ত যে তথ্য পাচ্ছেন, তা কতটা বুঝতে পারছেন এবং নিজেদের চিকিৎসায় কতটা কাজে লাগাতে পারছেন? এই পরিস্থিতি উন্নয়নে চিকিৎসাসেবার কিছু বাস্তব পরিবর্তন প্রয়োজন। স্বাস্থ্যকর্মীদের উচিত জটিল চিকিৎসাবিষয়ক শব্দ এড়িয়ে সহজ ভাষায় রোগীদের সঙ্গে কথা বলা। একসঙ্গে অনেক নির্দেশনা না দিয়ে ধাপে ধাপে বিষয়গুলো বুঝিয়ে দেওয়া যেতে পারে। পাশাপাশি রোগী বাড়িতে গিয়ে কীভাবে চিকিৎসকের পরামর্শ অনুসরণ করবেন, তা তাঁকে দিয়ে আবার বলিয়ে নেওয়া যেতে পারে। এতে রোগী নির্দেশনাগুলো কতটা বুঝেছেন, তা যাচাই করা সহজ হবে।

চিকিৎসকের সঙ্গে আলোচনায় শুধু রোগ শনাক্তকরণ বা ওষুধের নাম জানার মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। রোগ নিয়ন্ত্রণের দৈনন্দিন বিষয়গুলোও গুরুত্ব পেতে হবে। খাদ্যাভ্যাস, নিয়মিত শারীরিক পরিশ্রম বা ব্যায়াম, রক্তে গ্লুকোজ পরীক্ষা এবং চিকিৎসা চালিয়ে যাওয়ার মতো বিষয়গুলোতে একসঙ্গে অনেক পরিবর্তনের লক্ষ্য নির্ধারণ না করে ছোট ছোট ধাপে এগোনো ভালো। এতে রোগীর পক্ষে নতুন অভ্যাসগুলো মেনে চলা সহজ হতে পারে। স্বাস্থ্য-সাক্ষরতা বাড়ানোর উদ্যোগ চিকিৎসকের চেম্বারের মধ্যেই সীমাবদ্ধ রাখা উচিত নয়। পরিবারের সদস্যরা স্বাস্থ্যকর জীবনযাপনে উৎসাহ দিতে পারেন। কমিউনিটি পর্যায়ের স্বাস্থ্যকর্মীরা রোগ শনাক্তকরণ, চিকিৎসা গ্রহণ এবং পরবর্তী সেবার সঙ্গে মানুষকে যুক্ত করতে পারেন। একইভাবে কর্মক্ষেত্র ও সামাজিক সংগঠনগুলোও স্বাস্থ্যসম্মত পরিবেশ তৈরিতে ভূমিকা রাখতে পারে। মেডিকেল, নার্সিংসহ স্বাস্থ্যসংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সচেতনতামূলক প্রচার ও কমিউনিটিভিত্তিক কার্যক্রমে অংশ নিতে পারেন। এসব উদ্যোগে তাঁরা স্বেচ্ছাসেবী হিসেবে কিংবা শিক্ষাকার্যক্রমের অংশ হিসেবেও যুক্ত হতে পারেন। অন্যদিকে, গণমাধ্যমের দায়িত্ব হলো সহজবোধ্য ও তথ্যপ্রমাণনির্ভর স্বাস্থ্যতথ্য মানুষের কাছে পৌঁছে দেওয়া। বাংলা এবং স্থানীয়ভাবে প্রচলিত অন্যান্য ভাষায় স্বাস্থ্যসংক্রান্ত তথ্য সহজলভ্য করাও জরুরি। পাশাপাশি চিকিৎসাসেবা যেন মানুষের আর্থিক সামর্থ্যের মধ্যে থাকে এবং ভৌগোলিকভাবেও সহজে পাওয়া যায়, তা নিশ্চিত করতে হবে।

