মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা, কিলো ফ্লাইটের সদস্য এবং তাঁদের উত্তরসূরিদের সম্মাননা জানানো হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে বিএএফ শাহীন হলে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সশস্ত্র বাহিনী দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কিলো ফ্লাইটের সদস্যসহ মোট ৩৬ জনকে সংবর্ধিত করেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে বিমান বাহিনী প্রধান মহান মুক্তিযুদ্ধে শহীদ হওয়া বীর সেনানী ও মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি জানান, মুক্তিযুদ্ধের সময় মাত্র তিনটি উড়োজাহাজ নিয়ে বাংলাদেশ বিমান বাহিনীর কার্যক্রম শুরু হয়েছিল। সেই বাহিনী বর্তমানে আধুনিক যুদ্ধবিমান, পরিবহন উড়োজাহাজ, হেলিকপ্টার, বিভিন্ন ধরনের রাডার, ক্ষেপণাস্ত্র এবং ওভারহলিং প্রযুক্তিতে সমৃদ্ধ হয়েছে।
বিমান বাহিনীর পরিচালনাগত ও প্রশাসনিক সক্ষমতা আরও বাড়ানোর লক্ষ্যে বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এর মধ্যে অনেকগুলো প্রকল্প ইতোমধ্যে সফলভাবে সম্পন্ন হয়েছে। তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধে খেতাব অর্জনকারী বিমান বাহিনীর সদস্য এবং কিলো ফ্লাইটের যোদ্ধাদের বীরত্বপূর্ণ ভূমিকা ও আত্মত্যাগ বর্তমান প্রজন্মের বিমানসেনাদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করে। অনুষ্ঠান শেষে বিমান বাহিনী প্রধান সংবর্ধিত অতিথিদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন এবং তাঁদের হাতে উপহার তুলে দেন। এ সময় বিমান বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার, ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বিভিন্ন ঘাঁটির বিমানসেনারা উপস্থিত ছিলেন।