বাংলাদেশে ডায়াবেটিসের চিকিৎসা ও নিয়ন্ত্রণে তাই সমন্বিত উদ্যোগ প্রয়োজন। আশার বিষয়, শুধু ডায়াবেটিস নয়, সামগ্রিকভাবে অসংক্রামক রোগ (এনসিডি) প্রতিরোধ ও নিয়ন্ত্রণে বহুখাতভিত্তিক উদ্যোগের ক্ষেত্রে ইতোমধ্যে কিছু অগ্রগতি হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর ২০১৮–২০২৫ মেয়াদের জন্য ‘অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে বহুখাতভিত্তিক কর্মপরিকল্পনা’ গ্রহণ করে এ ক্ষেত্রে একটি নীতিগত ভিত্তি তৈরি করেছিল। পরিকল্পনাটিতে বিভিন্ন খাতের মধ্যে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দেওয়া হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশে অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে বহুখাতভিত্তিক উদ্যোগ গ্রহণের লক্ষ্যে ২০২৫ সালের ২০ আগস্ট ৩৫টি মন্ত্রণালয় ও বিভাগ একটি যৌথ ঘোষণায় স্বাক্ষর করে। এর মাধ্যমে সরকার সব মন্ত্রণালয় ও বিভাগের অংশগ্রহণে সমন্বিত উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে। এরপর ২০২৬ সালের জানুয়ারিতে মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনের মাধ্যমে একটি উচ্চপর্যায়ের সমন্বয় কমিটি গঠন করা হয়। একই বছরের ২২ জুন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় সব মন্ত্রণালয় ও বিভাগকে বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়। এর মধ্যে ছিল জ্যেষ্ঠ কর্মকর্তাদের ফোকাল পয়েন্ট হিসেবে দায়িত্ব দেওয়া, পরিমাপযোগ্য সূচক ও সময়সীমা নির্ধারণ, খাতভিত্তিক কর্মপরিকল্পনা তৈরি এবং নিয়মিত তদারকির পাশাপাশি বার্ষিক অগ্রগতি প্রতিবেদন প্রকাশ করা। তবে গত জুনে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, বাংলাদেশে অসংক্রামক রোগ মোকাবিলায় বহুখাতভিত্তিক কর্মপরিকল্পনা বাস্তবায়নে যথাযথ সমন্বয়ের ঘাটতি রয়েছে এবং পর্যাপ্ত অর্থায়নও নিশ্চিত হয়নি। সংস্থাটির প্রতিবেদনে নীতিগত অঙ্গীকার ও বাস্তবায়নের মধ্যে স্পষ্ট ব্যবধানের বিষয়টিও তুলে ধরা হয়।

এখন নীতিনির্ধারকদের প্রধান দায়িত্ব হওয়া উচিত এসব প্রতিশ্রুতিকে পর্যাপ্ত অর্থায়নের মাধ্যমে বাস্তব কর্মসূচিতে রূপ দেওয়া। পাশাপাশি স্বচ্ছ ও নিরপেক্ষ তদারকি নিশ্চিত করা এবং অগ্রগতির তথ্য নিয়মিতভাবে জনসমক্ষে প্রকাশ করা প্রয়োজন। বিশেষ করে ডায়াবেটিস প্রতিরোধের ক্ষেত্রে বিদ্যমান সমন্বয় কাঠামোর আওতায় স্বাস্থ্য-সাক্ষরতা বৃদ্ধি, কমিউনিটিভিত্তিক রোগ শনাক্তকরণ, সহজলভ্য স্বাস্থ্যতথ্য এবং আক্রান্ত ব্যক্তিদের দীর্ঘমেয়াদি সহায়তার বিষয়গুলোকে অগ্রাধিকার দিতে হবে। ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণকে শুধু চিকিৎসাব্যবস্থার একক দায়িত্ব হিসেবে বিবেচনা করা ঠিক হবে না। এটি সামগ্রিক জনস্বাস্থ্যের সঙ্গে যুক্ত একটি যৌথ অঙ্গীকার। সমন্বিত ও বহুখাতভিত্তিক কার্যক্রমের মাধ্যমেই দেশের অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণের বিদ্যমান কাঠামো আরও শক্তিশালী করা সম্ভব। এই জাতীয় কাঠামোর অংশ হিসেবে ডায়াবেটিস চিকিৎসায় স্বাস্থ্য-সাক্ষরতা বৃদ্ধির বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিতে হবে। এর উদ্দেশ্য কেবল ডায়াবেটিস সম্পর্কে মানুষের সচেতনতা বাড়ানো নয়; বরং সঠিক তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া, রোগ নিয়ন্ত্রণে রাখা এবং দীর্ঘমেয়াদি জটিলতা প্রতিরোধে মানুষকে সক্ষম করে তোলাই হওয়া উচিত।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